স্টাফ রিপোর্টারঃ
আদালতে ভুয়া মেডিকেল সার্টিফিকেট উপস্থাপন করে জামিন পেয়েছিলেন কুমিল্লার তিতাস উপজেলার ভাইস-চেয়ারম্যান সোহেল সিকদার। কিন্তু কয়েক দিনের মধ্যেই বাদি পক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সোহেল সিকদারের চিকিৎসার বিষয়টি মিথ্যা বলে চিঠি প্রেরণ করায় বুধবার (২৪ ফেব্রুয়ারী ) কুমিল্লা আদালত পুনরায় যুবলীগ নেতা হত্যা মামলার অন্যতম আসামি সোহেল সিকদারকে পুনরায় জেলহাজতে প্রেরণ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ খাজা আব্দুল গফুর স্বাক্ষরিত প্রেরিত এক চিঠিতে উল্লেখ করেন , ২০১৫ সালের ১৪ মে অত্র হাসপাতালে সোহেল সিকদার ভর্তি হয় নাই। সোহেল সিকদার আদালতে যে চিকিৎসা সনদ উপস্থাপন করেছেন, তা হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত নয়।
ওই বছরের ১৫ মে দায়ের করা মামলার বাদি মোঃ সারওয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ খাজা আব্দুল গফুর স্বাক্ষরিত প্রেরিত উক্ত চিঠি আদালতে উপস্থাপন করায় আদালত সোহেল সিকদারের জামিন নাকচ করে পুনরায় তাকে জেলহাজতে প্রেরণ করে।
উল্লেখ্য যে, বিগত সালে ১৪ মে রাতে তিতাস উপজেলার কড়িকান্দি এলাকায় আ’লীগের একটি অংশের হামলা ও গুলিবর্ষণে যুবলীগ নেতা মাসুম নিহত হন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ফরহাদ ফকির বাদি হয়ে উপজেলা আ’লীগ নেতা আমিনুল ইসলাম ভূইয়া ওরফে ইয়াছিন ভূইয়াকে হুকুমের আসামি করে উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল সিকদারকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।



















































