অস্ট্রেলিয়ায় অবৈধ অভিবাসীদের মূল ভূখন্ডের বাইরে ‘বিশেষ কারাগারে’ আটক রাখার নিয়মের বিরুদ্ধে বাংলাদেশি এক নারীর করা মামলা খারিজ করে সরকারের অভিবাসন নীতির পক্ষে রায় দিয়েছে দেশটির উচ্চ আদালত। এর ফলে শিশু সন্তানসহ অস্ট্রেলিয়ায় বসবাসরত ওই নারী এবং তার মতো আড়াই শতাধিক আশ্রয়প্রার্থীকে প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ নাউরুর বন্দি শিবিরে ফেরত পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি’র এক প্রতিবেদন বলা হয়, সাগর পাড়ি দিয়ে যে আশ্রয়প্রার্থীরা অস্ট্রেলিয়ায় যান, তাদের দেশে ঢুকতে না দিয়ে কর্তৃপক্ষ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ নাউরু ও পাপুয়া নিউ গিনির বিশেষ কারাগারে পাঠিয়ে দেয়। এই নিয়ম চ্যালেঞ্জ করেই আদালতে মামলা করেছিলেন ওই বাংলাদেশি নারী, যার নাম প্রকাশ করা হয়নি। নয় মাস পর অস্ট্রলিয়ার হাই কোর্ট বুধবার রায় ঘোষণা করে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক বছর আগে নৌকায় চড়ে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় ঢোকার চেষ্টার সময় ধরা পড়েন বাংলাদেশি ওই নারী। তাকে নাউরুতে পাঠানো হলেও অন্তঃসত্ত্বা অবস্থায় চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়। সন্তানের জন্মের পর কর্তৃপক্ষ তাকে আবার নাউরুতে ফেরত পাঠানোর চেষ্টা করলে মানবাধিকার কর্মীদের সহায়তায় সরকারের বিরুদ্ধে তিনি মামলা করেন।
বিবিসি লিখেছে, উচ্চ আদালতে মামলাটি খারিজ হয়ে যাওয়াকে অস্ট্রেলিয়ার রক্ষণশীল অভিবাসন নীতির বিজয় হিসেবে দেখা হচ্ছে। দশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, “আজ আমাদের অঙ্গীকার খুব সরল; মানব পাচারকারীরা আমাদের সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত ও নিরাপত্তা ভেদ করতে পারবে না। কোথাও একটি সীমারেখা টানতে হবে, যা আমাদের সীমান্তে টানা হয়েছে।”
এই রায়ের ফলে যে আড়াই শতাধিক আশ্রয়প্রার্থীকে বন্দি শিবিরে পাঠানোর আশঙ্কা করা হচ্ছে তাদের মধ্যে অন্তত ৫০ জন শিশু; যাদের ৩৭ জন আবার অস্ট্রেলিয়াতেই জন্ম নিয়েছে।
অস্ট্রেলিয়ান সিনেটরদের একটি অংশ বলে আসছে, নাউরুর বন্দি শিবির শিশুদের জন্য নিরাপদ নয়। মানবাধিকার সংস্থাগুলোও ওইসব ক্যাম্পের ‘বাজে’ ও অনিরাপদ পরিবেশ এবং শিশুদের যৌন নিপীড়নের শিকার হওয়ার বিভিন্ন ঘটনা তুলে ধরেছে।
এসব শিশুর মধ্যে নাউরুতে ধর্ষিত হওয়া পাঁচ বছরের এক বালকও রয়েছে, যাকে ফের সেখানে পাঠানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও অস্ট্রেলিয়া সরকার বলছে, ওই ছেলের বিষয়ে এ রকম কোনো সিদ্ধান্ত হলে চিকিৎসকদের পরামর্শ নিয়েই তা করা হবে।
মানবাধিকার আইনজীবী ক্ল্যায়ার হ্যামারটনকে উদ্বৃত করে বিবিসি লিখেছে, নাউরুর বন্দিশিবিরে পাঠাতে বাধ্য করার আশঙ্কায় শিশুদের মধ্যে মানসিক অস্বস্তি তৈরি হয়েছে।
“তারা আমাদের বলেছে, নাউরুতে ফিরে যাওয়ার ভয় আর উদ্বেগের মধ্যে তাদের প্রতিটা দিন কাটছে। এই শিশুরা বুঝতে পারছে না, কেন তাদের অপরাধীর মতো করে দেখা হচ্ছে।”
অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে প্রায় তিন হাজার কিলোমিটার দূরের নাউরুতে এরকম প্রায় ৫০০ অবৈধ অভিবাসী বন্দি আছেন। আদালতের রায়ের ফলে তাদের সঙ্গে যোগ হবেন আরও ২৬৭ জন।
অনেক বছর ধরেই এভাবে নাউরু ও পাপুয়া নিউ গিনির ক্যাম্পে পাঠিয়ে অভিবাসী সমস্যা মোকাবেলার চেষ্টা করছে অস্ট্রেলিয়া। এজন্য বন্দি শিবিরের বাড়ি ভাড়া হিসেবে দেশ দুটিতে শত শত মিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে তাদের।
এই নীতির সমালোচনায় জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, অস্ট্রেলিয়া সরকার শিশুদের অধিকার রক্ষায় কোনো নৈতিক দায়িত্ব পালন না করে বিষয়টি তৃতীয় বিশ্বের ঘাড়ে চাপিয়ে দিয়েছে।


























































