শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সচল রাখা যাচ্ছে না পরিবহন খাত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৫

1231-400x266

বিশেষ প্রতিবেদনঃ

সচল রাখা যাচ্ছে না পরিবহন খাত। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না ভাংচুর ও অগ্নিসংযোগ। কোন কোন ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখের সামনেই ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরিবহন যোগাযোগ ব্যবস্থা।

আইনশৃঙ্খলা বাহিনী স্টেশন থেকে গাড়ি নিয়ে এক কিলোমিটারও যায় না বলে অভিযোগ করেছেন বাস ও ট্রাক মালিক নেতারা। বাস মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতুল্লাহ বলেন, এ পর্যন্ত শুধুমাত্র বাস পোড়ানো হয়েছে ৪’শ এবং ভাংচুর হয়েছে ৭’শ টি। তিনি বলেন, পুরো রাস্তায় আইনশৃঙ্খলাবাহিনী থাকে না বলেই এ ঘটনাগুলো ঘটছে। তবে তারা যতটুকু সহযোগিতা করছেন তা আরো জোড়ালো করার আহবান জানান। মালিক সমিতির এ নেতা বলেন, রাস্তায় বিজিবির টহল বাড়ানো হলে পরিবহন সেক্টর সচল থাকবে।

পরিবহন সেক্টরকে সচল করতে বিভিন্ন মন্ত্রণালয়,আইনশৃঙ্খলাবাহিনীর মধ্যে দফায় দফায় বৈঠক হয়। বৈঠকে পরিবহন সেক্টর সচল রাখতে আরো নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়। পুলিশ-বিজিবির পাশাপাশি আনসার সদস্যদের মোতায়েনও করা হয়েছে। পরিবহন মালিক ও শ্রমিকরা বলেছেন, যেভাবে নিরাপত্তা প্রদান করা হচ্ছে তাতে পরিবহন সেক্টর সচল রাখা সম্ভব না। কোন কোন এলাকায় একেবারেই অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। মালিক-শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়, ইতিমধ্যে দুই হাজারের ওপরে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। হতাহত হয়েছেন বেশকিছু পুলিশ সদস্য। সর্বশেষ পুলিশের পাহারায় আইকন গাড়িতে পেট্টোল বোমায় ৭ জন নিহত হয়েছেন । ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে প্রায় ১ হাজারের মতো গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তুম আলী খান বলেন, পরিবহন সেক্টরকে সচল করতে হলে আরো নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও চোরাগোপ্তাভাবে যানবাহনে অগ্নিসংযোগ এবং ভাংচুরের ঘটনা ঘটছে। দেখা যায় রাস্তার পাশ থেকে হঠাৎই হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চান এই সেক্টরকে সচল রাখতে। তিনি বলেন, কোন কোন এলাকায় সচল থাকলেও সব এলাকায় সচল রাখা সম্ভব হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন সেক্টরের অপর এক নেতা বলেন, এভাবে পরিবহন সেক্টর সচল রাখা যায় না। বিশাল রাস্তায় কোনভাবেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৩০/৪০ টি গাড়ির একটি বহর নিয়ে যাত্রা শুরু করলো। পথে যেকোনভাবে একটি গাড়ি অচল হয়ে পড়তে পারে। তখন দেখা যায় ওই গাড়িটির জন্য হয়তো পুরো বহর দাড়িয়ে থাকতে হবে। না হলে ওই গাড়িটি বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে হবে। ওই নেতা বলেন, এভাবে একটি বিশাল সেক্টর সচল রাখা সম্ভব নয়



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি