ডেস্ক রিপোর্টঃ
জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে উদ্যোগের প্রত্যাশা করেছেন। সেই সঙ্গে বর্তমান সহিংসতায় উদ্বেগ জানিয়েছেন। আরো বলেছেন, পরবর্তী নির্বাচনের আগে যেন সহিংসতা না ঘটে। এই ব্যাপারেও বান কি মুন আশা ব্যক্ত করেছেন। বান কি মুনের দেওয়া চিঠি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পৌঁছেছে। এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চিঠি পাওয়ার কথা বুধবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। সাংবাদিকেদের বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অতীতে যেমন হয়েছে সামনের দিনেও সে নেতৃত্বের প্রতি আস্থা রেখে উদ্যোগ গ্রহণের প্রত্যাশা করেছেন জাতিসংঘ মহাসচিব। চিঠির বিষয়ে বলেছেন, প্রধানমন্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এ বছরই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) মেয়াদ শেষে নতুন উন্নয়ন এজেন্ডা গ্রহণের কথা থাকায় ২০১৫ সালকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশকে অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার প্রতিশ্র“তিও পুনর্ব্যক্ত করেছেন।
চিঠিতে চলমান সহিংসতা কমিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন। এই জন্য সংকট সমাধানে প্রয়োজনে জাতিসংঘের সহকারি মহাসচিব (শান্তিরক্ষা) অস্কার ফার্নান্দেজ তারানকোর সহায়তা নেওয়ার জন্য প্রস্তাবও করেছেন। প্রতিমন্ত্রী স্বীকার করেছেন, জাতিসংঘ মহাসচিব প্রায় দুই সপ্তাহ আগে চিঠি পাঠান। কিন্তু সেই চিঠি সরকারের হাতে আসে সোমবার। চিঠি আসতে দেরি হওয়ার বিষয়ে খোঁজ নেওয়ার জন্য জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আমরা কিছুদিন থেকে শুনছিলাম। কোনো অজ্ঞাত কারণে দুই সপ্তাহ পর সেটি পৌঁছেছে।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠি দুই সপ্তাহ পর পেয়েছেন বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও চিঠি দিয়েছেন বলে শোনা যাচ্ছে। সেই চিঠি এখনও খালেদা জিয়ার হাতে পৌঁছেনি। এই ব্যাপারে বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, জাতিসংঘ মহাসচিব দুই নেত্রীকে চিঠি দিয়েছেন শুনেছি। প্রধানমন্ত্রীর চিঠি পাওয়ার কথা প্রতিমন্ত্রী জানিয়েছেন। তবে আমাদের ম্যাডামের চিঠি নিয়ে কেউ কার্যালয়ে এসেছেন, চিঠি দিয়ে গেছেন, চিঠি ম্যাডামের হাতে পৌঁঁছেছে এই রকম কোন ঘটনা জানা নেই। তাছাড়াও ওই ধরনের কোন চিঠিও দেখিনি। আমাকে কেউ এই চিঠির ব্যাপারেও জানাননি। চিঠিটি পেলে অবশ্যই আমি জানতাম। তিনি বলেন, সাধারণত সংলাপের উদ্যোগ নিতে হলে সেটা প্রধানমন্ত্রীকেই নিতে হবে। তিনি না চাইলে সংলাপ সম্ভব হবে না। এই কারণেই তাকেই চিঠি দিবেন বান কি মুন সেটাই স্বাভাবিক। আমাদের ম্যাডামকে চিঠি না দিলেও কোন সমস্যা নেই। কারণ বিএনপি সব সময় সংলাপ চায়। সংকট নিরসনের জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া হবে বিএনপি সেটা ওয়েলকাম করবে। জাতিসংঘ মহাসচিবও জানেন যে জাতিসংঘ যে উদ্যোগ নিবে বিএনপি সেটাকে স্বাগত জানাবে। আমরা সেটাকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী বান কি মুনের চিঠি পেয়ে যদি সংলাপের আয়োজন করতে চান বিএনপি এই ক্ষেত্রে ইতিবাচকভাবেই সারা দিবে। এখনও সরকারের তরফ থেকে তেমন কোন প্রস্তাব আসেনি।
তিনি বলেন, এর আগে যতবারই বান কি মুন চিঠি দিয়েছেন সেখানে তিনি ম্যাডামকেও চিঠি দিয়েছেন। দুই জনকে দেওয়া চিঠির বিষয় ও ভেতরের সব কিছুই প্রায় একই রকম থাকে। কেবল উপরের শিরোনাম পরিবর্তন হয়। আর ভেতরে ছোট খাটো শব্দ পরিবর্তন করা হয়। তিনি বলেন, বান কি মুনের চিঠির পর সরকার সংলাপের উদ্যোগ নিলে বিএনপি স্বাগত জানাবে।
তিনি বলেন, ম্যাডামের চিঠি না পৌঁছানোর ব্যাপারে কেউ কোন ধরনের সমস্যা করেছেন কিনা সেটাও দেখা দরকার। কারণ এখানে খাবারই আসতে দেওয়া হয় না। চিঠি কি স্বাভাবিকভাবেই কেউ দিয়ে যাবে?
এদিকে কয়েকদিন ধরেই নানা দিকে গুজব ছিল অস্কার ফার্নান্দেজ তারানকোর ঢাকায় আসার সম্ভাবনা নিয়ে। কিন্তু তিনি আপাতত ঢাকায় আসছেন না সেটা স্পষ্ট। তাকে পাঠানোর ব্যাপারে বানকি মুন কিছু বলেননি চিঠিতে। তবে প্রয়োজন বোধে সাহায্য নেওয়ার কথা বলেছেন। তারানকো ঢাকা আসার ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, এখনও তাকে ঢাকায় পাঠানোর কোনো পরিকল্পনা জাতিসংঘের নেই। বাংলাদেশ চাইলে তিনি অদূর ভবিষ্যতে আসতে পারেন। জাতিসংঘ মহাসচিবের চিঠি আন্দোলনরত বিএনপি জোটের সঙ্গে সংলাপের বিষয়ে চাপ কি না এই ব্যাপারে তিনি বলেন, এটা চাপ নয়। আমাদের কোনো বন্ধু রাষ্ট্রের থেকেও কোনো চাপ নেই। সংলাপের সম্ভাবনা নাকচ করে দেন তিনি। বলেন, না, খুনির সঙ্গে সংলাপ করতে চাই না।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, চলমান অবরোধ, হরতাল, নাশকতা ও সহিংসতার ঘটনার কারণে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
বিষয়টি গণমাধ্যমের কাছে মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক স্বীকার করেছেন। বলেছেন, সংলাপের মধ্য দিয়ে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ অবসানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে চলমান অস্থিরতার অবসান ঘটানো জরুরি বলে মত দিয়েছেন মহাসচিব।























































