শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পূর্ববর্তী


নির্বাচনে যেতে খালেদার ৭ প্রস্তাব


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৪

Khaleda_zia_tv_bg_255995177
 পূর্বাশা ডেস্কঃ:

দেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের কাছে ৭টি প্রস্তাব পেশ করেছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ৭টি প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, দেশে যে শ্বাসরূদ্ধকর অবস্থার সৃষ্টি হয়েছে সে অবস্থার অবসান ঘটানো না গেলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

এই সংকট উত্তরণে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে ৭টি প্রস্তাব উপস্থাপন করা হলো।

১. জাতীয় সংসদের নির্বাচন অবশ্যই একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে। যাতে সকল দল নির্বাচনে অংশ নিতে পারে এবং সবার জন্য সুযোগের সমতা তৈরি হয়।

২. নির্বাচন ঘোষণার আগেই প্রতিদ্বন্দ্বী সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সৎ ও দক্ষ ব্যক্তির সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। যাতে জনপ্রতিনিধিত্ব আদেশের পরিবর্তন করা যায়।

৩. নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে জাতীয় সংসদ ও মন্ত্রিসভা বিলুপ্ত হবে এবং প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর সম্মতিক্রমে নির্দলীয় নিরপেক্ষ সরকার দায়িত্বগ্রহণ করবে।

৪. নির্বাচন উপযোগী শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারিখ ঘোষণার পরপরেই বেসামরিক প্রশাসনের সহায়তায় মেজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সরাদেশে সশস্ত্র বাহিনী নিয়োগ করতে হবে।

৫. নির্বাচনী প্রচারাভিযান শুরুর আগেই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালাতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে পক্ষপাতদুষ্ট ও বিতর্কীত সদস্যদের সকল গুরুত্বপূর্ণ পদ থেকে প্রত্যাহার ও কর্তব্য পালনে বিরত রাখতে হবে।

৬. সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৭. বর্তমান সরকারের সময় সকল বন্ধ করে দেওয়া মিডিয়া খুলে দিতে হবে। মাহমুদুর রহমানসহ সকল আটক সাংবাদিকদের মুক্তি দিতে হবে।

খালেদা জিয়া বলেন, ৩’শ আসনে সরাসরি ভোটের বিধান থাকলেও ১৫৪টি আসেন কোনো নির্বাচন হয়নি। আওয়ামী লীগ এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। তিনি বলেন, তারা বলে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য একটি ভোটারবিহীন নির্বাচন প্রয়োজন ছিল। এরপর সবার অংশগ্রহণে একটি নির্বাচন দেওয়ার অঙ্গিকার সরকার করেছিল। কিন্তু এক বছরে তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এই সময়ের মধ্যে প্রায় সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে নির্বাচনের দাবি করলেও সরকার তা প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আলোচনার আহ্বান জানানো হয়েছে।

বেগম খালেদা জিয়া বলেন, রাজনীতি থেকে আমাকে মাইনাস করার পরিকল্পনা করা হচ্ছে। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ মাইনাস করতে পারবে না। অতীতে যারা মাইনাস করার চেষ্টা করেছেন তারাই মাইনাস হয়ে গেছেন। যারা হুমকি দিচ্ছে তাদের ফ্যাসিবাদী চেহারা ফুটে উঠছে। জনগণই এর জবাব দিবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি