শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গ্রেফতারের প্রতিবাদে ওষুধের দোকান বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৫

 

ctg_farmecy_strike_BG_562291689

চট্টগ্রাম প্রতিনিধি :

ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতে হামলার ঘটনায় গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে চট্টগ্রামের ওষুধ ব্যবসায়ীরা রোববার সকাল থেকে নগরীর সব ওষুধের দোকান বন্ধ রেখেছে। জানা গেছে গত মঙ্গলবার ভেজাল ওষুধ রাখার দায়ে ১২ জনকে গ্রেফতারের প্রতিবাদে ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করছে। এ কর্মসূচি দুপুর ২টা পর্যন্ত চলবে

এদিকে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রামের সভাপতি এসকে শিকদার অভিযোগ করে বলেছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আনসার সদস্যরা ভেজাল ওষুধের সঙ্গে বিক্রিযোগ্য ওষুধ নিয়ে যাওয়ায় ব্যবসায়ীরা প্রতিবাদ করেছিল। এতে নিরিহ ১২জনকে গ্রেফতার করেছে। আমরা এই অন্যায়ের প্রতিবাদে ওষুধের দোকান বন্ধ রেখেছি।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীতে পাইকারি ওষুধ বিক্রয়ের সবচেয়ে বড় বাজার হাজারী লেইনের প্রবেশপথে কে সি দে রোডে একটি অভিযান চালাতে যান জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট যাবার খবর পেয়ে হাজারী লেইনের কয়েক’শ দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসেন দোকান মালিক ও কর্মচারিরা। ওষুধ ব্যবসায়ী আশীষ চক্রবর্তীর নেতৃত্বে কয়েক’শ যুবককে এসময় ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে কে সি দে রোডে যেতে দেখা যায়।

কে সি দে রোডে গিয়ে তারা ম্যাজিস্ট্রেট এবং ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা-কর্মচারিদের উপর হামলা চালায়।  এসময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়াও হয়।  তাদের ইট-পাটকেলে কর্তব্যরত দুই আনসার সদস্য মাথায় গুরুতর আঘাত পান।  পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জন ওষুধের দোকানের কর্মচারীকে আটক করে।

হামলার ঘটনায় মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের অফিস সহকারী জামাল উদ্দিন বাদি হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।  মামলায় চট্টগ্রাম কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি সমীর কান্তি সিকদারসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়।

হামলায় অজ্ঞাতনামা আরও দু’শ থেকে তিন’শ জন জড়িত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়। গত বুধবার আটক ১২ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি