রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » তনুর পরিবারকে খাস জমি প্রদানের আশ্বাস ও নগদ ২০ হাজার টাকা দিলেন কুমিল্লা জেলা প্রশাসন


তনুর পরিবারকে খাস জমি প্রদানের আশ্বাস ও নগদ ২০ হাজার টাকা দিলেন কুমিল্লা জেলা প্রশাসন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৬

pc muradnagar, comilla2 24-03-16

ইমতিয়াজ আহমেদ জিতু ||

কুমিল্লায় নিহত কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর পরিবারকে তাৎক্ষনিকভাবে সমবেদনা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নগদ ২০ হাজার টাকা প্রদান করেছে কুমিল্লা জেলা প্রশাসন । সেই সাথে এক খন্ড খাস জমি প্রদানেরও আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার ২৪ মার্চ সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মির্জাপুর গ্রামে তনুর বাড়িতে জেলা প্রশাসকের আদেশে  তাৎক্ষনিকভাবে সমবেদনা জানাতে ছুটে যান মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন ও সহকারি কমিশনার (ভূমি) আজগর আলী। তারা তনুর বাবা-মাকে সান্তনা প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক ও মুরাদনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার করে বিশ হাজার টাকা তনুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সেই সাথে প্রশাসকের পক্ষ থেকে এক খন্ড খাস জমি দেয়ার আশ্বাস দেয়া হয়।

পরে উপজেলা প্রশাসন তনুর পিতাকে নিয়ে কবর জিয়ারত করেন।

উল্লেখ্য যে, সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ১০ টায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি কালভার্টের পাশ থেকে সোহাগীর (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সোহাগী কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইয়ার হোসেনের মেয়ে। ইয়ার হোসেন ময়নামতি সেনানিবাস এলাকায় অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। সেই সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। দুই ভাই এক বোনের মধ্যে সোহাগী মেঝো।

জানা গেছে, সোহাগী সোমবার বিকেলে অলিপুরে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়। সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনানিবাসের কালা পানির ট্যাংকি সংলগ্ন কালভার্টের পাশে ঝোপঝাড়ের ভেতর সোহাগীর মরদেহ নগ্ন অবস্থায় পড়েছিলো। নাক দিয়ে রক্ত ঝরছিলো। মোবাইল ফোনটিও পড়েছিল পাশে। পরদিন সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

তনু হত্যার পর থেকেই কুমিল্লা ও সামাজিক মিডিয়া ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে । ২২ মার্চ দুপুরে এ হত্যায় জড়িদের বিচারের দাবিতে নগরীর কান্দিরপাড়ে শিক্ষার্থীরা বিশাল মানববন্ধন করে। ২৩ মার্চ দুপুরে এক ঘন্টার জন্য কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড মহানড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ২৪ মার্চ সকালে কুমিল্লার নগরীর কান্দিরপাড়ে প্রায় দেড় ঘন্টা ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি