স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা সদস্য শাহাদাত হোসেনের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অফিস কল, স্পেশাল কল, বন্দিদের মেডিকেল ভর্তিসহ বিভিন্ন খাতে উৎকোচের মাধ্যমে বিভিন্ন অনিয়ম পাহাড় গড়েছেন এই নিরাপত্তা সদস্য।
কারারক্ষী শাহাদাত হোসেন (কারারক্ষী নং-২২১৮৩) প্রায় দু’বছর ধরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কর্মরত রয়েছেন। ২০১৪ সালের পহেলা এপ্রিলে নিরাপত্তা সদস্য পদের দায়িত্ব পেয়ে তিনি চট্টগ্রাম কারাগার থেকে কুমিল্লা কারাগারে যোগদান করেন । নিরাপত্তা সদস্য পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে একের পর এক অনিয়ম করে যাচ্ছেন এই নিরাপত্তা সদস্য। কারাগারের অনিয়ম সর্ম্পকে সিকিউরিটি সেলকে তথ্য দিয়ে অনিয়ম দূর করার কাজের পরিবর্তে তিনি নিজেই বহুবিধ অনিয়মে জড়িয়ে পড়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের একাধিক সূত্র জানান।
কারাগারের একাধিক সূত্র জানায়, নিরাপত্তা সদস্য শাহাদাত হোসেন প্রতিদিন কমপক্ষে ৩০/৪০টি স্পেশাল সিলিপ, ও প্রায় ১০টি অফিস কলের মাধ্যমে বন্দির সাথে তার পরিবারের সদস্যের সাক্ষাৎ করিয়ে দেন। প্রতিটি স্পেশাল কল ৩’শ টাকা , প্রতিটি অফিস কল ৮’শ টাকা করে নিয়ে থাকেন। এছাড়া বন্দি মেডিকেলে আসামি ভর্তি বাবদ ৫ হাজার টাকা এবং প্রতি মাসে মাসিক ফি ৩ হাজার টাকা করে নিয়ে থাকেন শাহাদাত হোসেন । এই অনিয়ম গত দু বছর ধরে তিনি করে যাচ্ছেন বলে সূত্র জানায়।
জানা যায়, নিরাপত্তা সদস্য শাহাদাত হোসেন কোন ছুটির অনুমতি না নিয়েই প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার তিনি নিজ বাড়ি নোয়াখালি জেলায় অবস্থান করেন।
সূত্র আরো জানায়, অফিসার না হয়েও কারাগারের অফিসারদের জন্য বরাদ্দ নাইন কোয়ার্টার বাসায় তিনি পরিবার ব্যতিত একা বসবাস করছেন।
এ বিষয়ে নিরাপত্তা সদস্য শাহাদাত হোসেন জানান, বাসার জন্য আবেদন করেছি, আমার নতুন স্ত্রী পরীক্ষা দিচ্ছে পরিক্ষার পর সরকার বাসা দিলে সেই খানে উঠবো। এছাড়া তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় ।


























































