শুরু হয়েছে ক্ষণ গণনা। যেকোন সময় বাজতে পারে ঘন্টা। আর এই ঘন্টাবাজার সঙ্গে সঙ্গেই ঘটবে শীর্ষ পর্যায়ের দুই নেতার জীবন ইতি। একরকম বলা যায় বিএনপির দাপুটে নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জীবন এখন কনডেম সেলে বন্দি। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই কনডেম সেলেই জীবনের শেষ দিনগুলি কাটবে শীর্ষ প্রভাবশালী এই দুই নেতা।
শুধু সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদই নয়, এর আগে জামায়াত নেতা কাদের মোল্লাও হয়তো ভাবতে পারেননি তাদের অতীত কৃতকর্মের জন্যে, ৭১ মানবতাবিরোধী অপরাধের দায়ে তাদের ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হবে।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী শুধু যে বিএনপির একজন দাপুটে নেতাই ছিলেন তাই নয়, এরশাদ সরকারের আমলেও তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তিনি ছিলেন ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য। এছাড়াও তিনি ছিলেন অরগানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ (ওআইসি) এর মহাসচিব প্রার্থী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতা বিরোধী অপরাধ মামলার রায় পক্ষে পেতে নানা দলিল দস্তাবেজ এমনকি সরাসরি পাকিস্তানের ৫ বিশিষ্ট ব্যক্তিকেও সাফাই সাক্ষী হিসেবে বাংলাদেশের আদালতে হাজির করার চেষ্টা করা হয়েছে। চলতি বছরের ১৪ অক্টোবর বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় এমন এক খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে বিএনপি এই নেতার সাফাই সাক্ষীর বিষয়টি।
এ নিয়ে বাংলাদেশের বিশ্লষকদের কেউ কেউ বলেছিলেন, আইনের বিবেচনায় বিএনপির এই নেতার পক্ষে কেউ সাফাই সাক্ষী দিতে পারবেন না। আবার কেউ বলছেন, ন্যায়বিচারের স্বার্থে সাফাই সাক্ষী দেওয়ার অনুমতি পেলে রায়ে পরিবর্তন আসতে পারে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে অনুমোদন না পাওয়ায় পাকিস্তানী ঐ ৫ নাগরিক আদালতে তাদের এফিডেভিট দাখিল করতে পারেনি।
এইদকে, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
এদিকে, কনডেম সেলেই যে বিএনপি ও জামায়াতে এই দুই নেতার শেষ জীবনের দিনগুলি কাটাতে হবে তা হয়তো তাদের স্বজনরাও মেনে নিয়েছে। ইতিমধ্যেই সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী বলেছেন, তার স্বামীর কবর প্রস্তুত করতে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার ধানমন্ডির বাসা থেকে রাউজানের গহিরায় ‘বায়তুল বিলালে’ অবস্থানরত সাকা চৌধুরীর চাচাতো ভাই ফেরদৌস চৌধুরীকে ফোনে সাকাপত্মী এই অনুরোধ করেন।
অন্যদিকে, জামায়াত নেতা মজাহিদের ফাঁসি কার্যকরের পর যাতে তার মরদেহ ফরিদপুরে নিজ গ্রামে নিতে দেওয়া হবে না, এমন ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। তবে তার কবর কোথায় দেওয়া হবে তা এখনো জানায়নি পরিবার।


























































