ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের অপহৃত বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ- যিনি রহস্যময় পরিস্থিতিতে আচমকা ভারতের শিলংয়ে আবির্ভূত হয়ে হইচই ফেলে দিয়েছেন, তাকে অনির্দিষ্টকালের জন্য ভারতের জেলে কাটাতে হতে পারে বলে দিল্লিতে সিবি আই সূত্রে আভাস পাওয়া গেছে।
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবি আইয়ের একটি উচ্চপদস্থ সূত্র আজ জানান, সালাহ উদ্দিন আহমেদ বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী বা প্রথম সারির রাজনীতিক হতে পারেন, কিন্তু ভারতীয় আইনের চোখে তার সঙ্গে নারায়ণগঞ্জ হত্যা মামলার আসামি নূর হোসেনের মধ্যে কোনও ফারাক নেই। দুজনেই বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করার দায়ে বন্দি এবং নূর হোসেন যেমন প্রায় এক বছর হতে চলল পশ্চিমবঙ্গে হাজতবাস করছেন, সালাহ উদ্দিন আহমেদেরও একই ভবিতব্য হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সেই সঙ্গে ইঙ্গিত মিলেছে, এ ব্যাপারে শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার কী চায় বাস্তবে সেটারই সম্ভবত প্রতিফলন ঘটবে।
ঘটনাচক্রে সালাহ উদ্দিন আহমেদ ও নূর হোসেন দুজনের বিরুদ্ধেই এখন ভারতের ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬ অনুযায়ী মামলা রুজু হয়েছে। প্রথম ক্ষেত্রে মেঘালয় পুলিশ এখনও মি. আহমেদকে আদালতে হাজির করাতে পারেনি মূলত তার অসুস্থতার কারণে। কিন্ত নূর হোসেনকে দফায় দফায় পশ্চিমবঙ্গ পুলিশ আদালতে পেশ করেছে। মি. হোসেন কখনও তার জামিনের আবেদন করেননি। কোনও আইনজীবীও দেননি। ফলে তার কারাবাসও প্রলম্বিত হয়েছে। সালাহ উদ্দিন আহমেদকে আদালতে পেশ করা হলে তিনি কী বলেন সেটা দেখার বিষয়। কিন্তু পুলিশ চাইলে তাকে মাসের পর মাস ভারতের জেলে আটকে রাখাটা যে কোনও ব্যাপারই নয়, সেটা সংশ্লিষ্ট মহলের অজানা নয়।
দুজনের মধ্যে আরও একটা মিল হল- বিভিন্ন অপরাধের সূত্র ধরে এই দুজনেই কিন্তু বাংলাদেশের চোখে ‘ফেরার’। নূর হোসেনকে চিহ্নিত করা হয়েছে নারায়ণগঞ্জ হত্যা মামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে। আবার সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধেও ঢাকায় একগাদা ফৌজদারি মামলা ঝুলছে। ফলে নূর হোসেনের নাম যেমন ইন্টারপোলে দেওয়া বাংলাদেশের মোস্ট ওয়ান্টেডের তালিকায় আছে, ঠিক তেমনি ঢাকায় ইন্টারপোল কার্যালয়ও সিবি আইয়ের মারফত ভারতকে ইতোমধ্যেই জানিয়েছে, শিলংয়ে ধরা পড়া সালাহ উদ্দিন আহমেদ তাদের একজন পলাতক আসামি।
দুটো দেশের মধ্যে বন্দি-প্রত্যর্পণ চুক্তি থাকলেও ‘মোস্ট ওয়ান্টেড’-দের সঙ্গে সঙ্গে অন্য দেশের হাতে তুলে দেওয়ার দৃষ্টান্ত একেবারেই বিরল। ঠিক সেই কারণেই নূর হোসেনের বিরুদ্ধে এত মারাত্মক অভিযোগ সত্ত্বেও তাকে এখনও বাংলাদেশের আদালতে বিচারের সম্মুখীন করা যায়নি। অন্যদিকে ভারতের বিচ্ছিন্নতাবাদী আলফা জঙ্গি অনুপ চেটিয়াকেও ভারত এখনও হাতে পায়নি। বাংলাদেশ বলেছে আগে তিনি বাংলাদেশের মাটিতে করা অপরাধের জন্য জেল খাটবেন, সেই মেয়াদ ফুরোলে তবে তাকে হস্তান্তর করার প্রশ্ন আসবে। এই কারণেই সালাহ উদ্দিন আহমেদকে যদি এখন মাসের পর মাস মেঘালয়ের জেলে কাটাতে হয় এবং ভারত যদি বলে যে ফরেনার্স অ্যাক্টে মামলার নিষ্পত্তি হওয়ার আগে তিনি দেশে ফিরতে পারবেন না, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
বস্তুত সে রকম একটা সম্ভাবনাই যে বেশি, দিল্লিতে সিবি আই-এর ওপর মহলে কথা বলে সেই ইঙ্গিতই পাওয়া গেছে। পাশাপাশি তারা একটা ‘ওপেন সিক্রেট’ও ফাঁস করে দিয়েছেন- আসলে এরকম ক্ষেত্রে বন্ধুপ্রতিম বাংলাদেশ সরকার যেরকম চায়, তাতে যদি ভারত সরকারের গুরুতর আপত্তি না থাকে, তাহলে ঠিক সেই অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হয়।
এখানেই আবার এসে যাচ্ছে নূর হোসেনের সঙ্গে তুলনা। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম থাকা সত্ত্বেও নূর হোসেনকে ভারত থেকে পাওয়ার জন্য ঢাকা কিন্তু গত এক বছরে আদৌ বিশেষ কোনও গরজ দেখায়নি। ভারতের দিক থেকেও নূর হোসেনকে ফেরত দেওয়ার কোনও তাড়াহুড়ো চোখে পড়েনি। তার মামলায় শুধু একের পর এক তারিখ পড়েছে। এখন খুব সঙ্গত কারণেই ধরে নেওয়া যায়, সালাহ উদ্দিন আহমেদকে তড়িঘড়ি হাতে পাওয়ার জন্য বাংলাদেশ সরকার যদি তেমন কোনও আগ্রহ না দেখায়, তার খুব শিগগিরি ঢাকায় ফিরতে পারার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ!
ওদিকে শিলংয়ে আজ রবিবার সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে নতুন করে কিছু ঘটেনি। রবিবার ছুটির দিন হওয়ায় আদালতে তাকে পেশ করারও প্রশ্ন ছিল না। তবে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যেভাবে শিলংয়ে ভিড় করেছেন ও তাদের কেউ কেউ একের পর এক ‘আজগুবি’ খবর পাঠাচ্ছেন তাতে শহরের পুলিশ-কর্তৃপক্ষ রীতিমতো বিরক্ত বলেই জানা গেছে।
শিলংয়ের পুলিশ সুপার বিবেক সিয়ামের কার্যালয় থেকে একজন কর্মকর্তা বলছিলেন, ‘বাংলাদেশের মিডিয়ায় কেউ না কি লিখছেন সালাহ উদ্দিন আহমেদকে পুশব্যাক করা হবে- কেউ না কি বলছেন সিবি আই সোমবার তাকে জেরা করতে আসবে। এরপর তো ফোনের উৎপাতে আমাদের ওষ্ঠাগত অবস্থা। কাকে কী বোঝাই বলুন তো?’
হাসপাতালের বিছানায় শুয়েও সালাহ উদ্দিন আহমেদ যে মেঘালয় পুলিশকে কীভাবে নাজেহাল করে যাচ্ছেন এবং হয়তো আরও অনেকদিন করে যাবেন- এটা তারই প্রমাণ।























































