
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরের বাখরাবাদ-কুচাইতলী রাস্তার মাথা থেকে ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ মোঃ হানিফ মিয়া ওরফে টেংকু হানিফকে (৩২) গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি (জেলা গোয়েন্দা শাখা) পুলিশ।
শুক্রবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া মোঃ হানিফ ওরফে টেংকু হানিফ কুমিল্লা সদরের ভাটপাড়া চৌমুহনী এলাকার মোঃ হারুন অর রশিদের ছেলে। টেংকু হানিফের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ ৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানান, কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে । আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

















































