শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফের ৫ জানুয়ারির মতো নির্বাচনের শঙ্কা বিএনপির


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৫

44

বিশেষ প্রতিবেদনঃ

বিএনপি এখনও বিশ্বাস করে এবং মনে করে সরকার আগাম নির্বাচন দিতে বাধ্য হবে। সেই নির্বাচনে তারা অংশ নিবে। এই জন্য নির্বাচনের প্রাক প্রস্তুতি হিসাবে অক্টোবরে কাউন্সিল করার জন্য বিভিন্ন কাজ করছে।

বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ট সূত্র জানায়, বিএনপি দ্রুততম সময়ের মধ্যে সরকারের উপর আন্তর্জাতিক মহল ও জনগনকে নিয়ে এমন চাপ তৈরি করবে যাতে করে সরকার এখন যাই বলুক না কেন ২০১৯ এর আগেই একটি আগাম একটি নির্বাচন করবে। ওই নির্বাচনে তারা অংশ নিবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকারের সঙ্গে আমরা আলোচনায় বসতে চাই। ম্যাডাম সেই আভাসও দিয়েছেন। কেমন করে কোন সরকারের অধিনে নির্বাচন হবে সেটাও স্পষ্ট করেছেন। এরপরও যদি সরকার আলোচনায় আসতে না চায় তাহলে বুঝতে হবে সরকার সংকটের সমাধান চায় না। জনগণের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিতে চায় না।

তিনি বলেন, সরকার কেবল নিজেরা তাদের পরিকল্পনা ও লক্ষ্য সফল করার জন্য পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে চায়। সেটা সরকার পারবে না। জনগণও তা চায় না।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য যাদেরকে আগামী নির্বাচনে ৩০০ আসনে মনোনয়ন দেওয়া হতে পারে সেই তালিকাও ঠিক করে রেখেছেন। সেই সঙ্গে নির্বাচনের দায়িত্বও সিনিয়র বেশ কয়েকজন নেতাকে দিতে চান।

সূত্র জানায়, বিএনপির বিশ্বাস ছিল সরকার ২০১৪ সালেই প্রথম কোয়ার্টারেই একাদশ নির্বাচন করবে। সেই হিসাবে তারা ওই সময়ে সব প্রার্থীও ঠিক করেছিল। সরকারের সঙ্গে মধ্যস্থতা করেই ৫ জানুয়ারি নির্বাচন থেকে সরে এসেছিল। কিন্তু তাদের সেই পরিকল্পনা মতো নির্বাচন হয়নি। তারপরও বিএনপি মনে করছে জাতিসংঘ মহাসচিব বান কি মুন আসার পর সরকার ও বিএনপির সঙ্গে আলোচনা করার পর একটি সমঝোতা হবে।

বিএনপি এমন আশা করলেও সরকারী দলের সাধারণ সম্পাদক ও জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্পষ্ট করে বলে দিয়েছেন, একাদশ নির্বাচন সরকারের মেয়াদ শেষে হবে। মধ্যবর্তী নির্বাচন হবে এমন কোনও আভাস দেননি। তবে উড়িয়েও দেননি। পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর ইচ্ছের উপর ছেড়ে দিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন কয়েকদিন আগে তার অবস্থান পরিষ্কার করে জানান, নির্বাচন তত্ত্বাবধায়ক নয় নির্দলীয় ও নিরেপক্ষ সরকারের অধীনে হলেই হবে। শেখ হাসিনার সঙ্গে আলোচনায়ও বসার আহ্বান জানান। কিন্তু সেই আহ্বানের ব্যাপারে সরকার এতদিন তার মনোভাব স্পষ্ট না করলেও সৈয়দ আশরাফ শনিবার তা স্পষ্ট করেন।

সৈয়দ আশরাফ বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে আমাদের দলের মধ্যে কোনো আলোচনা হয়নি। প্রধানমন্ত্রী এ বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনা করেননি। আমরা ৫ বছর পরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সবার অংশগ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী চাইলে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করে যেকোনো সময় মধ্যবর্তী নির্বাচন দিতে পারেন। এ ধরনের কোনো আলোচনা দল বা সরকারে এখনও হয়নি।

পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতার স্মরণ করিয়ে দিয়ে এটা বলেছেন, উনি যদি প্রয়োজন মনে করেন, যে কোনো সময় হবে। না হলে যথাসময়ে হবে। উনি ইচ্ছা করলে এই ক্ষমতা প্রয়োগ করতেও পারেন, নাও পারেন। পাঁচ বছরের মাথায় দেশে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। প্রধানমন্ত্রীও সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বরং আগামী নির্বাচনে বিএনপি যদি না আসে তাহলে তাদের অস্থিত্ব বলতে কিছু থাকবে না।

আশরাফ বলেন, আগামী নির্বাচন হবে বর্তমান সংবিধান অনুযায়ী। আমরা আশা করি, সবাই সেই নির্বাচনে অংশ নেবে।

এদিকে বিএনপি এটা মানতে নারাজ। বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন শনিবার বলেছেন, ক্ষমতাসীনদের অধীনে দেশে কোনো সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ নির্বাচনের কোনো পথ খোলা নেই। এ জন্য দ্রুত একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে করণীয় ঠিক করতে সবার সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করার দাবি জানান তিনি।

তার মতে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে বলে জানিয়ে জাতিকে হতাশ করেছেন। এর মধ্য দিয়ে তিনি এই শঙ্কা জাগিয়ে তুলেছেন যে, দেশে আবারও একটি ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন ৫ শতাংশের সরকার গঠিত হবে।

তবে সরকার মনে করছে, বিএনপি যাই আশঙ্কা করুক না কেন, নির্বাচন বর্জন করলে কোনো লাভ হবে না। তারমতে, আপনি জেনেও যান নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা নেই, তাহলেও নির্বাচনে অংশ নেওয়া উচিত। তিনি বিএনপিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ করেন। ওই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি