প্রতিবেদনে র্যাব আরও বলেছে, ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার কারণেই কাউন্সিলার নূর হোসেন কাউন্সিলার নজরুল ইসলামকে অপহরণ ও খুনের পরিকল্পনা করেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল ও ১ মে শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।
সাত খুনে জড়িত বলে অভিযোগ আসায় গত ৫ মে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে র্যাব-১১ এর ওই তিন কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দেন এবং র্যাবকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেন। র্যাবের কোনো সাবেক বা বর্তমান সদস্যের সংশ্লিষ্টতা আছে কি-না তা খতিয়ে দেখতে ওই তদন্তের নির্দেশ দেন আদালত।
তারই পরিপ্রেক্ষিতে গ্রেফতার হন তারেক সাঈদ, রানা ও আরিফ। এর আগেই তিনজনকে নারায়ণগঞ্জ র্যাব থেকে সরিয়ে এনে সামরিক বাহিনী থেকে অবসরে পাঠানো হয়।
হাইকোর্টের নির্দেশে ৮ মে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি আফতাব উদ্দিনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে র্যাব। কমিটির অপর সদস্যরা ছিলেন র্যাব-১০ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারওয়ার, মেজর মোহাম্মদ সাদিক ও এসপি সাজ্জাদ। কমিটি সাত মাস ধরে তদন্ত চালিয়ে তাদের প্রতিবেদন চূড়ান্ত করেছেন।
র্যাব জানায়, কমিটি এই দীর্ঘ তদন্তকাজে শতাধিক র্যাব কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সাধারণ মানুষ, প্রত্যক্ষদর্শী, ঘটনার শিকার সাত জনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। এছাড়াও সাত জনকে অপহরণের পর খুন করার আগে সেসব স্থানে নিয়ে যাওয়া হয় সেগুলো সরেজমিন পরিদর্শন করে তথ্য ও আলামত নিয়েই তার ভিত্তিতে তদন্ত প্রতিবেদন সম্পন্ন করে তদন্ত কমিটি।























































