হরতাল চলাকালীন সময়ে আদালতে মামলার শুনানী করায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আফজালুল হকের সদস্যপদ স্থগিত করা হয়েছে। আগামী রবিবার থেকে তিনি আর আইনজীবী হিসেবে আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না। আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম রেজা ডালিম জানান, দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় আগে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, পূর্ণদিবস হরতালের দিন কোনো আইনজীবী আদালতে মামলার শুনানীতে অংশ নিতে পারবেন না। সেই সিদ্ধান্ত অমান্য করে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আফজালুল হক গতকাল বুধবার একটি মামলায় আদালতে শুনানী করেন। এর ফলে তিনি আইনজীবী সমিতির সিদ্ধান্ত অমান্য করেছেন। এজন্য আজ বৃহস্পতিবার সমিতির নির্বাহী পরিষদের সভার সিদ্ধান্তক্রমে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি থেকে অ্যাডভোকেট আফজালুল হকের সদস্যপদ স্থগিত, ওকালতনামা থেকে নাম বাদ দেওয়া এবং আদালতের যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এসব বিষয় আজ বৃহস্পতিবারই জেলা জজ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। একইসঙ্গে অ্যাডভোকেট আফজালুল হককে আদালতের কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখার জন্য নির্দেশ প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়।
এ ব্যাপারে অ্যাডভোকেট আফজালুল হক জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তে বিষয়টি অবহিত হয়েছেন বলে জানান।

























































