শরীফ আহমেদ খান জুয়েল,চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জসিম আহমেদ (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বৃহস্পতিবার সকাল পৌঁনে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম আহমেদ বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার গ্রামের কাজী খলিলুর রহমান এর ছেলে। আহতদের মধ্যে একই উপজেলার ইছাপুর গ্রামের ফয়েজ আহমেদ এর নাম পাওয়া গেলেও তাৎক্ষনিক ভাবে বাকিদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) নাজিম উদ্দিন জানান, ঢাকাগামী প্রাইভেটকারটি চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন রোড ডাইভার্ট ক্রসিং এলাকায় চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষে হয়। এতে প্রাইভেটকারটি দুমুরে-মুচরে গাড়ির মালিক ও চালক জসিম আহমেদ ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের তিন আরোহীকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত স্টাফ জানান, আহতের অবস্থা আশঙ্কা জনক। তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।


















































