পূর্বাশা ডেস্কঃ
বিএনপির আন্দোলন নিয়ে এতদিন সরকারে ভেতরে কোন টেনশন ছিল না। সরকার মনে করতো বিএনপি জামায়াত জোটকে তারা এমন অবস্থায় নিয়ে যাবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এতটাই জিরো টলারেন্স দেখাতে বলবে যে সরকারের বিপক্ষে তারা কোন কাজই করতে পারবে না। কোন সমাবেশ মিছিল করতে পারবে না। তাদেরকে মাঠে দাঁড়াতেই দেওয়া হবে না। আর সেই মনোভব নিয়েই বিএনপিকে দমন করার ও তাদের আন্দোলন ঠেকানোর জন্য সরকার সব ব্যবস্থা করে । কৌশল অনুযায়ী সরকার তাদের ৫ জানুয়ারির সমাবেশ করতে দেয়নি। এমনকি বেগম খালেদা জিয়াকেও ঘর থেকে বাইরে বের হতে দেয়নি। এখনও তাকে তালাবদ্ধ করে রেখেছে। আর কবে এই তালা খুলে দেওয়া হবে সেটা সরকারও নিজে জানে না। সরকার মনে করছে তাকে তালা খুলে দিলেই তিনি বাইরে বের হয়ে আসবেন এবং সমাবেশের ডাক দিবেন। তিনি সরকারের বিরুদ্ধে একটি সফল সমাবেশ করতে পারলে সেটা সরকারের জন্য বড় ধরনের হুমকি হিসাবে দেখা দিবে। এই কারণে সরকার পুলিশকে দিয়ে ঢাকায় সব প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে রেখেছে। সভা সমাবেশ করা যাবে এমন পরবর্তী নির্দেশ কবে আসবে সেটাও কেউ জানে না।
বিশেষজ্ঞদের মতে, সরকার ৪ জানুয়ারি ডিএমপিকে দিয়ে সভা সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে এটা প্রমাণ করেছে সরকারের ভেতরে বিএনপিকে নিয়ে কোন ভয় নেই, এবং গুরুত্ব না দেওয়ার কথা মুখে বলা হলেও আসলে সেটা আছে। এবং প্রবলভাবেই আছে। এটা তারা বন্ধ না করলে ৫ জানুয়ারির বেগম খালেদা জিয়ার সমাবেশ হতোই। সেখানে এত মানুষ হতো সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারতো না।
এদিকে বিশ্লেষকরা আরো মনে করছেন, বিএনপি চেয়ারপারসনকে সরকার, সরকারের মন্ত্রীরা, সরকারি দলের নেতারা তুচ্ছ তাচ্ছিল্য করেন। এরপরও আবার তাকে তালা বন্ধ করে অফিসে আটকে রাখতে হয়েছে। কারণ সরকার মনে করে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। শনিবার থেকে তিনি অবরুদ্ধ। সোমবার থেকে তার অফিসে বাইরে থেকে তালা লাগানো হয়েছে। আবার ওই তালা লাগানো শেষ নয়। পুলিশ বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা সেই তালা গোপন করার চেষ্টা করছেন। সারাক্ষণ কেউ না কেউ ওই তালার সামনে দাঁড়িয়ে থাকছেন যাতে করে কেউ সেটার ছবি তুলতে না পারে। পুলিশ তালা পাহারা দেওয়া নিয়েও ব্যস্ত থাকছে। তাকে বাইরে বের হতে না দেওয়া এবং তালা লাগিয়ে দিয়ে ওই তালা লুকিয়ে রাখার চেষ্টাতেও প্রমাণ করে সরকার তাকে নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে আছে। আর এই কারণে তার ব্যাপারে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না।
তার পাশাপাশি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন একটি বৃক্ততা দিয়েছেন। আর একটি বিবৃতি দিয়েছেন। তাকেও থামানোর জন্য, তার বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞাও হয়েছে। যদিও এখন তথ্য মন্ত্রণালয় এই ব্যাপারে কোন প্রজ্ঞাপন জারি করেনি।
