শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তরিকুল-আব্বাসকে আন্দোলনের নির্দেশনা তারেকের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৪

tarq

পূর্বাশা ডেস্কঃ

নতুন বছরের আন্দোলন-রূপরেখা তৈরি করতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দু’সদস্য তরিকুল ইসলাম ও মির্জা আব্বাসের সঙ্গে পরামর্শ করেছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। গত এক সপ্তায় দুই নেতার সঙ্গে কয়েকদফা ফোনালাপ করেছেন তিনি। নতুন বছরের মার্চের মধ্যেই সরকারকে কীভাবে ‘জনধাক্কা’ দেওয়া যায়, তার একটি ছকও তৈরি করতে বলা হয়েছে দু’নেতাকে। লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ঘনিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য।

সূত্রমতে, আন্দোলনের নতুনপর্বের রূপরেখা তৈরির ক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষা করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ‘একান্ত-বিশ্বস্ত’ নেতা ছাড়া কারও সঙ্গেই তিনি আন্দোলন রূপরেখা বিষয়ে পরামর্শ করছেন না। রূপরেখা তৈরির ক্ষেত্রে তারেক রহমানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের দায়িত্ব দিয়েছেন তিনি। সেই আলোকেই ‘বিশ্বস্ত’ নেতাদের সঙ্গে কথা বলছেন তারেক রহমান।

এর অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন তিনি। কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও। মূলত: তাদের সঙ্গে কথা বলে ঢাকা মহানগরসহ সারাদেশের বিএনপির সাংগঠনিক শক্তির একটি ধারনাপত্র তৈরি করেছেন তারেক রহমান। এখন কাজ করছেন আন্দোলনের ছক তৈরির জন্য। সেক্ষেত্রে তরিকুল ইসলাম ও মির্জা আব্বাসের ওপর ভরসা আছে তার।

সূত্রগুলো জানিয়েছে, তারেক রহমানের সঙ্গে পরামর্শ করে অনেক আগেই বিএনপির সারাদেশের সাংগঠনিক শক্তির একটি ‘গোপনচিত্র’ তৈরি করেছেন তরিকুল ইসলাম। সরকারবিরোধী আন্দোলনে কোন্ জেলায় কার ওপর ভরাসা রাখা যায়, তার একটি তালিকাও আছে তরিকুলের কাছে। সরকারের গ্রেফতার অভিযানে তালিকাভুক্ত নেতারা ধরাশায়ী হলে বিকল্প হিসেবে কারা দায়িত্ব পালন করবেন, সেই তালিকাও তৈরি করেছেন তিনি। এজন্য সরকারবিরোধী আসন্ন আন্দোলনে সারাদেশের ছক তৈরির দায়িত্ব তরিকুলকেই দিতে চাচ্ছেন তারেক রহমান। এজন্য চেয়ারপারসন খালেদা জিয়ারও সম্মতি রয়েছে। অন্যদিকে, ঢাকার আন্দোলন জমানোর জন্য আব্বাসকেই আপাতত ‘শ্রেয়’ মনে করছেন তারেক। সেজন্যই ঢাকার রাজপথ নিয়ন্ত্রণের দায়িত্ব আব্বাসকেই নিতে বলেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান।

তারেক রহমানের সঙ্গে ফোনালাপ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তিনি এই প্রতিবেদককে বলেছেন, দলের নেতার সঙ্গে নেতার কথা হবে, এটা অস্বাভাবিক নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির আন্দোলনে নয়, জনআন্দোলনেই সরকার সরে যেতে বাধ্য হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি