প্রথম কোয়ালিফায়ার খেলেই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন আন্দ্রে রাসেল এমনই চুক্তি হয়েছিল রাসেলের সাথে। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ফিরে যাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্ব দর্শনে মুগ্ধতা নিয়ে।
সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশ খেলতে আগে থেকেই চুক্তিবদ্ধ রাসেল। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে রাতেই উড়াল দেয়ার কথা সিডনির উদ্দেশে।
ম্যাচের আগে চ্যানেল নাইনের ধারাভাষ্যকার প্যাট সিমকক্সের সঙ্গে আলাপচারিতায় রাসেল বলেন, ‘দুর্ভাগ্যজনক যে কুমিল্লা জিতলেও আমাকে ফিরে যেতে হচ্ছে। কিছু করার নেই, সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ আমি। চেষ্টা করব, কুমিল্লাকে জিতিয়ে খুশি মনে ফিরে যেতে।’
বিস্ফোরক ব্যাটিং, কার্যকরী মিডিয়াম পেস বোলিং আর অসাধারণ ফিল্ডিং মিলিয়ে টি-টোয়েন্টির অন্যতম ‘হট কেক’ এখন রাসেল। বিপিএল খেলার আগে মাতিয়ে এসেছেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি। তিনটি ম্যাচ খেলছেন বিপিএলে। এখন যাচ্ছেন বিগ ব্যাশে।
এর আগে খুলনা রয়াল বেঙ্গলসের হয়ে বিপিএল খেলে গেছেন রাসেল। এবার বাংলাদেশে উপস্থিতি তার এক সপ্তাহেরও কম। তবে এতটুকু সময়েই তিনি মুগ্ধ মাশরাফির নেতৃত্বগুণে।
‘সে সবসময় ড্রেসিং রুম মাতিয়ে রাখে। সবাইকে হাসিখুশি রাখে। সবাইকে বলে বেশি না ভেবে খেলা উপভোগ করতে। এটাই হওয়া উচিত। ক্রিকেট খেলাটা এভাবেই খেলা উচিত। আমাদের দলে খুব বড় নাম নেই, চোখধাঁধানো ব্যাটসম্যান হয়ত নেই। তবে সবাই একতাবদ্ধ হয়ে মাঠে নামে।’
বিগ ব্যাশ শুরু হচ্ছে ১৭ ডিসেম্বর থেকে, সিডনি থান্ডারের প্রথম ম্যাচ ২০ ডিসেম্বর। কিন্তু সপ্তাহখানেক আগেই দলের সঙ্গে যোগ দেওয়ায় চুক্তিবদ্ধ ছিলেন। গত ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বলেছিলেন, রাসেলের বিগ ব্যাশের দলের কাছে চিঠি পাঠিয়ে কয়েক দিন দেরিতে পাঠানোর অনুরোধ করা হয়েছে। বোঝাই যাচ্ছে, সেই চিঠিতে কাজ হয়নি।

























































