স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় দেবিদ্বারের সাংসদ রাজী ফখরুল মুন্সির সমর্থিত নেতাকর্মীদের হামলায় কুমিল্লা উত্তর জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন মাহমুদ গ্রুপের ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার (২৯ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে দেবিদ্বারের সীমান্তবর্তী বাগুড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, দেবিদ্বার উপজেলা মৎসজীবি লীগের সভাপতি মিজানুর রহমান (৫২), উপজেলা আ’লীগের সদস্য লুৎফুর রহমান বাবুল, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সদস্য পারভেজ । তাদেরকে স্থানীয় প্রাইভেট হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ভিপি কামাল জানান, আমরা চান্দিনা মহিলা কলেজে উত্তর জেলা আ’লীগের সম্মেলনের প্রস্তুতি সভায় অংশগ্রহণ করতে যাওয়ার সময় বাগুড় এলাকায় দেবিদ্বারের স্বতন্ত্র সাংসদ রাজী ফখরুল মুন্সির (স্বতন্ত্র সাংসদ) নেতাকর্মীরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় এবং সম্মেলনে যেতে বাধাঁ প্রদান করে। এ সময় আমাদের ৮/৯ জন নেতাকর্মী আহত হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিকেল ৩ টায় জানান, আ’লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ সেখানে আছে। পুলিশের র্ফোস থানায় আসার পর বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য যে, দেবিদ্বার সাংসদ রাজী ফখরুল মুন্সির দলীয় কোন পদ নেই। তিনি স্বতন্ত্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।


















































