যুগ বদলেছে, সভ্য হয়েছে সমাজ, ডিজিটাল হয়েছি আমরা। এই আধুনিক ডিজিটাল,সভ্য সমাজে আজও দেখা যায় প্রাগৈতিহাসিক যুগের বর্বরতা। যেখানে যৌবনের বিনিময়ে জীবন কেনা-বেচা হয়। আর জমির বিনিময়ে বর্গা দিতে হয় নারীর শরীর।
কোন বাস্তবতায় একখন্ড জমি নারীর ইজ্জতের চেয়ে মুল্যবান হয়ে ওঠে সেটা মেলানোর চেষ্টা করব।
মরিয়ম নামে এক মহিলা যে কি না বয়স ও অভাবের কষাঘাতে বুড়ো হয়ে গেছেন। ভূমিদস্যুরা ভূমিহীনের উপর যেদিন হামলে পরেছিল সেদিন কী ঘটেছিল তাদের সাথে।
মরিয়ম বলেন, ‘আমাদের যে অত্যাচার করছে এগুলো বলার মত না। এগুলো কইলে কি কোনো লাভ হবে। আমাদের কোন মানুষ নাই, আমরা ছোটলোক মানুষ, ভূমিহীন মানুষ, আমরা কোন বিচার পাইনা’।
মরিয়মের পর মুখ খুলেন আমেনা খাতুন, রহিমা খাতুন আর পেয়ারা বেগম। তাদের কাছ থেকে জানা যায় সেদিনের সেই লোমহর্ষক কাহিনী। মধ্যযুগের বর্বরতা হার মানায় তাদের অভিজ্ঞতা।
রুনা আক্তার নামে এক নারী সুই সুতায় জাল বুনলেও তার জীবন ওলটপালট করে দিয়েছে ভূমিদস্যুরা। তাকে ধরে নিয়ে গিয়ে দুইধাপে চারদিন করে লাঞ্চিত করে ভূমিদস্যুরা।
দমার চরে যতদূর চোখ যায় কোন মানুষের দেখা নেই, দেখা মিলে শুধু মরুভূমির নিরবতা। এক সময় এই চরে বাস করত প্রায় ১২শ’ পরিবারের সাড়ে চার হাজার মানুষ। ভূমিদস্যুদের কারণে এখানে এখন আর কোন মানুষ বাস করেনা। এই চরেই কয়েকশ নারীকে শারীরিক নির্যাতন করা হয়।
কিন্তু এই চর এখন যাদের দখলে তারা হল কানু চেয়ারম্যান, আজাদ চেয়ারম্যান ,সাইফুল উকিল, মেয়র ইউসুফ, সিরাজ চেয়ারম্যান, শাহ আলম মাঝি।
২০০৭ সালে ১২শ’ ভূমিহীন পরিবার নিয়ে যাত্রা শুরু হয় দমার চরের। কিন্তু কিছুদিন পরেই শুরু হয় প্রভাবশালীদের আগ্রাসন। হুমকি-ধামকি দিয়ে ভূমিহীনদের উঠিয়ে দেবার ছক কাটে তারা। ২০১৩ সালের দিকে শুরু হয় শারীরিক নির্যাতন। আর এর পরের বছর তাদের ঘর পুড়িয়ে দিয়ে দ্বীপ ছাড়া করে ভূমিদস্যুরা।
উচ্ছেদ হওয়া ভূমিহীনদের মাথাগুজার ছোট্ট আশ্রয় গিয়ে দেখা গেল অভাব এখানে পরাক্রমশালী রাজা আর তার প্রজারা দারিদ্রসীমার বহু নিচে কোন মতে জেগে আছে।
দমার চরের বাসিন্ধা জামাল উদ্দিন বলেন, ‘সিরাজ চেয়ারম্যান, মেরাজ চেয়ারম্যান, কানু চেয়ারম্যান এরা সবাই সহযোগিতা করে ডাকাত সাপ্লাই করে আমাদের মারধর করে ভিটামাটি সব সমান করে দিছে। গ্রামের মহিলাদের ধরে নিয়ে নির্যাতন করেছে। তাদের চিকিৎসাও করতে দিতনা। ওসির কাছে মামলা দিতে গেলে মামলা নিতনা’।
হাতিয়ার প্রত্যন্ত দ্বীপগুলোতে পেশী শক্তি ছাড়া আর কোন শক্তি নেই। যার স্বীকার শিশু, নারী-পুরুষ নির্বিশেষে সবাই।
স¤্রাট নামে এক বৃদ্ধ লোক যার নিজের নামে শুধু নিজের শরীর। সম্পদ বলতে কিছুই নেই। অন্যান্যদের সাথে বাস করতেন দমার চরে। কিন্তু তাকে খেদিয়ে বিদায় করেছে ভূমিদস্যুরা।
সম্্রাট বলেন, ‘আমরা পাখির চেয়ে খারাপ আছিলাম। আমদের কোন অস্তিত্ব রাখে নাই। আমরাতো দুর্বল আমাদের কোন শক্তি নাই। আমাদের কিছু করার সামর্থ নেই’।
দুমার চরের এক বাসিন্দা বলেন, ‘এখানে মহিলাদের ধরে নিয়ে গিয়ে শুধু নির্যাতন আর নির্যাতন চলে। এই দেশে কোন বিচার নাই। নয় বছরের ইতিহাস কইলে সেটা শেষ হবে না’।
