ডেস্ক রিপোর্ট :
নির্বাচন কমিশনের প্রস্তুতি বিবেচনা না করেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নির্বাচন কমিশন সূত্র বলছে, এখনও ডিসিসি নির্বাচনের জন্য প্রস্তুত নয় কমিশন। জানুয়ারি মাসেও নির্বাচন করা সম্ভব নয়।
কমিশন সূত্র বলেছে, দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সীমানা নির্ধারণের কাজ চলছে। ভোটার তালিকা সম্পন্ন হয়নি। হালনাগাদ করা হচ্ছে তালিকা। সব মিলিয়ে দুই সিটি কর্পোরেশনের নির্বাচন করার জন্য এখনও নির্বাচন কমিশনের পুরোপুরি প্রস্তুতি নেই। তা না থাকলেও মন্ত্রিপরিষদের সোমবারের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে ২০১৫ সালের প্রথম প্রান্তিকে দুই সিটি করপোরেশনে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরার ১১ থেকে ১৪ নম্বর সেক্টরের সীমানা নির্ধারণ করতে হবে। দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের সীমানা নিয়ে জটিলতা রয়েছে। সেটাও নিরসন করা হচ্ছে।
সূত্র জানায়, আগামি সাড়ে তিনমাসের মধ্যে সীমানা নির্ধারণ-সংক্রান্ত জটিলতা শেষ না হলে নির্বাচন করা কঠিন হয়ে যাবে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের তফসিল ঘোষণার জন্যও সময়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেছেন, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন জানুয়ারিতে করা সম্ভব হবে না। এই নির্বাচন করার জন্য সময় প্রয়োজন।
জানুয়ারিতে দুই সিটি করপোরেশনে নির্বাচন হবে এমন খবর ছড়িয়ে পড়ায় মঙ্গলবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সিইসি এ ব্যাপারে তার কমিশনের বর্তমান অবস্থান তুলে ধরেন। জানুয়ারিতে কমিশনের পক্ষে নির্বাচন করা সম্ভব কিনা এমন কথা কেউ কেউ তার কাছে জানতে চেয়েছেন। এতে তিনি কিছুটা বিস্মিত হয়েছেন। তিনি পাল্টা প্রশ্ন করেছেন, ‘জানুয়ারির মধ্যে নির্বাচন কেন করব? সময় দিতে হবে। সীমানা নির্ধারণ, ভোটার তালিকা মুদ্রণ ও তফসিল ঘোষণার জন্য সময় লাগবে। আমাদের অনেক আগে থেকেই প্রস্তুতি রয়েছে। তারপরও কিছু জটিলতা কাটানো সম্ভব হয়নি। দুই সিটি করপোরেশনে সীমানা-সংক্রান্ত জটিলতা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় দ্রুত সীমানা পুনর্নির্ধারণ করার জন্য কমিশনের কাছে অনুরোধ করতে পারে। সব সমস্যা কাটিয়ে উঠতে পারলে দ্রুত নির্বাচন করতে চায় কমিশন। বর্তমানে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। এটা শেষ হয়নি। এখন নির্বাচন করলে পুরান ভোটার তালিকা দিয়ে করতে হবে। সেটা করলে ৫ লাখ নতুন ভোটার ভোট দিতে পারবে না।’
সূত্র জানায়, সরকার মার্চ মাসের মধ্যে নির্বাচন করার জন্য সময় ঠিক করলেও কমিশন বিভিন্ন দিক বিবেচনা করছে। এরমধ্যে পাবলিক পরীক্ষার বিষয়টি রয়েছে। পাবলিক পরীক্ষা নির্বাচনের সময় হবে না- এমনটি নিশ্চিত করার পরই তফসিল দেওয়া হবে। কমিশন কখনও পরীক্ষা চলাকালে নির্বাচন করে না।























