সূত্র জানায়, সরকার চায় তারেক রহমানকে যে কোন মূল্যে প্রচার মাধ্যম থেকে দূরে সরিয়ে রাখার পাশাপাশি তাকে দেশে ফিরতে না দেওয়া ও সরকারের ভেতরে একটি খালেদা জিয়াকে আটক করে কারাগারে রাখা হোক। একটি অংশ চায় তার বিরুদ্ধে হত্যা, কিংবা হত্যার চেষ্টার মামলায় অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হোক। এটা ইতোমধ্যে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু আভাসও দিয়েছেন। যদিও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তা স্বীকার করেননি। সরকারের ওই অংশ মনে করে তাকে গৃহবন্দী করা হোক। কিন্তু এই মতের সঙ্গে সরকার প্রধান একমত নন। কারণ তারা মনে করছেন এই সময়ে তাকে গ্রেফতার করা হলে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাবে। সেটা সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। এদিকে এই অবস্থা ছাড়াও সরকার তাকে দিনের পর দিন তালাবদ্ধ রেখেও এটা বিশ্ববাসির সামনে প্রমাণ করে দিয়েছে এই সরকারের আচরণের বিষয়টি কেমন। সরকার এক দিকে তার নিরাপত্তা নিশ্চিত করেছে বলছে। সেখানে প্রশ্ন উঠেছে একজন মানুষের নিরাপত্তা বিধানের নাম কি তাকে ১৪ ট্রাক ইট বালুর ট্রাক দিয়ে ঘিরে রেখে বাসার সব রাস্তা পুলিশি ব্যারিকেড দিয়ে তাকে অফিসের ভেতরে তালাবন্ধ করে রাখা। এই নিরাপত্তা নিয়ে বেগম খালেদা জিয়া নিজেও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, আমার এ কেমন নিরাপত্তা। যেখানে আমাকে ফ্রি মুভমেন্ট করতে দেওয়া হবে না। বাইরে যেতে দেওয়া হবে না। এই নিরাপত্তাতো আমি চাই না। তার এই কথায় এটাও স্পষ্ট হয়ে উঠেছে যে সরকার আসলে তাকে নিরাপত্তা দিচ্ছে না। ঠেকানোর চেষ্টা করছে।
কেউ কেউ আবার এই প্রশ্নও তুলেছেন যে বেগম খালেদা জিয়ার জীবনের উপর যদি কোন ঝুঁকি থাকেই তাহলে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো কি এখনও এটা বের করতে পারছে না কে তার জন্য হুমকি। কারা তার উপর আক্রমণ চালাতে পারেন। তাদের কাছে কি এমন কোন তথ্য নেই। যদি তাই হয় তাহলে কিসের ভিত্তিতে এই নিরাপত্তা দেওয়া হলো। আর যদি সেই ধরনের তথ্য তাদের কাছ থেকেই থাকে তাহলে তারা ওই সব ষড়যন্ত্রকারী কিংবা যারা নিরাপত্তা বিঘিœত করছেন তাদেরকে ধরছেন না কেন। যদিও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাওয়া তথ্যের ভিত্তিতেই তার নিরাপত্তা বাড়িয়েছেন। তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি। তার কথাই যদি সত্য হয় তাহলে সরকারের কাজ কি যারা তার নিরাপত্তার জন্য হুমকি তাদেরকে চিহ্নিত করে বের করে আটক করা ও বিচার করা। নাকি খালেদাকে আটকে রাখা।
আবার যদি তাই হয় তাহলে এটাই বা কেমন নিরাপত্তা যেখানে তিনি ৫ জানুয়ারির অফিসের বাইরে যাওয়ার চেষ্টা করেননি কিন্তু তাকে বের হতে দেওয়া হয়নি। তিনি যখন যেতে পারছিলেন না। তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আর এই কথা বলার সময়ে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিপার স্প্রে করলো। এতে করে সাংবাদিক, বিএনপির কয়েকজন নেতা, ও বিএনপি চেয়ারপারসনের উপর প্রভাব পড়লো। বিএনপি চেয়ারপারসন এর পর থেকে এখনও অসুস্থ এবং তার শ্বাসকষ্ট হচ্ছে। চোখ দিয়ে পানি পড়ছে। তাহলে এটাই বা কেমন নিরাপত্তা যিনি নিরাপদ নন যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে সরকার বলছে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে পিপার স্প্রে করলো। অসুস্থ করে দিলো। এটাও সরকারের খুঁজে বের করা দরকার কার নির্দেশে এই পিপার স্প্রে করা হলো। তারা সরকারের ক্ষতি চায় কিনা, সরকারকে সমালোচিত করতে চায় কিনা, যারা এর নির্দেশ দাতা ও যারা কাজটি করেছে তাদের ব্যাপারেও সরকারের তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। তালাবন্ধ একজনের উপর পিপার স্প্রে করার বিষয়টি রহস্যজনক।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা কোন সমাধান নয়। আসলে এই সব সিদ্ধান্তও সরকার ঠিকভাবে নিচ্ছে কিনা সেটা নিয়েও জনমনে কিছুটা প্রশ্ন তৈরি হয়েছে। আজ পর্যন্ত সরকারের কোন মন্ত্রী তাকে নিয়ে অফিসিয়ালি এমন কোন লিখিত স্টেটমেন্ট দেননি যেটা জনগণের উদ্দেশ্যে প্রচার করলে জনমনের প্রশ্ন দূর হবে।
এনিয়ে সরকার প্রধান থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী কথা বলেছেন কিন্তু তারা অবরুদ্ধ নন বলা হলেও তালা মেরে রাখাতে এটাতে প্রমাণ হচ্ছে তিনি অবরুদ্ধ। এই কারণে তাদের কথা কেউ বিশ্বাস করছে না। সরকারকে ঠিক জনগণের বিশ্বাসের জায়গায় এই ব্যাপারে অবস্থান করতে হবে। আস্থাও ফিরিয়ে আনতে হবে।
এদিকে সরকার এখন বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে যেসব সিদ্ধান্ত নিচ্ছে তাতে করে সরকারে বিপক্ষে যাচ্ছে জনমত। উল্টো বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের সহানুভূতি তৈরি হচ্ছে। আর এটা সরকারের জন্য ভাল হচ্ছে না, তা সরকার বোঝে কিনা এটা নিয়ে ভাবতে হবে সরকারকে।
এদিকে সরকারের ভেতর তাকে নিয়ে টেনশন রয়েছে বলে তার ও তার ছেলের বক্তব্য প্রচার না করার জন্য মিডিয়ার উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। সম্প্রতি তারেক রহমান বক্তব্য প্রচার করার পর যেভাবে একুশে টেলিভিশনের সম্প্রচার সারাদেশে বন্ধ করা হলো সেটা নিয়েও মিডিয়াগুলো শঙ্কায় আছে যে কখন আবার তাদের উপর বিএনপির পক্ষে সংবাদ প্রচার করলে খড়গ নেমে আসে। সরকার একুশে টেলিভিশন বন্ধ করার কথা অস্বীকার করেছে। কিন্তু ওই টেলিভিশনের সম্প্রচার মানুষ দেখতে পাচ্ছে না এটাই বাস্তব। এই টিভির চেয়ারম্যানকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এতে অন্যদের মধ্যে ভয় ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এখন অনেক মিডিয়াই বিএনপির খবর প্রচারে নিজেরাই সেলফ সেন্সরশিপ করছে।
