স্টাফ রিপোর্টারঃ
পূর্ব শত্রুতার জের ধরে ৪ ঘাতক শিশু রিয়াদকে প্রথমে পিটিয়ে পরে গলা চিপে হত্যা করে লাশ বস্তায় ঢুকিয়ে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারের পূর্বপাশে অবস্থিত ‘রাজের গড়’ নামক স্থানে খালের পাশে ফেলা দেয়া হয়।
রিয়াদ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক আলমগীর হোসেন রিমান্ডে নেওয়ার আগেই হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আলমগীর হোসেন।
আলমগীর হোসেন পুলিশকে জানায়, একই এলাকার ফারুক হোসেন, মিজান , আজমসহ তারা চারজন শিশু রিয়াদকে হত্যা করেছে।
এর আগে বুধবার (২ মার্চ) সকালে উপজেলার দিশাবন্দ এলাকা থেকে একই গ্রামের আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (২২) ও আব্দুল মালেকের ছেলে ফারুক হোসেনকে (১৪) আটক করে পুলিশ। বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হলে আদালত আলমগীরকে তিন দিনের রিমান্ড প্রদান করে। অপর আসামি ফারুক হোসেনকে গাজীপুর জেলার টঙ্গীর শিশু সংশোধনাগারে পাঠানো হয়।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র ভট্ট জানান, পূর্ব শত্রুতার জের ধরে শিশু রিয়াদকে হত্যা করা হয়েছে। এ হত্যাকা-ে জড়িত অন্য অপরাধিদের আটক করার জন্য অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য যে, ১ মার্চ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারের পূর্বপাশে অবস্থিত ‘রাজের গড়’ নামক স্থান থেকে হোটেল শ্রমিক খোকনের ছেলে শিশু রিয়াদের (৯) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।


















































