শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আ’লীগ-বিএনপির তৃণমূল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৫

Election-commission-Logo

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির স্থানীয় অধিকাংশ নেতাকর্মী হয় কারাগারে অথবা তারা মামলা-হামলার কারণে দৌড়ের উপরে রয়েছে। ডিসেম্বরে পৌরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির তৃণমূলের অন্তত ৭জন স্থানীয় নেতা জানিয়েছেন, তাদের আন্দোলন করার কোন অধিকার দিচ্ছে না সরকার। তাই তারা আন্দোলন বাদ দিয়ে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। দলীয় তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আসন্ন স্থানীয় নির্বাচনের জন্য কাজ করছেন তারা।

পৌর মেয়র পদপ্রার্থী হতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি তৃণমূল পর্যায়ে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দূর করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ জানান, ৩১৭টি পৌরসভার মধ্যে ডিসেম্বরে ২৫০টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কমিশনের সূত্র জানায়, নির্বাচনের প্রস্তুতি চলছে নভেম্বরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বিএনপির কেন্দ্রীয় নেতারা এখনো পৌর নির্বাচনের কোন প্রস্তুতি নেননি। পৌরসভা নির্বাচন সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, দলীয় ফোরামে স্থানীয় নির্বাচন নিয়ে এখনও আলোচনা হয়নি। তবে তৃণমূল নেতারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল।

তিনি আরো জানান, নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে তাদের ভাবমূূর্তি ফিরিয়ে আনতে হবে। জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় নির্বাচনের আগে কমিশনারদের পুনর্গঠন করতে হবে। বর্তমান কমিশন দলীয় হয়ে পড়েছে। দলীয়করণ থেকে কমিশনকে মুক্ত করতে হবে।

এদিকে বিএনপির চাঁপাইনবাবগঞ্জ শহরের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন স্থানীয় নেতা কর্মীদের নিয়ে পৌর নির্বাচনের কাজ শুরু করে দিয়েছেন। আর নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও তৃণমূলের নেতাকর্মীদের পৌর নির্বাচনের জন্য তৈরি হতে নির্দেশনা দিয়েছে জামায়াত। ভোটারদের আকৃষ্ট করতে তারা প্রচারাভিযানও শুরু করে দিয়েছেন।

বিগত জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোটারদের ভোটাধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় এক জামায়াত নেতা। ক্ষমতাসীনরা তাদের নিজস্ব জনবল ও ক্ষমতা দিয়ে ভোট থেকে সাধারণ নাগরিকদের বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন এ জামায়াত নেতা।

ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তত ৪জন তৃণমূল নেতা জানিয়েছেন আসন্ন পৌরসভা নির্বাচনে একজন করে প্রার্থী দাঁড় করানো দলের জন্য কঠিন হবে। রংপুর বিভাগের আওয়ামী লীগের নগর শাখার সভাপতি বলেন, প্রার্থীরা মনে করছেন ক্ষমতাসীন দলের পতাকায় প্রার্থীতা দাখিল করলে জয়ী হওয়া সহজ হবে। তাই একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা খবুই বেশি।

নীলফামারি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম বলেন, পার্টির শীর্ষস্থানীয় নেতাদের মন জয় করে মনোনয়ন পেতে লবিং শুরু করে দিয়েছেন তৃণমূল নেতারা। একটি পৌরসভার জন্য অন্তত চারজন করে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। ২০১১ সালে সর্বশেষ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে প্রথম ধাপে ৯৭টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির সমর্থিত প্রার্থীরা ৪৩টি চেয়ারম্যান পদে জয়ী হন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পান ৩৪টি আর জামায়াত সমর্থিত প্রার্থী পান ১২টি চেয়ারম্যান পদ। তবে চতুর্থ ধাপে আওয়ামী লীগ সমর্থিত পদপ্রার্থীরা বেশিসংখ্যক পদে নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি জোট নির্বাচন বয়কট করেছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি