শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিদেশিদের দিকে তাকিয়ে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৫

bnp-1422713204
বিশেষ প্রতিবেদকঃ

কয়েকটি দেশ ছাড়া অন্যদের সঙ্গে সরকারের সম্পর্ক দিনদিন জোরালো হচ্ছে। বারবার চেষ্টা করা হলেও এখনও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরালো তেমনভাবে করতে পারেনি সরকার। তবে চেষ্টার কমতি নেই। পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের হাইকমিশন ও দূতাবাসসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এ ব্যাপারে কাজ করছেন। প্রধানমন্ত্রী নিজেও কাজ করছেন। বিদেশি হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিদেশিদের মধ্যে আতঙ্ক তৈরি করে বিএনপি যাতে সুবিধা নিতে না পারে সেজন্য সরকার আন্তর্জাতিক মহলের আস্থা অর্জনে ও তাদের নিজেদের পাশে রাখতে নতুন করে আরও উদ্যোগ নিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী আগামী দুই মাসে পাঁচটি দেশ সফরকেও কাজে লাগাতে চান সম্পর্ক উন্নয়নের জন্য।

বিশ্বস্ত সূত্র জানায়, সরকারের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে আরও উন্নতি হলেও এখনও পর্যন্ত ৫ জানুয়ারির নির্বাচনে যারা বিরোধিতা করেছিলেন তারা সরকারের সঙ্গে রুটিন সম্পর্ক রেখে চলেছে। সেখানে ভালো সম্পর্ক তৈরি করা সম্ভব হয়নি। টানাপোড়েন রয়েই গেছে। এই কারণে সরকার বিভিন্নভাবে ওই সব দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার ও গভীর করার চেষ্টা করছে। সেই সঙ্গে বাণিজ্য বৃদ্ধিরও চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এ ব্যাপারে চেষ্টা করছেন। তিনি তার বিদেশ সফরের সময়ে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে কথা বলেছেন। তাদের এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে, যাতে করে সম্পর্ক উন্নয়ন হয় এবং সাংবিধানিকভাবে তার নির্বাচনের বাইরে কিছুই ছিল না সেই অবস্থানও নির্বাচনের ব্যাপারে তুলে ধরছেন। তিনি সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করেছেন।

সরকারের নীতিনির্ধারক একজন মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা ২০১৯ সাল পর্যন্ত এই সরকারের ধারাবাহিকতা রক্ষা করা। নানা দিক থেকে আগাম নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি করার চেষ্টা চলছে । সেটা যাতে সফল না হয় সেই জন্য সরকারও বসে নেই। সরকার চাইছে আগামী আরও তিন বছরের বেশি সময় এই সরকারের ধারবাহিকতা অনুযায়ী ২০১৯ সালে নির্বাচন করা। সম্প্রতি দেশে বিদেশি হত্যাকাণ্ডের ঘটনার পেছনে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে সরকারের কাছে খবর রয়েছে। এর পেছনে বিএনপি-জামায়াত কাজ করছে বলেও সরকার মনে করছে। তারা যাতে দেশের পরিস্থিতি খারাপ করতে না পারে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক রেখেছে। তারা বিএনপি ও জামায়াতের যারা এই ধরনের চেষ্টা ও পরিকল্পনা করছেন তাদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তাদের গ্রেফতারেরও অভিযান চলছে। এই অভিযান আরও জোরালো করা হবে।

এদিকে সূত্র জানায়, সরকার ও বিএনপি দুই পক্ষই চাইছে আন্তর্জাতিক মহলকে তাদের পাশে রাখতে। বিএনপির শীর্ষ নেতারা অবশ্য সরাসরি চেষ্টা করার সুযোগ তেমনভাবে পাচ্ছেন না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাগণ ও দলের মহাসচিব এই ব্যাপারে সরাসরি কাজ করতে পারছেন না। কারণ তারা বিদেশে তেমন কোনো দেশের সরকারের তেমন কারও সঙ্গে বৈঠক করতে পারছেন না সেখানে গিয়ে। বিদেশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশে সফরে এসেছেন এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিশা দেশাইসহ কয়েকজনের সঙ্গে বৈঠক করেছেন। তাদের অবস্থান তুলে ধরেছেন।

বিএনপির বিভিন্ন স্তরের নেতারা কাজ করছেন এমন কথা শোনা গেলেও তারেক রহমান পেশাগতভাবেই যাতে কাজটি হয় এই জন্য তারা সরকারের বিরুদ্ধে কাজ করানোর জন্য লবিং ফার্ম নিয়োগ করেছেন। ওই লবিং ফার্ম তাদের পক্ষে কাজ করছে। এছাড়াও বিএনপির কয়েকজন নেতা বিদেশে থেকে এই ব্যাপারে কাজ করছেন। কিন্তু তেমন কোনো সুবিধা করতে পারছেন না। বিএনপি মনে করছে এখন বাংলাদেশে যে অবস্থা চলছে তাতে করে সরকারের কর্মকাণ্ড এমন অবস্থায় রয়েছে তাতে বিদেশিরাই বুঝতে পারবে কি করণীয় আছে তাদের। সেই হিসেবে তারা এখন কাজও করছে। সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করছে। তবে বিএনপির শীর্ষ পর্যায় থেকে তেমন কোনো সাফল্য আসছে না। নানা চিঠি চালাচালি ও প্রতিবেদন এবং সিডি জমা দিয়েছেন, এরপর সরকারের উপর সাময়িক চাপ তৈরি হলেও তা আবার ভাটা পড়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, বিএনপি আন্তর্জাতিক মহলের সঙ্গে সুসম্পর্ক সব সময়ই রেখে আসছে। তবে তাদের সরাসরি হস্তক্ষেপ চায় না। এই কারণেই চাইছে, দেশের সমস্যার সমাধান নিজেরাই করতে। সেটা জনগণকে নিয়ে আমরা করতে চাই। এই জন্য আমরা আন্তর্জাতিক মহলের সঙ্গে ভালো সম্পর্ক রাখছি। তবে তারা এসে সমস্যার সমাধান করে দেবে এই জন্য বসে নেই। কারণ বিদেশিরা তো দেখছেন এই দেশে কি হচ্ছে। পাশাপাশি জাতিসংঘও দেখছে। জাতিসংঘ বার বারই বাংলাদেশের সংকট নিরসনের জন্য সংলাপের কথা বলছে। কিন্তু সরকার তো তা করছে না। সরকার ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছে। সেটা তো সম্ভব নয়। এটা সরকারি দলও জানে।

সরকারের একটি সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও তার পুত্র বিদেশে বসে তারা দেশের বিরুদ্ধে ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সরকার এই সব কোনো ষড়যন্ত্র করছে না। সরকার কোনো কোনো দেশের মধ্যে যে বিএনপির দেওয়া তথ্যের ভিত্তিতে ভুল ধারণা তৈরি হয়েছে, সেটাই দূর করতে চাইছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি ও জামায়াত চেষ্টা করছে সরকারের উপর চাপ তৈরি করতে। কিন্তু চাপ দিয়ে একটি মধ্যবর্তী নির্বাচন আয়োজনের কোনো সম্ভাবনা নেই। এই জন্য বিএনপি ও জামায়াত যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না। তবে তারা তো চেষ্টা করতেই থাকবে। তাদের এই ধরনের কর্মকাণ্ড আমরা প্রতিহত করার জন্য উদ্যোগ নিয়েছি। এরপরও তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছেন। এটা আমরা প্রতিহত করব।

এদিকে, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খবর রয়েছে আগামী ২০১৬ সালের ৫ জাুনয়ারিকে সামনে রেখে বিএনপি ও জামায়াত আবারও আন্দোলনের ছক কষছে। তারা ২০১৫ সালে তিন মাস আন্দোলন করে যেটা করেছে এর চেয়ে আরও খারাপ কিছু করতে পারে। সেটা আর করতে পারবে না। সরকারের আশঙ্কা, তারা যদি একের পর এক বিদেশিদের টার্গেট করে ঘটনা ঘটানোর পরিকল্পনা করতেই থাকে তাহলে দেশে একটা অস্থিরতা তৈরি হতে পারে।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বিএনপি ও জামায়াত যেটা করছে সেটা ভুল। তাদের ভুলের মাশুল সরকার দেবে না। এই কারণে আগাম কোনো নির্বাচন হবে না। আসলে বিএনপি-জামায়াত জোট দেশ ও সরকারকে অস্থিতিশীল করে ক্ষমতায় আসতে চাইছে। এই জন্য নাশকতা, হত্যা, বোমাহামলা, পেট্রল বোমা হামলার ঘটনা ঘটিয়েছে ও ঘটাচ্ছে। তারা বিদেশিদের এজেন্ট হিসেবে কাজগুলো করতে পারে। আগামী দিনেও চেষ্টা অব্যাহত রাখতে পারে। সেটা মেনে নেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে কাজ করছে। আমরা এটা মনে করি বিএনপি ২০১৪ সালে যে আন্দোলন করেছে এবার ঠিক একই ধরনের কর্মসূচি দিলে সেটা বাস্তবায়ন করতে পারবে না। কারণ সেগুলো প্রতিহত করার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে তারা গুপ্ত হামলা, ঝটিকা মিছিল, সংঘর্ষের ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। সেটাও যাতে না পারে সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি