ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর এলাকার দোনারচর ফ্যামিলি হসপিটালে ডাক্তারের ভুল চিকিৎসায় মাইনুদ্দিন (৫০) নামের এক রোগির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই ডাক্তার ও এক নার্সকে আটক করেছে পুলিশ।
নিহত মাইনুদ্দিন উপজেলার পৌর এলাকার দোনারচর গ্রামের মৃত আব্দুল খালেদ ড্রাইভারের ছেলে ।
শুক্রবার রাত সাড়ে ৯ টায় পৌরসভার মেয়র ও আ’লীগ নেতা ভিপি আব্দুস সাত্তারের মালিকাধীন এ হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানান, রাত ৮ টায় রোগি মাইনুদ্দিন এপেন্ডিসের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। রাত সাড়ে ৯ টায় অপারেশন থিয়েটারে এনেসথেসিয়ার অতিরিক্ত প্রয়োগ ও অন্ডকোষের কাছে কাটাছেড়ার ফলে তার মৃত্যু হয়। এ ঘটনার ফলে উত্তেজিত জনতা হাসপাতালের ডাক্তার ও নার্সদের উপর ক্ষেপে গেলে পুলিশ এসে অপারেশন থিয়েটারে কর্তব্য পালন করা দুই ডাক্তার ও একজন নার্সকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে দাউদকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার জানান, জনতার উত্তেজনা প্রশমন করার লক্ষ্যে দুইজন ডাক্তার ও একজন নার্সকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর কারণ বিস্তারিত জানিনা।

















































