শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অবৈধভাবে বসবাসকারী বিদেশিরাই জালিয়াতির বিস্তার ঘটাচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৬

bidesi-400x244
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে অবৈধভাবে বসবাস করেছে বিভিন্ন দেশের নাগরিক।  বিভিন্ন অপরাধমূলক কাজে তারা জড়িয়ে পড়েছে। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে তারা বাংলাদেশে প্রবশে করেছে। বিদেশিদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। তালিকা তৈরি করে এই অভিযান চলছে বলে জানা গেছে৷ তালিকায় প্রায় ১০ হাজার বিদেশি নাম রয়েছে, যাঁরা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বাংলাদেশে অবস্থান করছেন।

বিদেশে বসেও বাংলাদেশের নাগরিকদের জালিয়াতির পন্থা খুঁজে তারা। প্রায়ই বিভিন্ন সময় ই-মেইল আইডি থেকে ই-মেইল পাঠানো হয়। সেখানে বলা হয় আপনি এক লাখ ডলার পুরস্কার পেয়েছেন। এখন আপনি ডেলিভারি খরচ দিলে আমরা অপনার ঠিকানায় উক্ত টাকা  পাঠিয়ে দিবো। এভাবে ভুয়া আশ্বাস দিয়ে প্রতারণা করছে তারা।

বিভিন্ন সময় অপরাধমূলক কার্যক্রমের জন্য উগান্ডার, ক্যামেরুন, গাম্বিয়ার, আইভোরি কোস্টে, কেনিয়া, টোগো, মালি, মোজাম্বিক ও সেনেগালের আটক করেছে পুলিশ। হুন্ডি ব্যবসা, চোরাচালান, জঙ্গিসংশ্লিষ্টতাসহ নানা অপরাধে কাজে যুক্ত হয়েছে তারা।

অবৈধভাবে বাংলাদেশে বসবাস করা বিদেশি নাগরিকদের নিয়ে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। কারণ, অবৈধ বিদেশি নাগরিকদের কোন পরিসংখ্যানই নেই গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। ধারণা করে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, অবৈধ নাগরিকের সংখ্যা বৈধর চেয়ে কয়েকগুণ বেশি। বৈধভাবে বর্তমানে দেশে অবস্থান করছেন সোয়া দুই লাখের মতো বিদেশি নাগরিক।

এবার বাংলাদেশে এটিএম বুথে জালিয়াতিতে ধরা পড়ছে তারা। সম্প্রতি ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ৪ থেকে ৫ জন বিদেশি নাগরিক পুলিশি নজরজারিতে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। এবং পোলিশ নাগরিক পিওট কে আটক করেছে পুলিশ।

শুধু বাংলাদেশ নয়, আরো নয় দেশ থেকে এটিএম বুথের আন্তর্জাতিক জালিয়াতি চক্র বিপুল পরিমাণ ডলার লুট করেছে। রাশিয়া, ইউক্রেন, পোল্যান্ড, রোমানিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি, জার্মানি ও হাঙ্গেরি থেকে চক্রটি দুই বছরে প্রায় ১৬ বিলিয়িন ডলার (১ লাখ ২৮ হাজার কোটি টাকা) হাতিয়ে নিয়েছে। বাংলাদেশ থেকে প্রবাসীর অ্যাকাউন্ট থেকে অন্তত ১’শ কোটি টাকা নেয়া হয়েছে। ডিবির জিজ্ঞাসাবাদে পোলিশ নাগরিক পিওটর এ তথ্য জানিয়েছেন।

এক গোয়েন্দা কর্মকর্তা জানান, সর্বশেষ এটিএম বুথ থেকে হাতিয়ে নেয়া ২১ লাখ ১৮ হাজার ৪শ ২০ টাকা বিদেশে পাচার হয়। প্রায় ২২ লাখ টাকার ২৭ হাজার ডলার করে নিজের কাছে রেখেছিলেন পিওটর। সেই ২৭ হাজার ডলার তার কাছ থেকে ইউক্রেনের নাগরিক এন্ডারসন ওরফে এনডি ও বুলগেরিয়ার নাগরিক রোমিও গুলশানের হলিডে প্লানেট হোটেলে নিয়ে মদ খাইয়ে হাতিয়ে নিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের কাছে দাবি করেছেন পিওটর।

গত ১২ ফেব্রুয়ারি এটিএম জালিয়াতির ঘটনা প্রকাশ পায়। এরপর গত শুক্রবার ইস্টার্ন ব্যাংকের কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়া হয়েছে। পরে জানা যায়, তিনটি ব্যাংকের ছয়টি এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ ও ভিডিও ক্যামেরা স্থাপন করে গ্রাহকের তথ্য চুরি করা হয়েছে।

এছাড়া বিভিন্ন ভাবে প্রতারণা করছে তারা। ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক আসিফ রহমান (ছদ্মনাম)। সচ্ছল এই চিকিৎসকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এক ব্রিটিশ নাগরিকের। পরে তাদের কথা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কেউ কাউকে না দেখলেও কথা বলেই অল্প দিনে তাদের সখ্যতা গড়ে ওঠে। এক সময় চিকিৎসক বুঝতে পারেন, ব্রিটিশ ওই নাগরিক প্রকৃতপক্ষে একজন আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য। কিন্তু ততদিনে পানি অনেক দূর গড়িয়েছে। টাকা-পয়সা খুইয়ে চিকিৎসক তখন সর্বস্বান্ত।

রাজধানীর কাঁঠালবাগানের বাসিন্দা মাসুদ। গেল সপ্তাহে কেনাবেচার একটি ওয়েবসাইট থেকে জাপানে সহজ ভিসার একটি বিজ্ঞাপন থেকে ফোন নম্বর সংগ্রহ করেন। মাসুদ ফোন করার পর এক ভদ্রলোক ফোন ধরেন। তিনি নিজেকে জাপানি অ্যাম্বাসির ফার্স্ট সেক্রেটারি তাকেসি ইয়োগি বলে পরিচয় দেন। ইংরেজিতে পারদর্শী ওই ব্যক্তির সঙ্গে পরিচয়ের পর তাদের স্কাইপিতে কথা হয়।

এক পর্যায়ে জাপানি ভদ্রলোকটি মাসুদের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে অ্যাম্বাসির সামনে যেতে বলেন। জাপানি কর্মকর্তার ব্যাপারে মাসুদের বড় ভাই ওয়াসিম খোঁজ নিয়ে জানতে পারেন, ওই নামে ঢাকার অ্যাম্বাসির কোনো কর্মকর্তা নেই। একই নামের অ্যাম্বাসেডর আছেন দিল্লির জাপান অ্যাম্বাসিতে। তারা বুঝতে পারেন প্রতারিত হতে যাচ্ছিলেন তারা। বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশিরা এমনই সব ভয়ঙ্কর প্রতারণার জাল ছড়িয়ে দিয়েছেন রাজধানীসহ সারা দেশে।

তাদের অত্যাধুনিক সব প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। শুধু টাকা আত্মসাৎই নয়, ভিনদেশি এই নাগরিকরা বাংলাদেশে অবস্থান করে খুন, ডাকাতি থেকে শুরু করে অস্ত্র, মাদক ও জাল টাকার ব্যবসায় জড়িয়ে পড়েছেন। আলিশান ফ্ল্যাট ভাড়া নিয়ে করছেন অবৈধ ভিওআইপি ব্যবসা।

হালে এই বিদেশিদের নজর এখন অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলোতে। ইতিমধ্যে এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার মতো ঘটনা ফাঁস হয়েছে। দিনে দিনে এই ভিনদেশি নাগরিকরা বেপরোয়া হয়ে উঠছে।  পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা বলেছেন, বিদেশিদের বাংলাদেশে অবস্থানের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার দায়িত্ব পুলিশের বিশেষ শাখার। কতদিন ধরে কে কোথায় অবস্থান করছে সেসব তথ্য তারা সংগ্রহ করছে। অবৈধ অবস্থানকারীরা কোথায় কি করছেন সে বিষয়ে সুপারভিশন বাড়ানো প্রয়োজন।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, বিভিন্ন অপরাধে বিদেশিদের জড়িয়ে পড়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যে এটিএম কার্ড জালিয়াতিতে  জড়িত বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে খোঁজা হচ্ছে। এ ছাড়া দেশে যারা অপরাধে জড়িয়ে পড়েছে, তাদের তালিকা ধরে ধরে আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, গত এক বছরে ভিনদেশি সহস্রাধিক নাগরিকের বিরুদ্ধে নানা অভিযোগ পড়েছে সংশ্লিষ্ট দফতরগুলোতে। ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেফতার হলেও নানা কারণে তাদের আটকে রাখা যাচ্ছে না।

জেল থেকে বেরিয়েই তারা আবারও অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। পুলিশের এক কর্মকর্তা জানান, সম্প্রতি অবৈধ নাগরিকদের অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীও উদ্বিগ্ন। তাদের প্রতারণার কৌশল দেখে হতবাক দেশের গোয়েন্দারা। এটিএম কার্ড জালিয়াতির পর পুলিশ নড়েচড়ে বসে। পুলিশ সদর দফতর থেকে ৬৪ জেলা পুলিশ সুপার ও সব কয়টি মেট্রোপলিটনের পুলিশ কমিশনারকে অবৈধ বিদেশিদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যালার্ট থাকতে বলা হয়েছে দেশের সবকটি ইমিগ্রেশন ও সীমান্ত কর্তৃপক্ষকে। গোয়েন্দা সূত্র জানায়, চাকরি ও ব্যবসার কাগজপত্র নিয়ে বৈধভাবে বাংলাদেশে আসার পর অনেক বিদেশি বেছে নিয়েছে অনৈতিক সব ধরনের কাজ। আবার অনেকে অবৈধপথে বাংলাদেশে এসেও সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত হচ্ছে। পুলিশের কাছে বিভিন্ন দেশের নাগরিকদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তারা পার পেয়ে যাচ্ছে। হাতেনাতে ধরা পড়লেই কেবল তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

সূত্র জানায়, বিশ্বের ১২টি দেশের অন্তত দুই হাজারের বেশি নাগরিকের বিরুদ্ধে পুলিশের কাছে রয়েছে বিস্তর অভিযোগ। এর মধ্যে নাইজেরিয়া, ঘানা, কঙ্গো, লিবিয়া, ইরাক, আফগানিস্তান, আলজেরিয়া, সুদান, তানজানিয়া, উগান্ডা, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের নাগরিকের সংখ্যাই বেশি।

বিমানবন্দর থেকে প্রায় ২০ কেজি হেরোইনসহ গ্রেফতার করা হয় ভারতের তামিলনাড়ুর বাসিন্দা এলাম উরুগুকে। একই সময় রাজধানীর উত্তরা থেকে এক কেজি হেরোইনসহ ধরা পড়ে তানজানিয়ার নাগরিক মো. রাশেদ, কঙ্গোর নাগরিক জেমস ও মঙ্গোলিয়ার নাগরিক চিচি।

পুলিশ জানায়, তারা ভিসা ছাড়াই বাংলাদেশে অবস্থান করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এরপর ডিসেম্বরে ডলার জালিয়াতির অভিযোগে কেরানীগঞ্জের ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে কঙ্গোর দুই নাগরিক কামাঙ্গাবো নিবা জোসেফ ও ফাইলে ফলবো মিন্ডোলিয়াকে গ্রেফতার করে পুলিশ।

তাদের তথ্যের ভিত্তিতে গুলশানের একটি বাসা থেকে ৬০ লাখ টাকা মূল্যের বিভিন্ন দেশের জাল ডলার উদ্ধার করা হয়। পরে গুলশান এলাকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী চক্রের সদস্য নাইজেরিয়ার নাগরিক ইজুচিউ ফ্রাংকিন, অবি হেছি, ইক ফ্লিস্ককে গ্রেফতার করে র‌্যাব। ঢাকায় অবস্থান করলেও এক বছর আগেই ওই তিনজনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

