‘বাপ কা বেটা’ প্রবাদটি যেন বাস্তব হয়ে উঠলো শচিনপুত্র অর্জুনের ক্ষেত্রে। বাবা শচিন টেন্ডুলকার দীর্ঘ দুইযুগ ব্যাট-হাতে ক্রিকেটবিশ্বকে শাসন করেছেন। ছেলে কম যাবেন কেন? মঙ্গলবার জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেটবিশ্বে নিজের আগমনের জানান দিয়েছেন ১৬ বছর বয়সী এই অলরাউন্ডার।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে অর্জুন খেলছেন সুনীল গাভাস্কার একাদশের হয়ে। এ দিন রোহিত শর্মা একাদশের বিপক্ষে ১০৬ রানের ইনিংসটি উপহার দেন অর্জুন। তার শতকে ভর করে গাভাস্কার একাদশ ২১৮ রানের সংগ্র পায়। দলের মোট সংগ্রহের ৪৮.৬ ভাগ রানই অর্জুনের।
তবে মজার বিষয় হচ্ছে, অর্জুন যে মাঠে সেঞ্চুরিটি করেছেন, সেটার নামও আবার তার বাবার নামেই। শচিন টেন্ডুলকার জিমখানা গ্রাউন্ডস।
অর্জুন এরআগে গত বছরের সেপ্টেম্বরে মাত্র ৪২ বলে ১১৮ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেছিলেন।
সুনীল গাভাস্কার একাদশের কোচ বিকাশ সত্যম, অর্জুনের এই ইনিংস দেখে যারপরনাই মুগ্ধ। তিনি বলেন, ‘অর্জুন ভয়ডরহীন ব্যাটিং করেছে এবং কখনোই নিজের ওপর চাপ আসতে দেয়নি। একপ্রান্তেÍ আমরা উইকেট হারাচ্ছিলাম, কিন্তু অর্জুন আরেকপ্রান্ত আগলে রেখে দায়িত্বের সঙ্গে ব্যাটিং করেছে।’
অর্জুন গত আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের বোলিং কোচ পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের কাছ থেকে টিপস নিয়েছিলেন।


























































