শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » চান্দিনায় পেট্রোল বোমা ককটেলসহ বিশ্ববিদ্যালয় ছাত্র আটক: পিতার অভিযোগ ৪ মাসে আগে অপহরণ


চান্দিনায় পেট্রোল বোমা ককটেলসহ বিশ্ববিদ্যালয় ছাত্র আটক: পিতার অভিযোগ ৪ মাসে আগে অপহরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৬.২০১৫

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

জেলার চান্দিনা উপজেলা সদর থেকে ১০টি পেট্রোল বোমা ১২টি ককটেলসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান র‌্যাব-১১। শনিবার গভীর রাতে চান্দিনা উপজেলার সদরের পালকি সিনেমা হলের সামনে ওয়াখিলুর রহমান(৩২)নামের ওই যুবক একটি হাত ব্যাগ নিয়ে মহাসড়কের পাশে সন্দেহ ভাজন ঘুরাঘুরি করছিলো এমতবস্তায় র‌্যাব-১১এর একটি টহল দল তাকে আটক করে তল্লাশী চালিয়ে ১০টি পেট্রোল বোমা ও ১২টি ককটেল উদ্ধার করে। এ বিষয়ে রোববার সকালে র‌্যাব এর ডিএডি মো. মনিরুজ্জামান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন। রবিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তবে আটক যুবক ওয়াখিলুর রহমানের পিতা মবিনুর রহমান বলেন, তার ছেলে অতিশ দিপংকর বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের মেধাবী ছাত্র। তিনি বলেন, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারী  ভোরে ঢাকার গুলশান উত্তর বাড়িধারা এলাকার  আলম ভিলা থেকে র‌্যাব পরিচয়ে কালো ও সাদা পোষাকের একটি দল তাকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে ২ মার্চ গুলশান থানায় জিডি করেছে।জিডি নং ১৩৮। তার ছেলের সাথে তানভীর নামের তার এক বন্ধুকেও আটক করা হয়। তাকে আটকের কয়েকদিন পর র‌্যাব ইয়াবাসহ কুমিল্লা সদর দক্ষিণ থানায় সোপর্দ করে। কিন্তু তিনি র‌্যাব মহাপরিচালকের নিকট আবেদন জানিয়েও ছেলের কোনো সন্ধান পাননি। তিনি আরো বলেন,সন্ত্রাসী কার্যক্রমের সাথে তার ছেলে কখনও জড়িত ছিলো না। ছেলে বেঁচে থাকার খবর শুনে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

চান্দিনা থানার এস.আই সাজেদুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা মৎস্য খামার এলাকায় র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিলার র‌্যাব পরিদর্শক ডিএডি মো. মনিরুজ্জামান ওই যুবককে আটক করে। এসময় তার কাছে থেকে ১০টি পেট্রোল বোমা ও ১২টি ককটেল উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ কুমিল্লার কমান্ডার মেজর খুরশিদ আলম জানান, আটককৃত ওই যুবকের নিখোজ কিংবা থানায় জিডির বিষয়ে র‌্যাবের নিকট কোন তথ্য নেই, গোপন সংবাদের ভিত্তিতে ১০টি পেট্রোল বোমা ও ১২টি ককটেলসহ ওই যুবককে তাকে আটক করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি