বিশেষ প্রতিবেদন : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। বাংলাদেশে যখন যে দলই ক্ষমতাসীন হোক না কেন, তাতে ভারতের স্বার্থ যাতে কোনোভাবেই বিঘিœত না হয়, সেই ব্যবস্থাই করছেন তিনি। এ জন্য তিনি একক কোনো দলের সঙ্গে সুসম্পর্ক নয়, দুই দলের সঙ্গেই সুসম্পর্ক রাখতে চান। ভারতকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী এবং নিজেকে আরও গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরতে চান তিনি। আগামীতে যাতে কোনো সমস্যা না হয়, সেই কারণে তিনি তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার সঙ্গে সদ্ভাব তৈরি করতে চান। বাংলাদেশকে মোদি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। সেই বিবেচনায় তিনি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও বাড়াতে চান। এ কারণে দুই নেত্রীর সঙ্গেও সুসম্পর্ক রাখতে চান তিনি। বাংলাদেশের সঙ্গে তার ও তার সরকারের সম্পর্ক আরও জোরালো করার জন্য তিনি পেছনের বিষয়গুলোও বিবেচনা করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেস সরকারের সঙ্গে আওয়ামী ও আওয়ামী জোট সরকারের সম্পর্ক সব সময়ই ভালো ছিল। কিন্তু বিএনপির সঙ্গে ততোটা ভালো ছিল না। বিএনপি অনেকটাই ভারতবিরোধী মনোভাব ভেতরে ভেতরে রাখলেও প্রকাশ্যে কখনো বৈরিতা তৈরি করেনি। তবে কংগ্রেস সরকারের সঙ্গে বিএনপির বিশেষ ভাব ছিল না। খালেদা জিয়া ভারত সফরের মধ্য দিয়ে কংগ্রেস ও বিএনপির সম্পর্কের মাত্রা নতুন করে ইতিবাচক হলেও ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি বাংলাদেশ সফরের সময়ে খালেদা জিয়ার তরফ থেকে বৈঠক করার জন্য সময় নেওয়া হলেও রাজনৈতিক কর্মসূচি হিসেবে হরতাল চলায় ওই অজুহাতে তার সঙ্গে দেখা করেননি। বিষয়টি ভালোভাবে নেননি প্রণব মুখার্জি ও ভারত সরকার। এ কারণে খালেদা ভারত সফরের মধ্যদিয়ে যে ইতিবাচক সূচনা হয়েছিল সেটা আর ধরে রাখতে পারেননি। কংগ্রেস সরকার সরাসরি বিএনপির বিরুদ্ধেই তাদের অবস্থান ঠিক করে। সেই হিসেবে ৫ জানুয়ারির নির্বাচনে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং নিজে এসে যথাসময়ে নির্বাচনের তাগিদ দেন। ভারত সরকার ৫ জানুয়ারির নির্বাচন করার জন্য সব ধরনের সহায়তা করে। বিএনপিকে নির্বাচনে আনার জন্য কংগ্রেসের তরফ থেকে কোনো চেষ্টাই ছিল না। লক্ষ্য ছিল সময়মতো নির্বাচন। সেটাতে তারা সমর্থন দেন।
এরপর ভারতে যখন নির্বাচন হয়েছে, তখন কংগ্রেস পরাজিত হয়। জয়ী হয় বিজেপি। বিএনপি বিজেপির সঙ্গে আগে থেকেই যোগাযোগ রক্ষা করছিল। সুসম্পর্ক বজায় রেখে চলছিল। বিএনপি মনে করেছিল, ভারতে বিজেপি সরকার ক্ষমতায় এলে বিএনপির জন্য লাভ হবে। কিন্তু বিএনপির সে আশা পূরণ হয়নি। কারণ বিজেপি কেবল বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি। বরং মোদি সিদ্ধান্ত নেন, বাংলাদেশে তার কেবল বিএনপির সঙ্গে সম্পর্ক রাখলেই হবে না। আওয়ামী লীগ ও আওয়ামী জোট সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। বাংলাদেশের সরকারের সঙ্গে কংগ্রেসের সুসম্পর্ক থাকলেই যে বিজেপির ভালো সম্পর্ক থাকবে না, সেটা মোদি মনে করেননি। এই কারণে তিনি তার অবস্থান স্পষ্ট করেন। তিনি দুই দলের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নেন।
সূত্র জানায়, মোদির নীতি হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখা। শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার সঙ্গেও তার সরকারের সুসম্পর্ক থাকবে। সেই সঙ্গে বাংলাদেশের জনগণের উপরও তারা আস্থা রাখবে। দুই দল, দুই নেত্রীর সঙ্গে সম্পর্ক থাকলেও তারা বিশেষ কোনো দলকে প্রাধান্য দেবে না। বরং জনগণ যে দিকে থাকবে তারাও সেই দিকে থাকবেন। মোদি সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফর করেন; তিনি সেটা বলেও যান। তিনি বলেন, কোনো দলের প্রতি নয় জনগণের প্রতি আস্থা দেখাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না, সেটাও বলেছে। যদিও সুষমা স্বরাজ খালেদা জিয়ার সঙ্গে প্রটোকলের বাইরেই ব্যক্তিগতভাবে দেখা করেন। একান্ত বৈঠকও করেন। তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়। সরকারের বাইরে বিএনপির সঙ্গে সম্পর্ক রাখার জন্যই এটা করে। বিএনপির সঙ্গে মোদি সরকার সুসম্পর্ক রাখার কারণে সরকারের ওপরও একটি চাপ তৈরি করে রেখেছেন মোদি।
বিভিন্ন দিক বিবেচনা করেই মোদি তার বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রটোকল অনুযায়ী। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন প্রটোকলের বাইরে। সেটা হবে ৭ জুন। প্রটোকল অনুযায়ী এই সাক্ষাৎ না হওয়ার সুযোগ থাকলেও তার ব্যক্তিগত আগ্রহে ও বিএনপির চেষ্টাতেই সেটা সম্ভব হচ্ছে। যদিও সরকার এই বৈঠক চাইছে না। জানা গেছে, তাদের মধ্যে বৈঠকের এক পর্যায়ে একান্ত বৈঠকও হতে পারে।























