দমার চরসহ হাতিয়ার ৫০টি নতুন চরে সংরক্ষিত বনাঞ্চল থাকায় ভূমি অফিস বন বিভাগের অনাপত্তি ছাড়া সেই জমি বন্দোবস্ত দিতে পারেনা। কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে ভূমি অফিস চর বন্দোবস্ত দিয়ে থাকে অবৈধভাবে।
এই অবৈধ বন্দোবস্ত বন্ধ করার জন্য বন বিভাগ থানা নির্বহী অফিসার, ডিসি ও মন্ত্রী বরাবর দরখাস্ত দেয়। ডিসি এই অবৈধ বন্দোবস্ত বন্ধ করার নির্দেশও দেন। কিন্তু নির্দেশ শুধু ফাইলেই আটকে আছে আজ পর্যন্ত কার্যকর হয়নি।
এর কয়েকদিন পর ভূমিহীনরা একটি উকিল নোটিশ পাঠায়। এই উকিল নোটিশে জানতে চাওয়া হয় কেন নির্দেশ বাস্তবায়ন হচ্ছে না। এক পর্যায়ে তৎকালীন এমপি ফজলুল আজিম ভূমিহীনদের ডিওলেটার দেন। কিন্তু তাতে কিছু না হওয়ায় ভূমিহীনরা হাইকোর্টের দ্বারস্ত হন। হাইকোর্টের আদেশেও অবৈধ বন্দোবস্ত বন্ধ করার নির্দেশ দেয়।
যাদের উপর এত নির্যাতন করা হচ্ছে তারা কেন এত নিশ্চুপ। কারণ একটাই তাদের প্রাণ হারানোর ভয়। তবে তাদের মধ্যে কিছু সাহসী মানুষও আছে যারা তাদের নির্যাতনের কথা সারাবিশ্বকে জানাতে চায়।
স্থানীয়দের অভিযোগ সিরাজ চেয়ারম্যান এন্ড গং দমার চরসহ হাতিয়ার চরবাসী মানুষের জীবন জাহান্নাম বানিয়ে তুলেছে। তার গোপন সহযোগী হিসাবে আছে স্থানীয় ভূমি অফিস আর পুলিশের কিছু অসাধু কর্মকর্তা।
সিরাজ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে বনের গাছ কেটে এই ইট ভাটার জায়গা নিয়েছেন। তাতে আবার বনের কেওড়া গাছ কেটে জ্বালানী হিসাবে ব্যবহার করা হয়। ভাটার পিছনে বন, এই বন কাটতে কাটতে ইট ভাটার জায়গা প্রসারিত হয়েছে। তথ্য বলছে দমার চরে তার ৩শ’টি দাগ রয়েছে যেখানে এক দাগে ‘১২০’ শতাংশ জমি থাকে। যা ভূমিহীনদের উচ্ছেদ করে দখল করেছে সিরাজ।
সিরাজ চেয়ারম্যান বলেন, যে কোন খুন-খারাপি,দ্বন্দ্ব ভূমি থেকে সৃষ্টি হয়। এখানে দেখা গেছে এক জমি কয়েকজনকে বন্দোবস্ত দেয়। কিভাবে দেয় সেটাতো আমরা বলতে পারবনা। কিন্তু মাঠে এসে যখন মারামারি হয় তখন আমাদের ট্যাকেল দিতে হয়। আমি কারোও বাড়ি-ঘর নষ্ট করি নাই এটা অসত্য’।
সিরাজ চেয়ারম্যান ভূমিহীনদের উচ্ছেদ করার কথা অস্বীকার করলের ঘটনার রাজ স্বাক্ষী সাইফুল ডাকাত। তিনি পেশায় জলদস্যু।
স্ইাফুল ডাকাত বলেন, ‘আমাদের বস আছে তারা আমাদের সাগরে পাঠায়। বলে মাছের নৌকা লুট করে আনার জন্য। আমাদের পুলিশকে অনেককে টাকা দিতে হয়। টাকা দেওয়ার জন্য অনেককে অপহরণ করে আনতে হয়। একটা নৌকা ও মাঝিদেরও অপহরণ করে আনলে মারধর করলে ১ লাখ টাকা থেকে দেড় লাখ টাকা পাওয়া যায়। অনেক সময় টাকা দিতে না পারলে তাদেরকে মেরে নদীতে ভাসিয়ে দিতাম। দমার চরের অপারেশন সম্পর্কে সাইফুল বলেন, যারা এই চরে আছে তাদেরকে পিটিয়ে এই চর থেকে সরিয়ে দিতে হবে। এজন্য আমাদের ১ লাখ টাকা দেয়। এর পর আমরা লোকজন নিয়ে চরের মানুষদেরকে মারধর করে উ”্ছদে করে দেই। যখন হাতে অস্ত্র থাকে তখন আমরা দুনিয়া হাতে পাই। তখন মনে হয় দুনিয়া আমাদের। এই কারণে অনেক নারীকে তুলে নিয়ে নির্যাতন করা হত’।
দমার চরের সার্বিক তথ্য-উপাত্ত নিয়ে হাজির হলে হাতিয়া থানার অফিসার ইনচার্জ আর উপজেলা চেয়ারম্যানের কাছে গেলে সরকারি কর্মকর্তার ঢংয়ে আশ্বাস ছাড়া তারা আর কিছুই দিতে পারলেন না তিনি।


























































