রাজধানীর কাফরুল এলাকায় মিলিটারি পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা তদন্ত করছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কাফরুল এলাকায় কর্তব্যরত একজন মিলিটারি পুলিশকে একজন পথচারী পেছন থেকে ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাত করে। এতে উক্ত মিলিটারি পুলিশ সদস্য সামান্য আহত হন। কর্তব্যরত অন্য সামরিক সদস্যগণ সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করেছে। বিস্তারিত জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।’
সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
মঙ্গলবার সকাল ৯টার কিছু পর কচুক্ষেত এলাকায় একজন দুর্বৃত্তের হামলায় এক মিলিটারি পুলিশ (এমপি) আহত হন। এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। আহত মিলিটারি পুলিশের নাম সামিদুল ইসলাম। তিনি ১৩-এমপির ল্যান্স করপোরাল।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আজ সকালে মিলিটারি পুলিশের ওপর চাপাতি দিয়ে যে আঘাত করা হয়েছে, আমরা অ্যালার্ট ছিলাম বিধায় তাৎক্ষণিকভাবে তাকে (হামলাকারী) গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আমাদের আইনশৃক্সখলা বাহিনী তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করে চাপাতিসহ আটক করে।’
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার পৃষ্ঠপোষক, নির্দেশদাতা ও অর্থদাতাকে খুঁজে বের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
গত ২২ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গাবতলীতে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় দুর্বৃত্তদের হামলায় উপপরিদর্শক (এএসআই) ইব্রাহীম মোল্লা নিহত হন। সর্বশেষ গত ৪ নভেম্বর আশুলিয়ার নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে তল্লাশিচৌকিতে দায়িত্ব পালনের সময় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মুকুল নামের এক পুলিশ সদস্য নিহত হন।
আর এ দুটি হত্যাকা-ের দায় স্বীকার করে বিবৃতি দেয় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী। তবে এ দাবি অস্বীকার করে আসছে পুলিশ।























































