স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি-জামায়াত জোট ১৩ পদে বিজয়ী হয়েছে। এদিকে একটি সহ-সভাপতির পদসহ আ’লীগ পেয়েছে ৪টি পদ। বিএনপি-জামায়াত জোটের ১৩টি পদের পদে বিএনপি ১১টি ও জামায়াত ২টি পদে বিজয়ী হয়েছেন।
সূত্রমতে, সভাপতি পদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সফিকুল আলম পেয়েছেন ৩৯৯ ভোট ও তার প্রতিপক্ষ আ’লীগ সমার্থিত এডভোকেট আবুল হাসেম খান পেয়েছে ৩৭৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিএনপি প্রার্থী মফিজুল ইসলাম পেয়েছেন ৪১০ ভোট ও তার প্রতিদ্বন্দ্বি আ’লীগ সমার্থিত এডভোকেট সহিদুল হক সাইদ পেয়েছে ৩৫২ ভোট।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ চলে। শুক্রবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ভোট গণনা শেষ হয়। শুক্রবার বেলা ১২ টায় কুমিল্লা বার ভবনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট আমজাদ হোসেন ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, এ বছর ১৭টি পদের বিপরীতে দু’ প্যানেলে ৩৪ জন প্রার্থী লড়াই করেছেন। জেলা আইনজীবী সমিতির বর্তমান ভোটার সংখ্যা ৮২৯ জন। এর মধ্যে ৭৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এ নির্বাচনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট সমর্থিত জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত “আবুল হাসেম খান-সহিদুল হক (সাঈদ)” পরিষদ এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত “সফিকুল আলম-মফিজুল ইসলাম” পরিষদ নামে দু’টি প্যানেল প্রতিদ্বন্ধিতা করেছেন।


















































