ডেস্ক রিপোর্ট :
গত সোমবার রাতে কোনো এক সময় ফরিদপুর সদর উপজেলার কোমরপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। কবরস্থান-সংলগ্ন মসজিদের ইমাম মো. হাফিজুল ইসলাম বলেছেন, সকালে মসজিদ-সংলগ্ন কবরস্থানে গিয়ে তিনি কবরগুলো খোঁড়া দেখতে পান। বিষয়টি তিনি এলাকাবাসীকে জানান।
সংরক্ষিত নারী ইউপি সদস্য জয়গুন বেগম বলেছেন, কবরগুলোর এক প্রান্তের বাঁশের আচ্ছাদন তুলে কঙ্কালগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া কঙ্কালগুলো হলো মতিনুর রহমান, আলমাস মোল্লা, ইসমাইল শেখ, জরিনা বেগম ও লাভলু মোল্লার।
আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন ম-ল বলেছেন, যে কবরগুলো থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে সেগুলো দুই থেকে তিন বছরের পুরনো। তিনি বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


























































