ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কারা ওয়ার্ডের পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছে দুই জন আসামি। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের দাবি, হাসপাতালের ভেন্টিলেটর ভেঙে তারা পালিয়ে গেছে। তবে পুলিশের এ দাবি নিশ্চিত নয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কুমেকের একাধিক সূত্র।
রোববার (০৫ জুলাই) সন্ধ্যায় ইফতারের পর রাতের কোন এক পর্যায়ে তারা পালিয়ে গেছে। সোমবার ( ০৬ জুলাই) সকালে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান বাংলানিউজকে আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাতক আসামিরা হলেন, কুমিল্লা সদর উপজেলার আড়াইওড়া এলাকার তাজুল ইসলামের ছেলে তারেক (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ইয়াসিন (২০)।
কুমেক হাসপাতাল সূত্রমতে, ৫ দিন আগে আহতাবস্থায় তারেককে কুমেকের কারাওয়ার্ডে চিকিৎসার জন্য আনা হয়। আর রোববার বিকেলে আসামি ইয়াসিনকে নিয়ে আসা হয় । রোববার রাতে ইফতারের পরে কোন এক সময় পুলিশি হেফাজত থেকে তারেক ও ইয়াসিন পালিয়ে যায়।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, পালিয়ে যাওয়া আসামিদের এখনো ( সোমবার দুপুর পর্যন্ত) গ্রেফতার করা সম্ভব হয়নি। দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

















































