শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দমন করার সুযোগ নেই


গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দমন করার সুযোগ নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৫

140518-john-kerry-jms-1825_11fa3512e0247009e3517e457e99868c
ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীলতা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের বন্ধু এবং শুভাকাঙ্খীদের মধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে। সংকট সমাধানে দুই প্রধান রাজনৈতিক দলের কাছে জাতিসংঘের মহা সচিব বান কি মুনের আহ্বানের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরিও আহ্বান করেছেন।
বাংলাদেশের চলমান সংকট সমাধানে জন কেরি বিরোধীদের সহিংসতা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন তাছাড়া সরকারকেও সংকট সমাধানে যথাযথ পদক্ষেপ নিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনতে পরামর্শ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
জন কেরির এ আহ্বানের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের রাজনীতির কর্তাব্যক্তিরা গণতান্ত্রিক পদ্ধতিতে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। আধুনিক সভ্য সমাজে যেখানে রাজনৈতিক দলগুলো সকল সমস্যা সমাধানের পদক্ষেপ নেয় সেখানে আমাদের রাজনৈতিক দলের জন্য দেশের পরিস্থিতি ভাল অবস্থা থেকে আরো খারাপের দিকে যাচ্ছে।
নিজেদের সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কারণ হয়েছে। আর আমাদের রাজনীতিবিদরা পারস্পরিক দোষারোপ করা নিয়ে ব্যস্ত রয়েছে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শুধু অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে না সেই সাথে আইনী ব্যবস্থা ও কাঠামো ভেঙ্গে দিয়ে স্থায়ী হয়ে যাচ্ছে। বার্ন ইউনিটে প্রতিদিন কেউ না কেউ আহত হয়ে ভর্তি হচ্ছে। পরিবারের প্রধান আয় কর্তা আগুনে দগ্ধ হওয়ায় অনেক পরিবারের সদস্যরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। এ চিত্র দেশের রাজনীতির জন্য নেতিবাচক উদাহরণ তৈরি করছে।
আমাদের আন্তর্জাতিক বন্ধু ও শুভাকাঙ্খিরা নৈতিকতা থেকে সংকটের সমাধানের চেষ্টা করছে। কিন্তু সব কিছু নির্ভর করছে আমাদের প্রধান দুই রাজনৈতিক দলের ইচ্ছা ও উপলব্ধির উপর।
বিএনপিকে উদ্দেশ্য করে জন কেরি বলেছেন, সরকারের সাথে সংলাপে বসার আগে পেশি শক্তি প্রদর্শন না করে সহিংসতা আগে বন্ধ করতে হবে। পেট্রল বোমা হামলা ও অগ্নি সংযোগ সভ্য সমাজে কখনো আন্দোলনের ভাষা হতে পারে না। নাগরিকদের সম্পদ ও নিরীহ মানুষ হত্যা কোন দিনই সমর্থন যোগ্য নয়।
সরকারকে উদ্দেশ্য করে কেরি বলেন, এটি কোন খেলা নয়, নিরাপত্তার দায়িত্ব সরকারেরও রয়েছে। কিছু পারস্পরিক আস্থা অর্জনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংকট নিয়ে আলোচানার প্রক্রিয়াটি আরম্ভ করা যেতে পারে। একটি কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিকে দমন করার কোন সুযোগ নেই। প্রকৃতপক্ষে রাজনীতির উন্নতির জন্য গণতন্ত্রের বিস্তার প্রয়োজন।
সূত্র: ডেইলি সান



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি