ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব চলছে। কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ও দালাল চক্র বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন দেবিদ্বার জোনাল অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে গ্যাসের আবাসিক সংযোগ দেয়ার মাধ্যমে সাধারন গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কুমিল্লা জেলা অফিসের এমডি এসব লাইনকে অবৈধ বললেও দেবিদ্বার জোনাল অফিসের সহযোগিতায় অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগের রমরমা বানিজ্য।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ধামঘর, করিমপুর, নগরপাড়, ছালিয়াকান্দি, গকুলনগর, ত্রিশসহ অর্ধশতাধিক গ্রাম , বোড়ারচর থেকে জাহাপুর পর্যন্ত ৩০ হাজার ফুট এবং ভুবনঘর থেকে দড়িকান্দি হয়ে দুলারামপুর পর্যন্ত ১১ হাজার ফুট পাইপলাইন নির্মান কাজ চালিয়ে যাচ্ছে এই চক্রটি। বাখরাবাদ কর্তৃপক্ষের অনুমোদনহীন পাইপলাইন স্থাপন করে অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে ঠিকাদার ও দালাল চক্র। এর মাধ্যমে সাধারন গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
এ বিষয়টি এলাকায় অনেকটা ওপেন সিক্রেট হলেও জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিতে দেখা যায়নি। এতে করে আরও বেপরোয়া হয়ে উঠেছে গ্যাস চোরাই সিন্ডিকেট গুলো।
সর্বশেষ গত শুক্রবার মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামে ২ শতাধিক গ্রাহক থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে সিন্ডিকেটটি পূর্ব পাড়া সরকার বাড়ির রাস্তার উপর থেকে রাতের-অন্ধকারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ’র (বিজিডিসিএল) নিজস্ব পাইপলাইন থেকে অবৈধ প্রায় ৩ হাজার ফুট গ্যাস লাইন সংযোগের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বিজিডিসিএলের দেবিদ্বার জোনাল অফিসের আওতাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও উপজেলার ধামঘর গ্রামের আব্দুর রহমান মোল্লার ছেলে মজিবুর রহমান খোকন ওই গ্রামে অবৈধভাবে আবাসিক গ্যাস সংযোগ দেয়ার শর্তে গ্রাহক প্রতি ৬০ থেকে ৮০ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে। চক্রটি বাখরাবাদ গ্যাস সিস্টেমের কতিপয় কর্মকর্তার যোগসাজশে পাইপলাইন থেকে চুরি করে গ্যাস সংযোগ দেয়া শুরু করে। নি¤œমানের পাইপ ব্যবহার করে ও ইলেক্ট্রিক লাইনে ওয়েল্ডিং করে ঝুঁকিপুর্ণভাবে বেশকিছু গ্রাহককে গ্যাস সংযোগ দেয়াসহ লাইন নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাসের দেবিদ্বার জোনাল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার বাপ্পি জানান, এ বিষয়ে অনেক অভিযোগ, থানায় জিডি, তদন্ত হয়েছে। আমরা আগামি দুয়েক দিনের মধ্যে ভ্রামমান আদালতের মাধ্যমে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করব।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস অফিসের কুমিল্লা জেলা ব্যবস্থাপনা পরিচালক মানিক মোহাম্মদ নিজামুল হাসান শরীফ জানান, আমি এসব শুনেছি। আমাদের লোক গিয়ে অভিযান চালিয়ে এসব লাইন উচ্ছেদ করে আসার পর তারা আবার অবৈধ সংযোগ দেয়। এসব বিষয়ে আমি সেন্ট্রালকে অবহিত করেছি। খুব শীঘ্রই আবার আবার অভিযান চালাবো। এসব চক্র গ্যাস সংযোগের নামে অনেক টাকা নিচ্ছে ,তারা আবার ভুয়া বিল বানিয়ে টাকা উঠিয়ে নিচ্ছে। এ বিষয়ে এবার শক্ত পদক্ষেপ নেয়া হবে।

























































