
স্টাফ রিপোর্টারঃ
দৈনিক কালের কন্ঠের কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি আবদুর রহমানকে নিজ হাতে মারধর করেছে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ও মইশাতুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ।
দৈনিক কালের কন্ঠে প্রকাশিত “ন্যাশনাল সার্ভিস; এইচএসসির সনদে নিরক্ষরের আবেদন” শিরোনামে সংবাদ প্রকাশের ঘটনায় তার উপর এ হামলার ঘটনা ঘটে।
শনিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় মনোহরগঞ্জ বাজারে মুঠোফোনে ডেকে নিয়ে সাংবাদিক আব্দুর রহমানকে বেদম মারধর করেন ইউপি চেয়ারম্যান।
সাংবাদিক আব্দুর রহমান জানান, সকালে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ও মইশাতুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল তাকে ফোন করে মনোহরগঞ্জ উপজেলা বাজারে ডেকে নেয়। ন্যাশনাল সার্ভিস নিয়ে সংবাদ প্রকাশের কারণ জানতে চেয়ে মোস্তফা কামাল নিজেই তাকে মারধর শুরু করে। এসময় সেখানে উপস্থিত ৫/জন দলীয় কর্মীও তাকে বেদম লাঠিপেটা করে।
সেখান থেকে উদ্ধার হয়ে আবদুর রহমান ঘটনাটি পুলিশকে জানালেও পুলিশ এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনাটি জানেন না বলে অস্বীকার করেন।

















































