বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ১৬ নভেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। এর আগে ১০ নভেম্বর দেশে ফেরার কথা ছিলো বেগম খালেদা জিয়ার। কিন্তু চিকিৎসকের পরার্মশে তিনি ফেরার তারিখ পরির্বতন করেন।
চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান তার ফেসবুকে লিখেছেন, বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা চিকিৎসকের পরামর্শে ক’দিন পিছিয়েছে। চিকিৎসকের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে তার ১০ নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসার কথা ছিল। গত ৪ নভেম্বর চিকিৎসকের সংগে সাবেক প্রধানমন্ত্রীর এপয়েন্টমেন্ট ছিল। ডাক্তার তাঁকে আরো কয়েকদিন পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছেন। লন্ডন সফরে যাবার পর বিএনপি চেয়ারপার্সনের একটি চোখে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তাঁর অপর চোখ এবং হাঁটুর চিকিৎসা চলছে। তিনি মোটামুটি সুস্থ আছেন। বর্তমানে তাঁর দেশে ফেরার ব্যাপারে এমিরেটস এয়ারলাইন্সে বুকিং পরিবর্তন করে ১৬ নভেম্বর পুন:নির্ধারণ করা হয়েছে। চিকিৎসকের ছাড়পত্র পেলে বেগম খালেদা জিয়া ঐ তারিখে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই সফরে তার সঙ্গে ছিলেন একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা আখতার। প্রায় দুই মাস লন্ডনে অবস্থানকালীন সময়ে বেগম জিয়া তার বড় ছেলে তারেক রহমান ও ছোট ছেলে আরাফত রহমান কোকোর পরিবারের সঙ্গে একান্তে সময় কাটান ও তার চোখ ও হাঁটুর চিকিৎসা করান।
গত ১৬ সেপ্টেম্বর থেকে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়া প্রথমবারের মতো ৩ নভেম্বর রাতে যুক্তরাজ্যে সেন্ট্রাল লন্ডনের রিভারব্যাংক পার্ক প্লাজা হোটেলে নাগরিক সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। সভামঞ্চে খালেদা জিয়ার পাশে ছিলেন ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। দর্শক সারিতে তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও ঢাকা উত্তরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়াল ছিলেন। এতে তারেক রহমানও বক্তব্য রাখেন। এটাই মা-ছেলের আনুষ্ঠানিক কোনো বড় জমায়েতে একসঙ্গে প্রথম বক্তৃতা। খালেদা জিয়া এর আগে ২৪ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।
এদিকে খালেদা জিয়ার দেশে ফেরার অনিশ্চয়তা নিয়ে নানা ধরণের খবর প্রকাশ পায়। ক্ষমতাসীন দলের অনেক নেতা তার লন্ডন সফর ও দেশে ফেরার নিয়ে নেতিবাচক বক্তব্য দেয়। দেশে ফেরার নিয়ে নেতিবাচক এসব মন্তব্যের জবাব দেন খালেদা জিয়া নিজেই। প্রায় দুই মাস লন্ডনে অবস্থানের কারণ ব্যাখ্যা করে খালেদা জিয়া বলেন, চিকিৎসা ও পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি লন্ডনে একান্ত ব্যক্তিগত সফরে এসেছেন। পরিবারের লোকজন তাকে আরও কিছুদিন রেখে দিতে চায় জানিয়ে তিনি বলেন, আপনারা জানেন দেশের কী অবস্থা। সে জন্য আমাকে যেতেই হবে। এসময় বিএনপি চেয়ারপারসন দেশের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে ‘জাতীয় ঐক্য’ গড়ে তোলার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রাজতন্ত্র’ কায়েম করেছেন ও দেশের বর্তমান অবস্থার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন।























































