স্টাফ রিপোর্টারঃ
চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
মঙ্গলবার সন্ধ্যা ৬.৪০ টায় রাজধানীর বনানী সিটি করপোরেশন কবরস্থানে তাকে দাফন করা হয়।
কবরস্থানের বি-ব্লকের ১৮ নম্বর লেনে তাকে দাফন করা হয়। কবরটির অবস্থান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কবর থেকে ১০-১৫ গজ সামনে।
এর আগে বিকাল সোয়া ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আরাফাত রহমান কোকোর জানাজা সম্পন্ন হয়।
কয়েক লাখ লোকের উপস্থিতিতে এ জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন আহমেদ।
জানাজায় অংশ নেন বিএনপি-জামায়াত ও ২০-দলীয় জোটের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক লাখ মানুষ। মসজিদে জায়গা না পেয়ে অসংখ্য মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন বায়তুল মোকাররম সংলগ্ন রাস্তাগুলোতে। নামাজের কাতার প্রসারিত হয় দক্ষিণ দিকে গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু করে উত্তর দিকে পল্টন, নয়াপল্টন, দৈনিক বাংলা ও মতিঝিল পর্যন্ত।
আরাফাত রহমান কোকোর স্বজনরা তাকে রাজধানীর বনানী সামরিক করবস্থানে দাফন করতে চেয়েছিলেন। কোকোর স্বজনরা বলেছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের ছেলে হিসেবে কোকোর কবর সামরিক কবরস্থানে হতে পারে। এ জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু অনুমতি মেলেনি।
আরাফাত রহমান গত শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন কুয়ালালামপুরে তাঁর প্রথম জানাজা হয়।
আজ বাংলাদেশ সময় দুপুর পৌনে ১২টার দিকে তাঁর মরদেহবাহী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কোকোর মরদেহ প্রথমে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে নেওয়া হয়।























































