চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকার জেএমবির আস্তানা থেকে গ্রেফতারকৃত তিনজনসহ চার জঙ্গির বিরুদ্ধে তিন মামলা করেছে পুলিশ।
রোববার রাতে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এসআই মিনহাজ উদ্দিন বাদী হয়ে এই তিন মামলা দায়ের করেন। মামলায় আসামিদের মধ্যে গ্রেফতারকৃত তিন জঙ্গি ছাড়াও চট্টগ্রাম অঞ্চলের জেএমবির সামরিক কমান্ডার পলাতক ফারদিন ওরফে গিয়াসকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হল নাঈমুর রহমান নয়ন (২৫), মো. শওকত রাসেল (২৬) ও ফয়সাল মাহমুদ (২৬)।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা ৪ জঙ্গির বিরুদ্ধে তিনটি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, হাটহাজারী আমানবাজারের জঙ্গি আস্তানায় অভিযান, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে একটি, বিস্ফোরক আইনে একটি এবং সন্ত্রাসবিরোধী আইনে পৃথক একটি মামলা করা হয়েছে। তিন মামলাতেই চার জঙ্গিকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, রোববার ভোর ৪টার দিকে হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকার হাজী ইছহাক ম্যানশন নামের একটি দোতলা বাড়িতে অভিযান চালিয়ে তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এই সময় ওই জঙ্গি আস্তানা থেকে আমেরিকার তৈরি একটি এমকে-১১ স্নাইপার রাইফেল, ২৫০ রাউন্ড গুলি, ১২টি সামারিক পোশাক, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার।

























































