জনপ্রিয় হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার। তাই ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবেও বিভিন্ন এলাকা এই প্রযুক্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। এতে আরো সহজে ও কম খরচেই এখন ইন্টারনেট ব্যবহার করতে পারছেন অনেকে।
ঢাকা দক্ষিণের ২ নম্বর ওয়ার্ড গোড়ানের রাস্তাঘাটে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চগতির ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করছেন যুবকরা। অনলাইনে কথা বলার পাশাপাশি পড়াশুনা এমনকি বিভিন্ন অনলাইন ভিত্তিক কাজও তারা করতে পারছেন এই ওয়াইফাই ব্যবহার করেই। এ জন্য কোন ডাটা খরচ যেমন হচ্ছে না তেমনি রাস্তার মোড়ে মোড়ে এই সুবিধা থাকায় সার্বক্ষণিক ইন্টারনেট দুনিয়ার সাথেই সংযুক্ত থাকতে পারছেন তারা।
এই ওয়ার্ডের কাউন্সিলর তার নিজের খরচেই এলাকার ১৩টি স্থানে স্থাপন করেছেন বিনামূল্যে ওয়াইফাই সুবিধা। এমনকি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে যা কিনা মোবাইল ফোনের মাধ্যমে যে কোন প্রান্ত থেকেই পর্যবেক্ষণ করতে পারছেন কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘৭০ ভাগ এলাকায় আমরা বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছি। যারা এতদিন ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত ছিল তারা বিনামূল্যে এই ইন্টারনেট সেবা পাচ্ছে। প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো খোলা রেখে এবং অপ্রয়োজনীয় সাইটগুলো বন্ধ করে এই সেবা দেয়া হচ্ছে। এই ক্ষেত্রে যদি সরকারের ফান্ড আসে তাহলে অবশ্যই তা আমরা সাদরে গ্রহণ করব।’
প্রযুক্তিবিদরা বলছেন পুরো শহরকে ওয়াইফাই-এর আওতায় আনতে ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সরকারি উদ্যোগ থাকলে সবাইকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা সম্ভব।
প্রযুক্তি বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন বলেন, ‘ইউরোপ, আমেরিকাতে কিছু কিছু এলাকায় খুব ভাল কিছু কোম্পানি ওয়াইফাই সেবা দিচ্ছে। আমাদের অনেক কিছু অগোছালো। ওয়াইফাই সেবাদানের এ ধরণের উদ্যোগ আমাদের এখানেও শুরু করা হয়েছে কিন্তু হয়তো কিছুদিন পর আর সেটা ধরে রাখা সম্ভব হবে না। তখন কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে।’
তার মতে, ওয়াইফাই এর মাধ্যমে সবার কাছে বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার ভাল দিক যেমন রয়েছে তেমনি অনলাইন নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে সবাইকে।

























































