ডেস্ক রিপোর্টঃ
বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিকে কোন গুরুত্ব দিচেছ না সরকার। এই কারণে বিএনপি দাবি আদায়ে লাগাতার ৩৪দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করলেও এখনও পর্যন্ত আলোচনার কোন চিন্তাও করছে না। সরকার তাদের সঙ্গে আলোচনা করার ব্যাপারে নমনীয় হচ্ছে না। উল্টো বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তারের ব্যাপারে আইনীদিকগুলো খতিয়ে দেখছেন। তাকে যে কোন সময়ে আটক করা হতে পারে বলেও খবর ছড়িয়ে দিয়েছে। বিএনপির যে সব নেতা ও কর্মীরা মাঠে সক্রিয় হচ্ছেন তাদের ধরে ধরে গ্রেপ্তার করছে, আটক করে নিয়ে পরে বিভিন্ন মামলায় আসামি হিসাবে দেখানো হচ্ছে, এছাড়াও বিভিন্ন নেতাদের ধরার জন্য চিরুনী অভিযানও চলছে। এই অবস্থায় বিএনপির নেতারা এখন অনেকটাই নিজের ঘর ছাড়া। বাড়িতে তেমন থাকছেন না। বাইরে নিরাপদে থাকার চেষ্টা করছেন। পরিবারের সদস্যদের মোবাইল ফোন মনিটরিং করা হচ্ছে , তাদের সঙ্গে যোগাযোগ করা হলে গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কায় বেশিরভাগ মোবাইল ফোন বন্ধ করে দিয়েছেন। নেতাদের সঙ্গেও যোগাযোগ করা নিরাপদ মনে করছেন না। কোন কোন নেতা নতুন মোবাইল ফোন ব্যবহার করছেন। তবে তা সীমিত পরিসরে ব্যবহার করছেন।
বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, খালেদা জিয়া নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অনেক নেতারা আতœগোপন করেছেন। গ্রেপ্তার হতে পারেন এই আতঙ্কে চেয়ারপারসনের সঙ্গে দেখা করতেও কেউ যাচ্ছেন না। এই অবস্থায় সব বাঁধা ও সমস্যা সত্ত্বেও শেষ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের লক্ষ্যে পৌঁছুতে চান। তাদের লক্ষ অনতিবিলম্বে সরকারকে সমঝোতায় রাজি করানো, সেটা বিএনপির সঙ্গে আলোচনা করে হোক, না হয় বিদেশিদের মাধ্যমে আলোচনা করে হোক। সরকার সমঝোতা করে দ্রুত নির্বাচন দিবে। আর নির্বাচনের জন্য সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। এরপর নির্বাচন হবে নির্দলীয় সরকার এর অধীনে। সরকার এইভাবে সমঝোতা না করলে তাদের লক্ষ্য সরকারের পতন ঘটানো। এই দুই লক্ষ্য নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমান কাজ করছেন। তারা অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এটা চলবেই। কত দিন তা ঠিক করতে পারেননি। আর মাঝে মাঝেই হরতাল দিচ্ছেন এটাও অব্যাহত থাকবে। এরপর অসহযোগ আসছে। এই কর্মসূচি আরো কঠোর হবে। এই ব্যাপারে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ঘনিষ্ট একজন নেতা বলেন, সরকার বিএনপিকে গুরুত্ব দিচ্ছে না। তাদেরকে পাশ কাটিয়ে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইছে। এই জন্য সরকার দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে কাজ করাচ্ছে। কিন্তু এই ভাবে চলবে না। ওই সূত্র আরো জানায়, ওয়ান ইলেভেনের সময়ে বিএনপি মনে করতো প্রশাসন থেকে শুরু করে সবাই বিএনপির। কিন্তু সেটা ছিল বিএনপির ভুল। সেই ভুলের মাশুল বিএনপিকে দিতে হয়েছে। তিনি যাদের নিজের বলে মনে করতেন সেই কর্মকর্তারা তাকে ক্ষমতার বাইরে নিয়ে গেছেন। তার দুই ছেলেকে নিয়ে অমানবিক নির্যাতন করেছেন। তাকে একা করে দিয়েছেন। আর্থিকভাবেও তাকে অস্বচ্ছল করে দিয়েছেন। টাকা থাকা সত্ত্বেও তা তুলতে পারছেন না। বেগম খালেদা জিয়ার পুরো পরিবারকে শেষ করে দিয়েছেন। এখন আওয়ামী লীগও সেটাই মনে করছে। সেই ভুলই করতে যাচ্ছে। তিনি বলেন, দুই নেত্রীকে অতীতের কথা মনে রেখেই সমঝোতার জন্য উদ্যোগ নিতে হবে। বিএনপি সমঝোতা চায়। কিন্তু সরকার কোন ভাবেই সমঝোতা চায় না। সেটা না চাওয়ার কারণেই সমস্যা তৈরি হয়েছে। তবে খালেদা ও তারেক মনে করছেন, সেই সমস্যার সমাধান আগে হওয়া জরুরি। কারণ এই ভাবে দুই দলের ক্ষতি হচ্ছে।
এদিকে খালেদা জিয়ার ঘনিষ্ট ওই সূত্র জানায়, বেগম খালেদা জিয়া ৩ জানুয়ারি থেকে অফিসে রয়েছেন। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত অফিসেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চান, আন্দোলনের ফল নিয়ে ঘরে যাবেন। সরকার সেটা দিতে চাইছে না। জিরো টলারেন্সে থেকে সরকার বিএনপিকে দমন করছে। বিএনপির নেতাদের আটক করছে, মিথ্যে মামলায় আসামি করছে। বেগম খালেদা জিয়াকেও আটক করতে চাইছে। কেবল তাকে আটক করছেন না আন্দোলন আরো বেড়ে যাবে সেই আশঙ্কায়।
সরকার কি করতে পারে সেই আশঙ্কায় এখন খালেদা জিয়া গ্রেপ্তার আতঙ্কে নেই। তাকে সরকার চাইলে গ্রেপ্তার করতে পারে এই জন্য তিনি প্রস্তুত আছেন। গ্রেপ্তারকে ভয় পাচ্ছেন না। তিনি মনে করছেন, নেতারা সক্রিয় থাকলে তাকে গ্রেপ্তার করা হলেও যে আন্দোলন বিএনপি শুরু করেছে তা বাড়বে। তখন পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না।
এদিকে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, সরকার এখন স্বৈরচারির শেষ নিদর্শন প্রদর্শন করছে। এই কারণে কোন আলোচনাও করছে না। সরকার মনে করছে এখন বিএনপির সঙ্গে আলোচনা করলেই সরকার শেষ হয়ে যাবে। এখন তাদের যে কঠোর অবস্থান রয়েছে সেটা ধরে রাখতে পারবে না। এতে করে সরকারকে পুরনো অবস্থানে ফিরে যেতেও বেগ পেতে হবে। সরকার নিজের অবস্থান বিবেচনা করে আলোচনা শুরু করে কোন ঝুঁকি নিতে চাইছে না। তিনি বলেন, সরকার যেটা মনে করছে সেটা ঠিক না। কারণ সমঝোতার উদ্যোগ সরকার নিলে এটা সরকারের জন্য ভাল হবে। অন্তত দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করবে। এতে অর্থনৈতিক ক্ষতিও কমবে। কিন্তু সরকার সেটা করছে না। সরকার ক্ষমতায় থাকার জন্য সব করছে। এটা কোন দেশে নজির নেই।
বেগম খালেদা জিয়া পরিবারের একজন সদস্য বলেন, এখন খালেদা জিয়ার শরীরের অবস্থা অতটা ভাল নয়। তবে কয়েকদিনের চেয়ে একটু উন্নতি হয়েছে। তা হলেও তিনি ভীষণ টেনশনে রয়েছেন। পুরো দেশের মানুষ তার দিকে তাকিয়ে আছেন। তাকে সফল হতে পারে মনে করেই পথ চলছেন। কিন্তু নেতারা মাঠে নেই। তাকে গ্রেপ্তার করা হলে আন্দোলনের নেতৃত্ব কে দিবেন সেই নেতাও এখন ঠিক নেই। যদিও তারেক রহমানের ঘনিষ্ট একটি সূত্র বলছে, বিএনপি চেয়ারপারসনকে আটক করা হলে আন্দোলন চালানো কোন কঠিন কাজ হবে না। বরং ওই সময়ে আরো কঠোর কর্মসূচি আসবে। সরকারের উপরও চাপ বাড়বে। বিএনপি তখন নিয়ন্ত্রণহীন আন্দোলন করবে। সেটা সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হবে। সেই রকম হলে কি করতে হবে এরও প্রস্তুতি রয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই তার উপর চাপ বাড়ছে। সারা দেশে সহিংসতা ও নাশকতার ঘটনা সরকার তার উপর ও তার নেতাদের উপর চাপাচ্ছে। একে একে মামলার সংখ্যা বাড়ছে। তার যে সব নেতারা আন্দোলন সফল করার জন্য কাজ করছিলেন তারা গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে রিমান্ডে নিয়ে টর্চার করা হচ্ছে। এই কারণে অন্য নেতারাও ভয়ে রয়েছেন। তারা আন্দোলনের মাঠে না থেকে ভয়ে পালিয়ে আছেন। এটা বিএনপি চেয়ারপারসনকে হতাশ করছে। সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন এখন কিছুটা টেনশনেও রয়েছেন। তার ধারণা ছিল তার দলের নেতারা এমনভাবে আন্দোলনের মাঠ দখল করবেন ঢাকাসহ পুরো দেশ হরতাল অবরোধে অচল করে দিবে। কিন্তু সেটা করতে পারেনি। সরকার বিএনপিকে দমনে যে সব কৌশল নিয়েছে সেটাও ব্যর্থ করতে পারছেন না।
বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা বলেন, এখন যে ভাবে বন্দুক যুদ্ধে ও ক্রস ফায়ারে মানুষ মারা যাচ্ছে তার পুরো খবর প্রকাশ হচ্ছে না। এই কয়েকদিনে ২৬ জনের কথা শুনেছি। কিন্তু সেই সব খবরতো আসছে না। এই জন্য মাঠের নেতারা ভয়ে আছে। তারা মাঠে নামতে পারছে না। বিশেষ করে বন্দুকের নলের ভয়ে ঢাকার বিএনপি নেতারা মাঠে নেই। তারা না থাকলে আন্দোলন সফল করা কঠিন হবে এতে কেনো সন্দেহ নেই। আর এই সব কারণেই ম্যাডাম কিছুটা হতাশ।
সূত্র জানায়, খালেদা জিয়ার আরো মনে করেছিলেন আন্তর্জাতিক মহলের অনুরোধ সরকার উপেক্ষা করবে না। তাদের অনুরোধে সরকার এক মাসেই সমঝোতার উদ্যোগ নিবে। কিন্তু এখন সরকারের সিদ্ধান্ত কোন আলোচনা ও সমঝোতা বিএনপির সঙ্গে করবে না। বরং তারা ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এই অবস্থায় খালেদা জিয়া আন্দোলনের কৌশলেও কিছুটা পরিবর্তন আনছেন। তিনি মনে করছেন, সরকার যে ভাবে দমন নিপীড়ন করছে সেটাকে উপেক্ষা করে ঢাকায় নেতারা নেমে আসলে সরকারের টিকে থাকা কঠিন হতো।
এদিকে তারেক রহমানও ঢাকার নেতাদের উপর ভরসা করতে পারছেন না। তাদের এই আন্দোলনের বিশেষ কোন ভূমিকা না থাকার কারণে তিনি সাদেক হোসেন খোকাকে লন্ডনে ডেকে পাঠান। তাকে আন্দোলন সফল করার জন্য বিশেষ দায়িত্বও দেন। সেই হিসাবে তিনি বক্তৃতা করা ছাড়াও ঢাকায় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক করারও পরামর্শ দিচ্ছেন। ভেতরে ভেতরে কয়েকজন ব্যবসায়ী নেতা সেই বৈঠকও করছেন। কিন্তু তাতেও এখনও বিএনপির আন্দোলনকে সমর্থন জানিয়ে ওই সব দল কাজ করছে না।
এদিকে সূত্র জানায়, খালেদা জিয়া ঠিক করেছেন, যতদিন আন্দোলন সফল না হয় ততোদিন তিনি আন্দোলন চালিয়ে যাবেন। নতুন নতুন কর্মসূচিও দিবেন। তিনি মনে করছেন, গুলশান কার্যালয়ে অবস্থান নিলেও পুরো দেশ তার দিকে তাকিয়ে আছে। এখন তিনি আন্দোলনের কোন সফলতা আনতে না পারলে এটা হবে তার চরম ব্যর্থতা। এবার বিএনপি আন্দোলন থেকে সরে গেলে ও আন্দোলনে ব্যর্থ হলে বিএনপির রাজনৈতিক ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়বে। দলের অনেক ক্ষতি হবে। নেতা কর্মীরাও হতাশা হয়ে যাবে। তারা নিস্ক্রিয় হয়ে পরবেন। এই কারণেই তিনি নানা দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন যে কোন পন্থায় ও যে কোন মূল্যে আন্দোলনে সফল হতেই হবে। সেই জন্য এর শেষ দেখতে চান। সরকার কত কঠোর ও কতটা অনমনীয় হয় তা দেখতে চান। সেই বিবেচনায় তার কর্মসূচিতে অসহযোগের কর্মসূচিও রয়েছে। সেই সঙ্গে তিনি সফল হতে না পারলে সাফল্য আনার জন্য সরকার পতনের কর্মসূচি দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এর আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। একদিনের জন্যও আন্দোলন থেকে সরে যাবেন না।
তার ঘনিষ্ট এক নেতা বলেন, ম্যাডামকে যোগাযোগ বিচ্ছিন্ন করা না হলে আন্দোলনের আরো অগ্রগতি হতো। তিনি সবার সঙ্গে যোগাযোগ করতে পারলে ভাল হতো। কিন্তু সেটা না হওয়ার কারণে এখন নেতাদের মধ্যে কিছুটা সংশয় কাজ করছে। তারপরও বলবো যোগাযোগ ভাবে বিচ্ছিন্ন হওয়ার আগেই অনেক নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমানও নির্দেশনা দিচ্ছেন।























