সূত্র জানায়, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ, তা বাস্তবায়নের মধ্যেই প্রমাণ হয়ে যাচ্ছে আসলে সরকারের অবস্থা কি। কিন্তু বিশেষ একটি সূত্র বলেছে, সরকারকে কেউ বিপাকে ফেলার চেষ্টা করছে কিনা সেটাও দেখতে হবে। কারণ সরকারের ভেতরেই এমন কেউ কেউ রয়েছে যারা সরকারকে টেকসই হতে দিতে চায় না। বিএনপির সঙ্গে সংলাপ হোক তা চায় না। রাজনৈতিক সমস্যারও সমাধান চায় না। তারা চায় কেবল পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে। তারা এটাও জানেন যে এবার পাঁচ বছর ক্ষমতা থাকতে না পারলে নির্বাচন এখন হলে কোন কারণে বিএনপি জয়ী হয়ে গেলে তাদের অবস্থা ভাল হবে না। এই কারণে তারা নিজের স্বার্থটাই ভাবছেন। শেখ হাসিনার সম্মান, ইমেজ, তার অবস্থান আরো সুদৃঢ় করার কথা ভাবছেন না। বরং এমন সব কাজ করছেন এতে করে সরকার বিপাকে পড়ছে। সরকারের প্রতি মানুষের চাপা ক্ষোভ বাড়ছে। এতে করে সরকার প্রধান হিসাবে শেখ হাসিনারও ইমেজ নষ্ট হচ্ছে।
ওই সূত্র জানায়, ৫ জানুয়ারি বিএনপিকে সরকার কঠিন শর্ত দিয়ে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে ২-৩ হাজার লোক নিয়ে সমাবেশ করার অনুমতি দিলেই পারতো। এতে তারা একটি সমাবেশই করতে পারতো। সেটার তেমন কোন প্রভাব রাজনীতিতে হয়তো পড়তো কিংবা পড়তো না। আর ওই সমাবেশ করে বিএনপি বিশেষ কোন লাভবানও হতো না। যেটা গত একবছরেও হতে পারেনি। কিন্তু সমাবেশে বাধা দিয়ে তাকে অবরুদ্ধ করে সরকার দেশে বিদেশে সমলোচনার মুখে পড়ছে। দিন যতো যাচ্ছে সেটা বাড়ছে। এই অবস্থায় একজন প্রভাবশালী ও নীতি নির্ধারক মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি তার নামটি প্রকাশ না করার অনুরোধ করেন। বলেন, বিএনপিকে কোন সমাবেশ করতে দেওয়া হবে না এটা ঠিক সিদ্ধান্ত ছিল। তবে কেমন করে কি হচ্ছে এটা আমি ঠিক বলতে পারবো না। তিনি বলেন, ভীষণ টেনশনে আছি। কি নিয়ে টেনশনে আছেন জানতে চাইলে তিনি বলেন, এই চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কি হবে এটাই বোঝা যাচ্ছে না। বিএনপি বলেছে এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না, এটা কি সম্ভব তিনি বলেন, সেটা সম্ভব হতে দেওয়া হবে না। বেগম জিয়াকে তালাবদ্ধ করে রাখাটা কি ঠিক হলো, এতে সরকারের ইমেজ নষ্ট হলো। এই ব্যাপারে তিনি বলেন, তাকেতো অবরুদ্ধ করে রাখা হয়নি। তিনি যেখানে খুশি যেতে পারেন। পুলিশ তাকে পৌঁছে দিবে।
তাহলে তালবদ্ধ করে রেখেছেন কেন, তালা খুলে দিবেন কিনা এই ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। বলেন বিষয়টি নিয়ে সরকারে উপরে কথা বলবো। আমি বিশেষ কিছু জানি না। তার কথার মধ্যে দিয়ে এটাও বোঝা যায় আসলে বিএনপির সঙ্গে সরকার যেটা করছে সেটা সাংবিধানিক ভাবে, গণতান্ত্রিক ভাবে ও আইনী কাঠামোর মধ্যে করা হচ্ছে কিনা সেই বিষয়েও ঠিক পরামর্শ নেওয়া হচ্ছে না।























