জঙ্গি ততৎপরতার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সামিয়ুন রহমান ইবনে হামদান নামের আরেক যুবককে গ্রেফতার করে পুলিশ। মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএসের জন্য জঙ্গি সংগ্রহে বাংলাদেশে এসেছিলেন বলে পুলিশকে জানান তিনি। এ ছাড়া বাসা-বাড়িতে দেহ ব্যবসাসহ নানা অবৈধ কর্মকা-ের অভিযোগ রয়েছে অবৈধভাবে বাংলাদেশে বসবাস করা বিদেশিদের বিরুদ্ধে।

সূত্র জানায়, গত বছরের ৭ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় মামলা করতে আসেন গার্মেন্ট ব্যবসায়ী আবদুল লতিফ। তিনি ঘানার দুই নাগরিক সুজেতা ও রুহেলার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ইউরোপের কয়েকটি দেশে তার গার্মেন্টের মালামাল রপ্তানি করার কথা বলে ওই দুজন পাঁচ হাজার ডলার নিয়েছে। এরপর তারা লাপাত্তা হয়ে যায়।

খিলগাঁও মডেল কলেজের ছাত্র এহসানুল কবির। দক্ষিণ কোরিয়ার নাগরিক অংয়ের সঙ্গে তার পরিচয় হয়। তাকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে তিন লাখ টাকা নেন অং। কিন্তু টাকা নেওয়ার এক মাস পরই সে উধাও। এ ব্যাপারে খিলগাঁও থানায় অভিযোগ দেওয়া হয়েছে। দক্ষিণ দনিয়ার বাসিন্দা রুহুল আমিনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। সুদানের এক নাগরিক তার কাছ থেকে ব্যবসার কথা বলে ১০০ ডলার নিয়ে চম্পট দিয়েছে।

অভিনব প্রতারণা : ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক আসিফের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ব্রিটিশ নাগরিক ডেসমন্ড বি সামুয়েলের সঙ্গে সখ্য গড়ে ওঠে। গত ১০ ফেব্রুয়ারি মিন-রো ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি কুরিয়ার সার্ভিস থেকে ওই চিকিৎসককে জানানো হয়, ইংল্যান্ড থেকে তার নামে একটি গিফট বক্স এসেছে। কুরিয়ার ফি দিতে হবে ৫৬ হাজার ৫৬৬ টাকা। ১১ ফেব্রুয়ারি ওই টাকা কুরিয়ারের ব্যাংক হিসাবে (নম্বর-০০১০১৭৮০৯) সোনালী ব্যাংকের উত্তরা শাখায় জমা করেন তিনি। ১৩ ফেব্রুয়ারি তাকে আবারও জানানো হয়, গিফট বক্স স্ক্যান করে দেখা গেছে তাতে প্রায় দুই কোটি টাকা মূল্যের হীরার গয়না রয়েছে। তাই তাকে দুই লাখ ৬২ হাজার ৯০০ টাকা ফি দিতে হবে। ১৪ ফেব্রুয়ারি তিনি এই টাকা কুরিয়ারে ব্যাংক হিসাবে জমা করেন।

ওই দিনই বিকালে তাকে আবারও জানানো হয়, গিফট বক্সে অনেক মূল্যবান জিনিস থাকায় তাকে আরও ১০ লাখ ৮৩ হাজার টাকা পরিশোধ করতে হবে। তখন তিনি গিফট বক্সের অবস্থান জানতে চাইলে পরে জানানো হবে বলা হয়। এতে ওই চিকিৎসকের সন্দেহ হলে তিনি র‌্যাবকে বিষয়টি অবহিত করেন। র‌্যাব কৌশলে সোনালী ব্যাংক উত্তরা শাখার ভেতর থেকে মোহাম্মদ আলী ও মঞ্জুর মাহমুদকে গ্রেফতার করে। তাদের তথ্যের ভিত্তিতে তিন বিদেশিকে ধরা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি