বিশেষ প্রতিবেদন :
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি যাতে স্থিতিশীল থাকে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। বাংলাদেশ ও এ অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের কৌশলগত সহযোগিতা জোরদার করতে সহায়ক বলেই মনে করেন মার্কিন বিশেষজ্ঞেরা।
দক্ষিণ এশিয়া বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতার জন্য সুপরিচিত শ্রীলঙ্কায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত তেরেসিটা শেফার মনে করেন, মোদি ভারতের আঞ্চলিক সম্পর্ককে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। তাঁর এ উদ্যোগের কেন্দ্রবিন্দু হলো দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। মোদি ইতিমধ্যেই নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে সে লক্ষ্য কার্যকরে পদক্ষেপ নিয়েছেন। এখন তিনি বাংলাদেশকেও তাঁর আঞ্চলিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করাতে চাইছেন।
তেরেসিটা শেফার একসময় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে মার্কিন দূতাবাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর স্বামী হাওয়ার্ড শেফার বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। শেফার বর্তমানে ওয়াশিংটনের গবেষণা সংস্থা ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন।
শেফার বলেন, ভারতের অতীতের সরকারগুলোর তুলনায় মোদি সরকার দ্বিপক্ষীয় সম্পর্কের একটি আঞ্চলিক চেহারা দিতে আগ্রহী। সে কারণেই তারা বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ, সড়ক পরিবহন চুক্তি, পানিসম্পদের ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে দ্বিপক্ষীয়তার ঊর্ধ্বে উঠে এ অঞ্চলের অন্যান্য দেশকেও অন্তর্ভুক্তির কথা ভাবছে।
শেফার মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় এ ধরনের উদ্যোগ নেওয়া হলেও কাজ তেমন এগোয়নি। মোদি, যাঁকে বরাবর কট্টরপন্থী ভাবা হতো, তিনি আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা যাচাই করে দেখতে চান বলেই মনে হয়।
মোদির সফরে তিস্তা চুক্তি সইয়ের সম্ভাবনা না থাকায় মার্কিন কূটনীতিক হতাশা ব্যক্ত করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা প্রশ্নে নিজের ভোটের রাজনীতি নিয়ে খেলছেন উল্লেখ করে শেফার বলেন, মমতার সঙ্গে মোদির একটি ভিন্ন সমীকরণ রয়েছে। একপর্যায়ে মমতাকে এ চুক্তি সই করাতে তিনি হয়তো বাধ্য করতে পারেন, যেমনটা তিনি করেছিলেন সীমান্ত চুক্তি মেনে নিতে।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করেন তেরেসিটা শেফার। তিনি জানান, ওই সফরের সময় তিনি ঢাকায় বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে ভারতের প্রতি একটি অধিক ইতিবাচক মনোভাবের আঁচ পেয়েছেন। এঁদের মধ্যে বিএনপির সমর্থকেরাও রয়েছেন, যাঁরা বিদ্যুৎ ও পরিবহন প্রশ্নে ভারতের সঙ্গে সমঝোতায় সন্তোষ প্রকাশ করেন।
দক্ষিণ এশিয়াবিষয়ক আরেক মার্কিন বিশেষজ্ঞ রাষ্ট্রদূত মাইলাম মোদির সফরের ব্যাপারে সংযত আশাবাদ ব্যক্ত করেন। মাইলাম হাসিনা সরকারের অগণতান্ত্রিক ব্যবহারের ব্যাপারে তাঁর উদ্বেগ পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তার জন্য মাইলাম সাধুবাদ জানান। তিনি মনে করেন, অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও রাজনৈতিক প্রশ্নে বাংলাদেশ পিছিয়ে আছে। তাঁর আশা, মোদি তাঁর সফরকালে শেখ হাসিনাকে অধিকতর সহনশীল হতে ও গণতান্ত্রিক পরিবেশ নির্মাণে উৎসাহ জোগাবেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এই সাবেক রাষ্ট্রদূত মনে করেন, জঙ্গিবাদ দমনের ব্যাপারটি মোদির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শেখ হাসিনার জন্যও তা গুরুত্বপূর্ণ।
জঙ্গিবাদ প্রশ্নে একই কথা বলেন শেফার। তিনি মনে করেন, ভারত যে আওয়ামী লীগ সরকারকে জোরালোভাবে সমর্থন দিচ্ছে তার মুখ্য কারণ শেখ হাসিনার জঙ্গিবাদবিরোধী অবস্থান। ঠিক একই কারণে, অন্ততপক্ষে সাম্প্রতিক নির্বাচনের সময়, বিএনপির প্রতি বিরুদ্ধ মনোভাব প্রদর্শন করে মোদি সরকার।
রাষ্ট্রদূত শেফার অবশ্য মনে করেন, মোদির সফরের সময় খালেদা জিয়ার সঙ্গে যদি তাঁর মুখোমুখি আলোচনার সুযোগ ঘটে, তারপরও ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাক, হাসিনা তা চাইবেন না। তবে মোদি যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে যথার্থই আগ্রহী হন, তাহলে তিনি সে দেশের সব মুখ্য রাজনৈতিক নেতা-নেত্রীর সঙ্গে সংলাপে আগ্রহী, অন্তত এই মনোভাবটি তাঁকে প্রদর্শন করতে হবে।























































