ডেস্ক রিপোর্ট ।। : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী হয়ে ঢাকা আসতে নাটকীয়তা আপাতত শেষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নরেন্দ্র মোদি নয়াদিল্লি থেকে আসবেন ৬ জুন দুপুরের আগে। কিন্তু মমতা বন্দোপাধ্যায় তার আগেই ৫ জুন রাতে ঢাকা আসবেন।বৃহস্পতিবার রাতে তার জন্য এয়ার ইন্ডিয়ার টিকেটও বুক করা হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে চটে গিয়ে মমতা বন্দোপাধ্যায়ের ঢাকা না যাওয়ার কথা প্রকাশ পাওয়ার পর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা আলোড়ন তৈরি হয়।
নয়াদিল্লি থেকে বৃহস্পতিবার তাই জরুরি ভিত্তিতে মমতার কাছে ঢাকা সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হওয়ার আমন্ত্রণ পাঠানো হয়। রাজনৈতিক দাবা খেলায় মমতা এবার রাজি হন। এরপরই তার সফরের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী বিমানের টিকেট বুকিং করা হয়। ঢাকা সফরে যাচ্ছেন না মমতা- এমন কথা চাউর হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একটি বৈঠকে যোগ দেয়ার পর মমতা সাংবাদিকদের বলেন, ‘কে বলেছে আমি বাংলাদেশে যাবো না? বাংলাদেশে আমি যাব। এ নিয়ে কোনো সংশয় নেই। যারা ভাবছেন আমি বাংলাদেশে যাব না, তাদের ধারণা ভুল।’
কলকাতায় মুখ্যমন্ত্রীর দপ্তর ‘নবান্ন’ সূত্রের খবর, ৫ জুন রাতের এয়ার ইন্ডিয়ার বিমানে মমতা কলকাতা থেকে মোদির আগেই ঢাকা পৌঁছে যাবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও আরও দু’একজন মন্ত্রী এবং সচিবালয়ের কর্মকর্তারা যাবেন। পরদিন সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে ঢাকায় যাবেন মোদি। পরে একসঙ্গে দু’জন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।
প্রসঙ্গত ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু একেবারে শেষ মুহূর্তে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে আপত্তি জানিয়ে মমতা সফরটি বাতিল করেন। প্রায় সাড়ে তিন বছরে নানা টানাপোড়েনের পর ২০ ফেব্র“য়ারি ফের শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ যান মমতা। ছিটমহল চুক্তি বাস্তবায়ন নিয়ে পূর্ণ সম্মতির কথা জানিয়ে আসেন তখনই। তিস্তার চুক্তি নিয়েও তিনি আশ্বাস দেন।























































