বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দিনের আন্দোলনে আটঘাঁট বেঁধেই মাঠে নামতে চান। লক্ষ্য একটাই। সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটিয়ে সরকার পতন ও নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচন।
বিএনপির সূত্র জানায়, ২০১৩ ও চলতি বছরে তিন মাসের আন্দোলনের কাঙ্খিত ফল না আসায় এখন এক লক্ষ্য ও এক উদ্দেশ্য নিয়ে বিএনপি এগুতে চায়। এই জন্য দলটি সবাইকে পাশে চাইছে। এখন দেশে বিদেশে সবাইকে পাশে আনার কাজটাই করছেন খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির কিছু গুরুত্বপূর্ণ নেতা। কুটনীতিকদের কাছেও বার্তা পাঠানো হয়েছে, এই সরকার কোন সমঝোতা করবে না। এই কারণে তাদের পতন ছাড়া সামনে আর কোন সুযোগ নেই। ফলে এটাই সফল করতে হবে।
বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে, তার ছেলেকে ও বিএনপির যোগ্য নেতাদের মাইনাস করার যে পরিকল্পনা করেছেন সেটা সফল হওয়ার আগেই ম্যাডাম গণঅভ্যুত্থান ঘটাতে চান। যে কোন মূল্যে এটা সফল করতে চান। গ্রেপ্তার বরণ করতেও তিনি প্রস্তুত। গ্রেপ্তার হলে সেটা নিয়ে কেমন করে আন্দোলন করতে হবে, অভ্যুত্থান ঘটাতে হবে সেই ব্যাপারে কাছের কয়েকজন নেতাকে বলে রেখেছেন। তিনি চান না কোন ভাবেই এই সরকার ২০১৯ পর্যন্ত ক্ষমতায় থাকুক।
সূত্র জানায়, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন ও পরবর্তী নিদর্লীয় সরকার গঠন ও তাদের অধীনে নির্বাচন করানোর পরিকল্পনা সফল করার জন্য তিনি দেশে বিদেশে কাজ করাচ্ছেন। এরই অংশ হিসাবে তিনি রোববার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই জালিম সরকারের পতন ঘটানো হবে বলে ঘোষণাও দিয়েছেন।
বিএনপির সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান কেউ আর সরকাররের সঙ্গে সমঝোতার আভাস পাচ্ছেন না। তাদের কাছে পরিস্কার সরকার। তাদেরকে মাইনাস করে বিএনপির একটি অংশ নিয়ে নির্বাচন করবেন। আর সেটা করার জন্য কাজ করছেন। সেটা তারা হতে দিবেন না। সরকারের ওই পরিকল্পনা সফল করতে দিবেন না। বরং তাদের পরিকল্পনা ব্যর্থ করতে কুটনীতিকদের কাছে সরকারের পরিকল্পনার কথা জানানোর পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেও সহায়তা চাইছেন।
খালেদা জিয়া জনগণকে এটাই বোঝাতে চান যে, তিনি বর্তমান জালিম সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চান। দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনতে চাইছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকার যে পথে হাঁটছে। তা ভুল পথ। এর আগেও কোন সরকার জুলুম নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও পারবে না। আমরা এই সরকারের পতন ঘটাবই।
বিএনপি চেয়ারপারসন পবিত্র রজমান পাশে তার পরিকল্পনা সফল করতে বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা আদায় করার চেষ্টা করছেন। বিভিন্ন দলের ইফতার পার্টিতে যাচ্ছেন এবং সবাইকে নিজের আন্দোলনে সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি জনগণের মধ্যেও সরকার বিরোধী মনোভাব গড়ে তোলার চেষ্টা করছেন। যাতে করে এর মাধ্যমে তারা মাঠে নেমে আসে। আর সরকারের পতন তরান্বিত করেন। কুটনীতিকদের যারা তাদের পাশে আছেন তারাও জনগণকেই তাদের পাশে নিতে বলেছেন। জনগণকে পাশে নিতে পারলে বিএনপির আন্দোলনে সাফল্য আসবে বলেও তারা মনে করছেন।
খালেদা জিয়া তার লক্ষ্যে পৌঁছানোর প্রাক প্রস্তুতি হিসাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রোববার বলেছেন, সরকার জালেম, অত্যাচারী ও দুর্নীতিবাজ, গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের বিদায় করতে হবে। এই পরিকল্পনা সফর করতে সবার দোয়াও চেয়েছেন। বিভিন্ন পেশার মানুষের মধ্যেও তিনি এই ব্যাপারে মনোভাব গড়ে তুলতে চাইছেন। এই জন্য পেশাজীবীদেরকে বলেছেন, রমজানে সবাই দোয়া করবেন যাতে জালেমদের দ্রুত বিদায় হয়। জনগণের গণঅভ্যুত্থানে সরকারের বিদায় হয়।
খালেদা জিয়ার ঘনিষ্ট সূত্র জানায়, তিনি বার বার জনগণের সামনে এখন এটাই বলতে চাইছেন যে দেশে গণতন্ত্র আজ নির্বাসিত। পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা নেই। প্রতিনিয়ত গুম, খুন ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এগুলো করছে জবর দখলকারী সরকার। তারা কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। এসব কাজে জড়িত সরকারের এমপি, তাদের পরিবারের সদস্যরা। এমনকি ছাত্রলীগ, যুবলীগসহ সর্বস্তরের নেতাকর্মীরা জড়িত। এই সব কথা বললে জনগণ বিষয়গুলো বিবেচনা করছেন।
পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের নাভিশ্বাস এর কথাও তুলে ধরতে চান। তিনি মনে করছেন কেবল নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বললেই হবে না। জনগণের স্বার্থে কথাও বলে তাদেরকে সচেতন করে তুলতে হবে। রোজায় সরকার জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। কষ্টে মানুষ রোজা রাখছে সেটাও বলতে চাইছেন। পাশাপাশি সরকার যে বড় বড় প্রকল্প জনস্বার্থে হাতে নিয়েছে বলছে তিনি এর সমলোচনাও করতে চান। তার মতে, সরকার বড় বড় বুলি আওড়ায় কিন্তু এদিকে তাদের কোনো নজর নেই। তারা বড় বড় প্রকল্পের নামে লুটপাট করছে।
সূত্র জানায়, পুরোপুরি পুলিশের বিরুদ্ধেও জনগণকে সচেতন করতে চাইছে। এই জন্য তিনি সব অনুষ্ঠানেই আইন, বিচার ও আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করছেন। পুলিশ বাহিনীকেও তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
তিনি বলছেন, পুলিশ জনগণের সেবক। কিছু পুলিশ চরম অত্যাচার, দুর্নীতির সঙ্গে লিপ্ত। তারা মানুষকে আটক করে টাকা চায়। না হলে ক্রসফায়ার দেয়ার হুমকি দেয়। পুলিশ এখন সরকারেরও উপরে। এদের হাত অনেক লম্বা হয়ে গেছে। তারা বলছে সরকারকে টিকিয়ে রেখেছি আমরা। আগে জানতাম আইনের হাত অনেক লম্বা। কিন্তু তার চেয়েও পুলিশের হাত লম্বা। এদের ওপর কারো নিয়ন্ত্রণ নেই।
সরকারি দলের সমলোচনাও করতে চান সেই জন্য দলীয় করণের বিষয়টি প্রাধান্য দিচ্ছেন। দাবি করছেন, এখন চাকরির মাপকাঠি দলীয় পরিচয়। অনেক দক্ষ চিকিৎসক আছেন যারা বিএনপি সমর্থন করায় তাদের চাকুরি থেকে সরিয়ে দেয়া হয়েছে।
তার আদালতে শান্ত হলে তাকে নির্বাচনের মাধ্যমে অযোগ্য করা হবে এটাকে জনগণের মধ্যে বিশ্বাস করানোর জন্য বিচার বিভাগেরও সমলোচনা করছেন।
আর বলছেন, বিচার বিভাগে দলীয়করণের কারণে বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ ন্যায়বিচার পায় না। দলীয় লোকদের বিচারক পদে বসানো হচ্ছে অথচ আওয়ামী লীগের লোকেরা খুন, লুটপাট করলেও তাদের ধরা হয় না, শাস্তি দেয়া হয় না। দেশে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন নেই। বিএনপি দেশে সুশাসন, আইনের শাসন, মানবাধিকার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।
তার উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আন্দোলনের জন্য প্রস্তুতি চলছে। অক্টোবরে কাউন্সিলের সম্ভাবনা রয়েছে। দল পুনর্গঠিত হলেই এরপর আন্দোলন শুরু হবে। এর আগে দুবার আন্দোলনে কাঙ্খিত ফল আসেনি । তবে এবার আনতেই হবে সেই মনোভাব নিয়ে সবাইকে মাঠে নামার নির্দেশ দেওয়া হবে। গুলি, অপহরণ ও আতঙ্কে নেতাদের ঘরে বসে থাকার কোন সুযোগ থাকবে না। নেতারা গ্রেপ্তার হলে আন্দোলন আরো ব্যাপক আকারে গড়ে তুলতে হবে।























































