তাওহিদ হোসেন মিঠুঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সামনে থেকে ১০টি পেট্রোলবোমা ও ১২টি ককটেলসহ ওয়াকিলুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার (২৭ জুন) দিবাগত রাত পৌনে ৩ টায় তাকে আটক করে র্যাব-১১. সিপিসি-২ এর একটি দল।
আটক হওয়া ওয়াকিলুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শান্তিবাগ এলাকার মবিনুর রহমানের ছেলে।
কুমিল্লা র্যাব-১১ এর কমান্ডার মেজর খুরশিদ এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব সূত্র জানায়, র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পালকি সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে ওয়াকিলুরকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ১০টি পেট্রোল বোমা ও ১২টি ককটেল পাওয়া যায়।
রোববার সকাল ৯টায় র্যাব-১১ এর ডিএডি মনিরুজ্জামান বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা করেন। তাকে চান্দিনা থানায় হস্তান্তর করা হয়েছে।

















































