বাইরে থেকে দেখলে মনে হবে পুরনো কোনো যাত্রীবাহী বিমান টারমাকে অপেক্ষমান। বাস্তবে ভেতরে রয়েছে অপরূপ এক দৃশ্য। পুরো দস্তর রুচিসম্মত ধনাঢ্যদের জন্য ‘চিকেন বাল্টি’র সেরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ‘ক্যাফে তাজ’। এটির ব্রেন চাইল্ড বাংলাদেশের রাজবাড়ীর সন্তান বৈমানিক মোস্তাফা আজিম আওলাদ এবং শেফ মফুর মিয়া। ২০১৪ সাল থেকে ব্রিটেনের লেচেস্টারশায়ারের লুটারওয়ার্থে অবস্থিত ব্রান্টিংথ্রপ এয়ারফিল্ডে রেস্টুরেন্টটি চলছে। ব্যতিক্রম, বিমানটি আকাশে উড়ে না। না উড়লেও যারা খেতে আসেন, তারা তাদের নানরুটি কিংবা পাপড় কারিতে ডুবিয়ে মুখে দিতেই মনোরম পরিবেশে বিমান ঘাটির নানা ক্রিয়াকলাপ দেখেন। একত্রে এভাবে বিমানটিতে ১১৭ জন খেতে পারেন।
অথচ ওই বিমানে করেই পাকিস্তান কারাগার থেকে মুক্ত বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি সদ্য স্বাধীন ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছান। সেটা ‘ভিআইপি লগবুক’ থেকে প্রতীয়মান। আসলে ওই বিমানটি হচ্ছে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ‘ভিকার্স ভিসি ১০’, যা বৈমানিক মোস্তাফা আজিম আওলাদের মালিকানাধীন ‘ইম্পেরিয়াল এয়ার সেলভেজ’ প্রতিষ্ঠানটি কিনে নিয়ে রেস্টুরেন্ট বানিয়েছে। এখন সেটাই তিনি বাংলাদেশ সরকারকে উপহার দিতে চান। সেই সদিচ্ছাটি আগেই সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী কর্নেল (অবঃ) ফারুক খানকে জানিয়েছেন। ফলশ্রুতিতে চলতি বছরের জুনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি দল তা পরিদর্শনে যাওয়ার কথা। সব কিছু ঠিক থাকলে তিনি তা বাংলাদেশকে দেবেন।
তবে ব্রিটেনের এই অভিনব ইন্ডিয়ান রেস্টুরেন্ট মালিক, বৈমানিক মোস্তাফা আজিম আওলাদের জীবনে রয়েছে বিচিত্র সব ঘটনাবলি। সেখানে তার বসবাস ওয়েলিংটনে। সত্তরের দশকে অ্যাশবার্টন সেকেন্ডারি ও ক্রোয়ডন স্কুল হয়ে ১৯৮১ সালে বাংলাদেশ আসেন। আবার ১৯৮৫ সালে ফিরে গিয়ে বিগিন হিল এয়ারপোর্টে ফ্লাইং কোর্স সম্পন্ন করেন। তাতে ফ্লাইং ক্যাপ্টেন হওয়ার পেছনে প্রেরণা যোগান ক্রোয়ডন স্কুলের ইংরেজির শিক্ষক জিওফ্রে মোয়ের। তিনি তাকে দু-পা হারানো পাইলট ডগলাস বাদেরকে নিয়ে রচিত ‘রিচ ফর দ্য স্কাই’ গ্রন্থটির মাধ্যমে উৎসাহ দেন। বদলে যায় তার জীবন। ১৯৯৩ সালে চালু করেন নিজের প্লেন ভাড়া দেওয়ার কোম্পানি এবং একইসঙ্গে ২০০৬ সাল নাগাদ বিভিন্ন বিমান কোম্পানির প্লেন চালান। তারপরও সেই প্লেন চালনা শেষ হয়নি। এক কথায়, তার ‘ইম্পেরিয়াল এয়ার সেলভেজ’ প্রতিষ্ঠানটি তা নিস্প্রভ হতে দেয়নি।
ওৎধয়রঋরমযঃবৎচষধহবঋড়ৎচড়ৎংপযবতিনি বৈমানিক হয়ে টিভি প্রেজেন্টার এন্থিয়া টার্নার থেকে শুরু করে র্যাগে সঙ্গীতের লিজেন্ড চাকা ডিমাসসহ বহু সেলিব্রেটিকে নিয়ে যেমন প্লেন চালিয়েছেন, তেমনি তার বর্তমান বিমান সংরক্ষণ কোম্পানিটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই, সৌদি আরব ও সুদূর অস্ট্রেলিয়ায় গিয়ে পুরনো বিমান ক্রয়ের ব্যবসা করে চলেছে। সেটির পাশাপাশি ব্লকবাস্টার চিত্রনির্মাতা টম ক্রুজের ছবিতে বোমা বিস্ফোরণের ঘটনা দৃশ্যায়নের ক্ষেত্রে দুটি প্লেন বিক্রি করেন। এমনকী জেমস বন্ড সিরিজের স্বর্ণজয়ন্তীতে ডেনিয়াল ক্রেগকে নিয়ে হেলিকপ্টার চালিয়ে একটি অভূতপূর্ব দৃশ্যও ধারণ করেন। আর তার রেস্টুরেন্ট যথাক্রমে আফ্রিকার সুদান ও কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশনে নিয়োজিত সৈনিক ও ক্রীড়ামোদী বন্ধুদের মনোরঞ্জনের জন্য দক্ষিণ আমেরিকার ব্রাজিলেও খাবার পরিবেশন করেছে। তবে পাগলামির ক্ষেত্রে একবার নিজের স্ত্রীর জন্য সঞ্চিত ৭ হাজার পাউন্ডে একটি ব্যবহৃত পোর্স গাড়ী কেনার পরিবর্তে কিনে ফেলেন চেকোশ্লাভাকিয়ায় নির্মিত মিগ-১৫ জেট, যা ইরাকের সাদ্দাম হোসেনের বিমান বাহিনীতে ছিল। তাতে ‘ক্রেকপট’ বা ‘মাথাপাগল’ বলে স্ত্রী বকা দেন! কিন্তু তা হলে কী হবে, তার কথা- ৭ বছর বয়সে আমার একটি ‘এয়ারফিক্স মডেল ওয়ান’-এর খেলনা প্লেন ছিল, এখন আসল প্লেনটাই জুটেছে। বিমান সংগ্রহের ক্ষেত্রে এমন নেশাবাজ মানুষটির কথা হচ্ছে- ‘আই এম অ্যাবসালুটলি ক্রেজি অ্যাবাউট প্লেনস অ্যান্ড দে হ্যাভ গিভেন মি এ গুড লাইফ’। অর্থাৎ আমি নির্বিকার বিমান পাগল মানুষ এবং তাই আমাকে স্বচ্ছল জীবন দিয়েছে।


























































