পূর্বাশা ডেস্ক : আগামী বছরের শুরুতেই ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের ব্যাপারে সবুজ সংকেত দিলেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে এ নির্বাচন আয়োজনের নির্দেশ দেন শেখ হাসিনা। এসময় মন্ত্রিপরিষদের একজন সদস্য নির্বাচনের জয় পরাজয় নিয়ে কথা তুললে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে জয় পরাজয় বড় কথা নয়। মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে। নির্বাচনই বড় কথা। প্রধানমন্ত্রীর এ বক্তব্যে জোর সমর্থন দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল্লাহ কাদের।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সরকার এমন এক সময়ে ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন দিতে যাচ্ছে যখন বিরোধীদলগুলো সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করতে যাচ্ছে। ঢাকার দুইটি সিটি কর্পোরেশন নির্বাচন হলে বিরোধীদলের পক্ষ থেকে যে চলো চলো ঢাকা চলো বা হরতাল কর্মসূচির মত কর্মসূচি দেয়ার চিন্তা করা হচ্ছে তা সফল হবে না। বিরোধীদলগুলো আন্দোলন করবে না ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন সামলাবে তা দেখতে চায় সরকার।
দীর্ঘদিন ধরে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে না আইনী জটিলতায়। এরপর সরকার ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করেন। সরকারের বিরোধী পক্ষের অভিযোগ নির্বাচনে জিততে পারবে না বলেই এ দুই সিটি কর্পোরেশনের নির্বাচন দিতে চাচ্ছে না সরকার।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০১৪ অনুমোদন উত্থাপন প্রসঙ্গে আলোচনা হয়। এ আলোচনায় ঢাকা সিটি কর্পোরেশন দুটির প্রশাসকের মেয়াদ ৬ মাসের পরিবর্তে ১ বছর করার সিদ্ধান্ত হয়। যদিও এর বিরোধীতা করেন পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী। তবে তা ধোপে টেকেনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল হক এ প্রসঙ্গে বলেন, ঢাকার দুটি সিটি কর্পোরেশনের নির্বাচন না হলে জনগণের কাছে ভুল ম্যাসেজ চলে যেতে পারে। তাই নির্বাচনের আয়োজন করা উচিত। তার এ বক্তব্যে সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী আগামী বছরের শুরুতেই এ নির্বাচনের আয়োজনের নির্দেশ দেন।























































