তাওহিদ হোসেন মিঠুঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোঃ নাসিম এমপি বলেছেন, খুনিদের সাথে কিসের সংলাপ ? তাদের সাথে কোন সংলাপ হবে না। খালেদা জিয়া নিজে স্বেচ্ছায় বন্দি থেকে সহিংস আন্দোলন করছে । খালেদা জিয়া একুশে গ্রেনেড হামলাকারিদের, বঙ্গবন্ধু ও তার পরিবারদের হত্যাকারিদের আশ্রয় প্রশয় দিয়েছেন। এতদসত্ত্বেও প্রধানমন্ত্রী সব কিছু ভুলে খালেদার পুত্রের মৃত্যুতে শোক জানাতে গিয়েছিলেন, কিন্তু খালেদার দরজা খোলা হয়নি, প্রধানমন্ত্রী ১০ মিনিট দাড়িয়েছিলেন। খালেদার এটার কি শিষ্টাচার। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে সংলাপের কথা বলেছিলেন। কিন্তু খালেদা জিয়া তাতে রাজি হননি।
শনিবার (০৭ ফেব্রুয়ারী) বিকেল সোয়া ৩ টায় জেলা কুমিল্লা সাকির্ট হাউজে প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মোঃ নাসিম আরো বলেন, ২০১৯ সালের আগে কোন সাংসদ নির্বাচন হবে না। দেশে কোন অবরোধ-হরতাল নেই। এটা কোন আন্দোলন না। মানুষ এসব পালন করেনা। বিগত এক মাস ধরে খালেদা জিয়া অবরোধ-হরতালের নামে মানুষ পুড়িয়ে মারছে।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, মইন উদ্দিন বাদল এমপি, কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রমুখ।
এর আগে মন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়।


















































