ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার তিতাস আতংকের উপজেলায় পরিণত হয়েছে। প্রায় ঘটছে রাজনৈতিক হত্যাকান্ড। ১৫ মে উপজেলার কড়িকান্দি এলাকায় উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুম নোংরা রাজনীতির বলি হয়েছেন। আ’লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল সিকদার ও তার লোকজন পিকআপ ভ্যান চাপাঁ দিয়ে হত্যা করেছে সাবেক ছাত্রলীগ নেতা মাসুমকে। ভাইস-চেয়ারম্যান সোহেল সিকদারের ত্রাসের রাজত্বে অসহায় উপজেলাবাসী। হত্যা ও মাদকের স্রোতে ভাসছে তিতাস। আতংকিত হয়ে পড়েছেন দলীয় নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ। সোহেল সিকদারের বিরুদ্ধে এমনই অভিযোগ সর্বস্তরের জনগণের ।
কে এই সোহেল সিকদার ঃ
সোহেল সিকদারের বাড়ি উপজেলার মনাইকান্দি গ্রামে। তিনি উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক। তার বাবা আকতার হোসেন নিজাম এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। সোহেল সিকদার জীবনের অনেক সময় বিদেশে ছিলেন। বিদেশ থেকে এসে উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হন। এক সময় তার সাথে দলীয় নেতাকর্মী থাকলেও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের সাথে তার দৌরত্ব বৃদ্ধি পায়। সোহেল সিকদারের রাজনৈতিক নেতিবচিক মনোভাব পরিবর্তন হয়। মাদক ব্যবসায় তার নাম জড়িয়ে যায়। এছাড়া তার ভাই লালন সিকদারও উপজেলার ছিনাইকান্দির ব্যবসায়ী আলম হত্যার মামলার প্রধান আসামি ছিলেন। ওয়ান ইলেভেন চলাকালে আলম হত্যাকান্ড সংগঠিত হয়। স্বাক্ষীর অভাব ও বিভিন্ন রাজনৈতিক কারণে মামলাটি এখন হিমাগারে। সম্প্রতি ১৫ মে সাবেক ছাত্রলীগ নেতা মাসুমকে হত্যার ঘটনার জড়িয়ে পড়েন সোহেল সিকদার। সব মিলিয়ে সোহেল সিকদারের পরিবারের সদস্যরা এখন মুর্তিমান আতংকে পরিণত হয়েছে।
ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রকঃ
তিতাস এখন ইয়াবার করাল গ্রাসে আক্রান্ত। সমাজের তরুন থেকে বৃদ্ধরা পর্যন্ত প্রতিনিয়ত সর্বনাশা ইয়াবার স্রোতে নিজেদের ভাসিয়ে দিচ্ছে। গত ৩/৪ বছরে ইয়াবার সেবির সংখ্যা আশংকাজনক হারে বেড়েছে। তিতাস-হোমনাতে প্রতিদিন প্রায় ১০ হাজার ইয়াবা বিক্রি হচ্ছে। পাশাপাশি যাচ্ছে মুরাদনগর উপজেলায়। ইদানিং ইয়াবার চালান যাচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়। সব মিলিয়ে তিতাস ইয়াবার উর্বর ভূমিতে পরিণত হয়েছে। ধ্বংস হচ্ছে জাতির ভবিষ্যত কর্ণধাররা। আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযোগের তীর ছুড়েছেন ভাইস-চেয়ারম্যান সোহেল সিকদারের উপর । নেতাকর্মীরা জানান, গত ৩/৪ বছর ধরে এই সোহেল সিকদারই উপজেলায় ইয়াবার ব্যবসা শুরু করেন। ইয়াবা তৈরির যন্ত্রও তিনি তিতাস উপজেলায় স্থাপন করেছেন বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। গত বছর ভাইস-চেয়ারম্যান হওয়ার পর সোহেল সিকদারের মাদক ব্যবসা আরো বিস্তার লাভ করেছে বলে নেতাকর্মীরা জানান ।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বাবু জানান, ভাইস-চেয়ারম্যান সোহেল সিকদার উপজেলায় ইয়াবার সাম্রাজ্য গড়ে তুলেছে।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোঃ আব্দুল হান্নান জানান, ভাইস-চেয়ারম্যানের মাদক ব্যবসার বিষয়গুলো তদন্তনাধীন রয়েছে।
এ বিষয়ে উত্তর জেলার অতিঃ পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন জানান, মাদকের সাথে জিরো টলারেন্স। মাদক বিক্রেতা যেই হউক কোন ছাড় নেই।
শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয়দাতাঃ

উপজেলার গাজীপুর এলাকার এতিমখানার সাথে তিন তলার বাড়িটি ভাড়া নিয়েছেন ভাইস-চেয়ারম্যান সোহেল। স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, জেলা সদরসহ বিভিন্ন উপজেলার শীর্ষ সন্ত্রাসীরা অপরাধ কর্মকান্ড করে এই বাড়িতে এসে আতœগোপন করে থাকেন। এই বাড়িটি ঘিরে রহস্যের জাল দিন দিন আরো ঘনীভূত হচ্ছে।
সোহেলের রাজনৈতিক আশ্রয়দাতাঃ
উপজেলার আ’লীগ নেতাকর্মীসহ প্রায় সবাই ভাইস-চেয়ারম্যান সোহেল সিকদারের বিভিন্ন কর্মকান্ডে নাখোশ থাকলেও উপজেলা আ’লীগ নেতা ইয়াছিন বিভিন্ন কাজে সোহেলকে সমর্থন দিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। গত ১৫ মে রাতে মাসুমের জানাজায় আ’লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ইয়াছিনের সমালোচনা করে বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য যে, ইয়াছিনের বাবা রাজ্জাক চেয়ারম্যানও এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।
সোহেলের হাত থেকে পরিত্রান চান এলাকাবাসিঃ
মাসুম হত্যাকান্ডের পর থেকে সোহেল সিকদার এলাকায় নেই বলে জানা গেছে। সোহেল সিকদার না থাকলেও ভয়ে মুখ খুলতে সাহস পাননা স্থানীয় লোকজন। শুধু স্থানীয় লোকজন নয় আতংকিত রয়েছেন আ’লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও । সোহেলের সিকদারের ত্রাসের রাজত্বে অসহায় সবাই। তবে পরিত্রান চান সবাই। জামাল নামের এক স্থানীয় বাসিন্দা জানান, মাসুম হত্যাকান্ডের পর সোহেল সিকদার এলাকায় নেই । তবে ভয়ে আছি আমরা। আমরা শান্তি চাই। আমরা চাই মাসুম হত্যাকান্ডের বিচার। সোহেলের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হউক, এটাই আমরা চাই। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বাবু জানান, সোহেলের সন্ত্রাসী কর্মকান্ড থেকে উপজেলাবাসি পরিত্রান চায়। সে মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংস করছে। সে মাসুমের মত প্রগতিশীল ছাত্রনেতাকে খুন করে দলের সাংগঠনিক মেরুদন্ড ভাঙ্গার চেষ্টায় রত রয়েছে। আমরা মাসুম হত্যার বিচার চাই। আমরা প্রত্যাশা করি প্রশাসন এই হত্যাকারিকে গ্রেফতার করে বিচারের আওতায় আনবে।


















































