বন্দুকধারী সন্ত্রাসী ওয়াসিম আকরামকে চিনতে পারায় তিনি জীবনে বেঁচে গেছেন- এমনটাই জানালেন স্বয়ং পাকিস্তানের এ কিংবদন্তি বোলার। ওয়াসিম আকরাম বলেন, ‘আমি নিজের গাড়িতে করে করাচি জাতীয় স্টেডিয়ামে যাচ্ছিলাম। পেছন থেকে একটি গাড়ি বারবার আমার গাড়িকে ধাক্কা দিচ্ছিল। গাড়ি থেকে নেমে আমি আমার ক্ষতিগ্রস্ত গাড়ি দেখানোর চেষ্টা করি। এ সময় বেশকিছু মানুষ জড়ো হয় সেখানে। পেছনের গাড়ি থেকে একজন বের হয়ে আসেন।
বন্দুকে গুলি লোড করে সরাসরি আমার দিকে তাক করে। তখন একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। আমি কেঁপে উঠি। হঠাৎ ভিড়ের মধ্য থেকে একজন চিৎকার করে বলে ওঠেন, ‘আরে কী করছো? কাকে মারছো? ইনি ওয়াসিম আকরাম’। সে তখন আমার দিক থেকে বন্দুকের নল সরিয়ে নিয়ে আমার গাড়িতে গুলি করে। এরপর আকাশের দিকে কয়েকবার গুলি করে পালিয়ে যায়।’
আকরাম বলেন, ‘গাড়ির সঙ্গে গাড়ির ধাক্কা লাগতেই পারে। ভারতের কোলকাতাতেও আমি গাড়ির ধাক্কা খেয়েছি। পৃথিবীর যেকোনো দেশে এমন ঘটনা ঘটে। কিন্তু পার্থক্য হলো, আমাদের এখানে অনেকেই যত্রতত্র বন্দুক বহন করে। এমন ঘটনা পৃথিবীর কোথাও হয়তো সম্ভব নয়। এ কারণেই ভয়।’
ভক্তদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি সব সময় ১০ মিনিট হাতে রেখেই রাস্তায় বের হই। রাস্তায় জ্যামের কথা বলা যায় না। এমন করলে আপনাকে গাড়ি চালানোয় তাড়াহুড়ো করতে হবে না। ভক্তদেরকেও আমি একই পরামর্শ দিবো।’ – See more at: http://www.dailynayadiganta.com/detail/news/44573#sthash.Poh9Ponl.dpuf


























































